২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭৫ হাজারের বেশি ক্রিকেট স্মারকের স্বপ্নরাজ্য

মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির ব্যাট, সাকিবের জার্সি, বাংলাদেশ নারী দলের জার্সি, সব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের সব ক্রিকেটারের অটোগ্রাফসহ ব্যাট এবং আরও অসংখ্য চোখধাঁধানো ক্রিকেট স্মারক নিয়ে অসাধারণ এক ক্রিকেট জাদুঘর।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

পুনে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 09:03 AM

Updated : 17 Oct 2023, 11:16 AM

ফোনালাপে জাদুঘরের তত্ত্বাবধায়ক ফিল বললেন, “তোমরা আসতে পারো অবশ্যই, আমরা খুবই খুশি হব। তবে আজকে কিন্তু রোহানের দেখা পাবে না। সে পারিবারিক কাজে একটু ব্যস্ত।” শুনে মনটা একটু দমে গেল। আসল মানুষটির সঙ্গেই দেখা হবে না! সেই খেদ উড়ে গেল সেখানে যাওয়ার পর। পরিচয় দেওয়ার পরই ফিল বললেন, “তোমার ভাগ্য তো খুবই ভালো। রোহানের আসার কথা ছিল না, একটু আগেই এসেছে!”

রোহান মানে রোহান পাটে। ক্রিকেট স্মারক সংগ্রহের সম্রাট বলা যায় তাকে। বছরের পর বছর ধরে ক্রিকেট স্মারক সংগ্রহ করছেন। ২০১২ সালে চালু করেছেন এই জাদুঘর। রোহানের দাবি, ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় জাদুঘর তারই। সেই দাবির সঙ্গে দ্বিমত করার সুযোগ সামান্যই। ৭৫ হাজারের বেশি ক্রিকেট স্মারক আছে তার সংগ্রহে। অন্য কোথাও এর কাছাকাছিও নেই, বলা যায় নিশ্চিত করেই।

সেই রোহানের দেখাও মিলল দ্রুতই। সহাস্যে হাত বাড়িয়ে দিয়ে পরিচয়পর্ব সেরে নিলেন তিনিই। এরপর নিজেই ঘুরিয়ে দেখালেন তার রত্নভাণ্ডার। শোনালেন ও জানালেন পেছনের ভাবনা থেকে শুরু করে সব কিছু। তিনি যখন জাদুঘরে থাকেন, নিজের আনন্দভুবন নিয়ে দর্শনার্থীদের সঙ্গে এভাবেই কথা বলে যান ক্লান্তিহীনভাবে।

ব্লেডস অব গ্লোরি

পুনে শহরের পার্ভাতি পেয়থা এলাকার একটি অ্যাপার্টমেন্ট। আর দশটি আবাসিক ভবনের মতোই। তবে গেটেই ছোট একটি সাইনবোর্ড আছে, ‘ব্লেডস অব গ্লোরি- বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জাদুঘর।' এই ভবনটি আলাদা হয়ে উঠেছে এই জাদুঘরের কারণেই। ক্রিকেট স্মারকের সমৃদ্ধ সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে এই ভবনের চতুর্থ তলায়।

এই ‘ব্লেড’ মানে ক্রিকেট ব্যাট। ক্রিকেট বিশ্বের নানা প্রান্তে গৌরবগাঁথার জন্ম দেওয়া অসংখ্য ব্যাট নান্দনিক উপস্থাপনায় ফ্রেমবন্দি হয়ে আছে এখানে। প্রতিটিতেই জ্বলজ্বল করছে সেই কীর্তিমানদের অটোগ্রাফ, যাদের হাতের পরশেই কাঠের টুকরোগুলি মহামূল্য হয়ে উঠেছে। তবে শুধু ব্যাটই নয়, অটোগ্রাফসহ ক্রিকেট বল, জার্সি, প্যাড, ব্যাটিং গ্লাভস, কিপিং গ্লাভস, ক্যাপ- কী নেই এখানে!

ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি তীব্র আবেগ ও ভালোবাসা থেকে বছরের পর বছর ধরে স্মারকগুলো সংগ্রহ করেছেন রোহান। পেশায় তিনি আবাসন ব্যবসায়ী, নেশায় ক্রিকেট স্মারক সংগ্রাহক। সেই নেশার সৌজন্যেই এখন তিনি ভিরাট কোহলির বন্ধু। সাচিন টেন্ডুলকার থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটের অনেক বড় তারকা তাকে এক নামে চেনেন।

রোহান নিজেও ছিলেন ক্রিকেটার। মহারাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। ক্লাব ক্রিকেট খেলেছেন ইংল্যান্ডে। তবে জাতীয় দলে কখনও খেলতে পারেননি। সেই আক্ষেপ মেটাতেই ভিন্নভাবে ক্রিকেটের সঙ্গে আজীবন সম্পৃক্ত থাকার পণ করেন তিনি। একসময় মূলত ডায়রিতে অটোগ্রাফ শিকার করতেন তিনি। পরে ব্যাটে অটোগ্রাফ নেওয়া শুরু করেন।

২০১০ আইপিএলের সময় টেন্ডুলকারের কাছ থেকে অটোগ্রাফসহ ব্যাট জোগাড় করে ফেলতে পারেন তিনি। এরপরই তার মাথায় আসে, ‘যদি টেন্ডুলকারের ব্যাট জোগাড় করতে পারি, তাহলে তো বিশ্বের সব ক্রিকেটারের কাছ থেকেই নানা স্মারক পেতে পারি!’ যেমন ভাবা, তেমনই কাজ। স্বপ্নের পথ ধরে ছুটে আস্তে আস্তে তিনি গড়ে তোলেন এই জাদুঘর। নামটাও দারুণ- ‘ব্লেডস অব গ্লোরি।’

ভারতের অনেক ক্রিকেটার তো বটেই, বিভিন্ন দেশের অনেক তারকা ক্রিকেটার এই জাদুঘর দেখতে এসেছেন। আইপিএল খেলার সময় এখানে এসেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও। রোহান জানালেন, সব মিলিয়ে পাঁচশর বেশি ক্রিকেটার এসেছেন তার এই ডেরায়। গত ১১ বছরে দর্শনার্থী এসেছেন ২০ লাখের বেশি।

রোহানের নিজের অবশ্য দাবি, তার সংগ্রহের স্রেফ ১ শতাংশ স্মারক আছে এই জাদুঘরে। বাকি ৯৯ শতাংশ জমা করে রাখা আছে তার স্টোর রুমে। সেই স্টোর রুমে উঁকি দিয়ে তার দাবির সত্যতা পাওয়া গেল। স্রেফ জার্সিই তো মনে হলো শতশত!

চোখধাঁধানো এক রত্নভাণ্ডার

 

জাদুঘরে প্রবেশ করলেই শুরুতে চোখে পড়বে ক্রিকেট ব্যাটের ফ্রেমবন্দি বিবর্তন। একসময় অনেকটা হকিস্টিকের মতো আকার থেকে ক্রিকেট ব্যাট আজকের পর্যায়ে কীভাবে এলো, তা তুলে ধরা হয়েছে এখানে। এটি পেরিয়ে সামনে এগোলোই সংগ্রহশালার মূল কক্ষ।

কয়েক মিনিটের ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখানো হয় শুরুতেই। যেখানে তুলে ধরা হয়েছে জাদুঘরের জন্মের প্রেক্ষাপট। ২০১২ সালে এটি উদ্বোধন করেন ভারতের ক্রিকেট ইশ্বর টেন্ডুলকার। অস্ট্রেলিয়ান গতি তারকা ব্রেট লি ও আরও যারা নানা সময়ে পরিদর্শন করেছেন এই জাদুঘর। ভিডিওতে ঠাঁই পেয়েছে সেসব।

জাদুঘরে ঢুকেই বাঁ পাশে একটি কক্ষে রাখা আছে টেস্টে ১০ হাজার রান করা ব্যাটসম্যানদের ব্যাট। প্রতিটিতেই আছে অটোগ্রাফ ও শুভেচ্ছা বার্তা। এই কক্ষেই একই ফ্রেমে ধরে রাখা হয়েছে ক্রিকেটের অমর বুড়ো ডব্লিউ জি গ্রেস, নির্মল আনন্দের রাজপুত্র ভিক্টর ট্রাম্পার ও সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের ছবি ও অটোগ্রাফ। স্যার ডনের বিখ্যাত ইনিংসগুলোর কিছু ছবিসহ ব্যাট রাখা আছে পাশেই। এছাড়া এই কক্ষে আছে ওয়ানডের ১০ হাজার রান করা ব্যাটসম্যানদের অটোগ্রাফসহ ব্যাটও।

পুরো সংগ্রহশালার সবচেয়ে আকর্ষণীয় অংশটি মূল কক্ষেই। সেই প্রথম ওয়ানডে বিশ্বকাপ থেকে সবশেষ বিশ্বকাপ পর্যন্ত সবগুলো আসরের চ্যাম্পিয়ন দলের পুরো স্কোয়াডের অটোগ্রাফসহ ব্যাট! প্রায় অসম্ভব এই কাজকে সম্ভব করে তুলতে ক্রিকেট বিশ্বের নানা প্রান্তে ক্লান্তিহীনভাবে ছুটে বেড়িয়েছেন রোহান। বিচিত্র সব অভিজ্ঞতার স্বাক্ষী হয়েছেন তিনি ভ্রমণে।

অস্ট্রেলিয়াতে গিয়ে যেমন কঠিন সব চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তাকে। কিন্তু হাল ছাড়েননি। ঠিকই সবার অটোগ্রাফ নিয়েছেন ব্যাটে। ১৯৮৭ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অলরাউন্ডার সাইমন ও’ডনেলকে কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না। পরে জানতে পারেন যে, সিডনি থেকে ৩০০ কিলোমিটার দূরে একটি ফার্মহাউজে আছেন একসময়ে ওয়ানডের দ্রুততম ফিফটির রেকর্ডধারী এই অলরাউন্ডার। রোহান তখন ট্যাক্সি নিয়ে ও’ডনেলের কাছে গিয়ে অটোগ্রাফ নিয়ে সেদিনই ফিরে আসেন।

২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের তো বটেই, সব দলের পুরো স্কোয়াডের সবার অটোগ্রাফ নেন তিনি ব্যাটে। ১৯৭৫ থেকে গত বিশ্বকাপ পর্যন্ত ভারতের সবগুলি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের অটোগ্রাফসহ ব্যাটও আছে তার সংগ্রহে। একটি ব্যাটে অটোগ্রাফ নিয়েছেন তিনি প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের অধিনায়কের।

শুধু ওয়ানডে বিশ্বকাপ নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরের চ্যাম্পিয়ন দলের সব ক্রিকেটারের অটোগ্রাফসহ ব্যাটও শোভা পাচ্ছে এখানে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের ক্রিকেটারদের অটোগ্রাফসহ ব্যাটও আছে।

সংগ্রহশালার আরেকটি আকর্ষণীয় জায়গা ট্রিপল সেঞ্চুরিয়ানদের কীর্তির স্বাক্ষ্য। ট্রিপল সেঞ্চুরিয়ানদের অটোগ্রাফ ও শুভেচ্ছা বার্তাসহ ব্যাট সাজিয়ে রাখা হয়েছে সেখানে।

দক্ষিণ আফ্রিকান উইকেট কিপিং গ্রেট মার্ক বাউচারের গ্লাভস, শেন ওয়ার্নকে পেরিয়ে টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার ম্যাচে মুত্তাইয়া মুরালিধরনের জার্সি রাখা আছে পাশাপাশি।

ব্যাট-বলের লড়াইয়ে এই জাদুঘরে বিপুল ব্যবধানে বিজয়ী ব্যাট। তবে বলও কম নেই। মুরালিধরন, ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, জিমি অ্যান্ডারসনসহ কিংবদন্তি সব বোলারের স্বাক্ষর করা ক্রিকেট বল। শেন ওয়ার্নের অভিষেক টেস্টের জার্সিটি আছে এখানেই। যে ম্যাচে তিনি বেদম মার খেয়েছিলেন। পরে ঠিকই ঘুরে দাঁড়িয়ে স্পিনের জাদুতে মুগ্ধতা ছড়িয়েছেন ক্রিকেট বিশ্বজুড়ে। পাশেই ভারতীয় লেগ স্পিন গ্রেট অনিল কুম্বলের ১৯৯৬ বিশ্বকাপের জার্সি। সেই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।

বোলারদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্মারক অবশ্য কোনো বল নয়, দুই জোড়া বুট। একটি ব্রেট লির, আরেকটি শোয়েব আখতারের। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় পেসারদের দুজন।

ভাবছেন, এত এত স্মারেকর মধ্যে টেন্ডুলকারের বিশেষ কিছু নেই? আছে তো বটেই, তার জন্য বরাদ্দ আস্ত একটি কর্নার। তার নান্দনিক প্রতিকৃতি যেমন আছে সেখানে, তেমনি আছে তার শততম সেঞ্চুরির প্যাড ও গ্লাভস, তার জার্সি, চেস্ট ও এলবো গার্ড, তার নানা কীর্তির ছবি। এখানে ভিডিওতে দেখানো হচ্ছে তার দুর্দান্ত সব ইনিংস। টেন্ডুলকারের ক্যারিয়ার পরিসংখ্যান ফুটিয়ে তোলা হয়েছে একটি স্কোরবোর্ডে।

একশটি ছোট ছোট ব্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের প্রতিটি সেঞ্চুরির স্কোর, প্রতিপক্ষ আর ভেন্যু খোদাই করে ঝুলিয়ে দেওয়া হয়েছে একটি দেয়ালে। টেন্ডুলকারের শ্রেষ্ঠত্বের দেয়াল!

আলাদা আরেকটি কর্নার বরাদ্দ আছে টেন্ডুলকার-পরবর্তী সময়ের ভারতের সবচেয়ে বড় তারকা কোহলির জন্যও। তার দারুণ কিছু ছবি, শুভেচ্ছা বার্তাসহ অটোগ্রাফ, বিভিন্ন ম্যাচের জার্সি, ব্যাট-হেলমেট-গ্লাভস, আরও কত কী যে আছে!

এখানেও স্কোরবোর্ডে তুলে ধরা হয়েছে কোহলির পরিসংখ্যান, যা আপডেট করা হয় নিয়মিত। স্মারক সংগ্রহের পথ ধরে কোহলির সঙ্গে দারুণ বন্ধুত্বও হয়ে গেছে রোহানের। যোগাযোগ হয় নিয়মিতই। কোহলি এখন নিজে থেকেই অনেক স্মারক পাঠিয়ে দেন রোহানকে।

অবশ্য কোহলিই শুধু নন, স্মারক সংগ্রহে তিনি এখন এতটাই বিখ্যাত ও পরিচিত যে, বর্তমান-সাবেক অনেক ক্রিকেটারই নিজে থেকে নানা কিছু পাঠিয়ে দেন রোহানের জাদুঘরে।

ক্যারিবিয়ান কিং ভিভ রিচার্ডসের জার্সি ও ব্লেজার আছে একটি প্রান্তে। পাশেই ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বাংলাদেশ নারী দলের অটোগ্রাফসহ জার্সি। ভারতের নারী দলের বেশ কজনের জার্সিও আছে এখানে।

এছাড়াও অস্ট্রেলিয়ান ট্রিপল সেঞ্চুরিয়ানদের ব্যাট, অস্ট্রেলিয়ান গ্রেট নিল হার্ভের ১৯৪৮ সালের একটি ব্যাট, সাবেক নিউ জিল্যান্ড অলরাউন্ডার ল্যান্স কেয়ার্নসের মঙ্গুজ ব্যাট, প্রথম দিন-রাতের টেস্টের গোলাপি বল… তালিকা চলতেই থাকবে।

একটি কক্ষে উঁকি মারতেই চোখে পড়ল খুব পরিচিত একটি জার্সি। লাল-সবুজের সেই জার্সির পেছনে লেখা ‘সাকিব ৭৫’। রবীন্দ্র জাদেজা, কেন উইলিয়ামসনদের পাশের ফ্রেমে ধরে রাখা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের বিজ্ঞাপন, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে। ক্রিস গেইল, শুবমান গিলদের জার্সিও আছে এখানে। যথারীতি অটোগ্রাফসহ ব্যাট তো আছেই। এই কর্নারের আকর্ষণীয় অংশ গ্রেট ক্রিকেটারদের ব্যাগি ক্যাপ। জেফ টমসন, গ্রেগ চ্যাপেল, ইমরান খান, জেফ্রি বয়কটরা যে ক্যাপ মাথায় চাপিয়ে দাপিয়ে বেড়াতেন ক্রিকেট মাঠ, এখন তা শোভা পাচ্ছে রোহানের গর্বের ঠিকানায়।

বাংলাদেশ ক্রিকেটের এক টুকরো ইতিহাসও আছে এখানে। ভেতরের কোনো জায়গা থেকে একটি ব্যাট এনে দেখালেন রোহান নিজেই। গ্রিপ ছিড়ে গেছে সেটির। ভালো করে তাকাতেই দেখা গেল লেখা, ‘এমআর ২০০।’ যে ব্যাট দিয়ে বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি উপহার দিয়েছিলেন মুশফিকুর রহিম, সেটির আশ্রয়স্থল এখন রোহানের আনন্দভুবন।

কোভিডের সময় মানবতার ডাকে সাড়া দিয়ে ব্যাটটি নিলামে তুলেছিলেন মুশফিক, তা কিনে নিয়েছিলেন শাহিদ আফ্রিদি। রোহান তখন বিড করেও পেরে ওঠেননি। পরে সাবেক পাকিস্তানি অধিনায়কের কাছ থেকে তা আবার এসেছে রোহানের কাছেই। এই ব্যাটটি অবশ্য এখনও ফ্রেমে রাখা হয়নি।

এত এত স্মারকের মধ্যে রোহানের নিজের হৃদয়ের সবচেয়ে কাছে কোনটি? এক মুহূর্তও ভাবতে হলো না তাকে।

“সাচিন টেন্ডুলকারের বিশ্বকাপ ফাইনালের জার্সি। তার কাছে এটা নেই, আমার কাছে আছে। তিনি আমাকে আগেই কথা দিয়েছিলেন এবং কথা রেখেছেন। জাদুঘর উদ্বোধনের সময় জার্সিটি তিনি দিয়েছেন আমাকে। এটা আমার হৃদয়ের খুব কাছের।”

ভাবনা, আশা, স্বপ্ন

স্মারকগুলি ও জাদুঘর নিয়ে ভবিষ্যৎ চাওয়ার কথা বলতে গিয়ে চকচক করে উঠল রোহানের চোখ। সেখানে খেলে গেল স্বপ্নের ঝিলিক। তার এই ৫ হাজার স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আরও সম্প্রসারিত করবেন, তখন স্টোর থেকে আরও অনেক স্মারক উন্মৃক্ত হবে এখানে। পুনের বাইরে তিনটি রাজ্যের ক্রিকেট সংস্থার সঙ্গে তার চুক্তি হয়ে গেছে। আলোচনা চলছে আরও ৭টি সংস্থার সঙ্গে। বিদেশি দুটি ক্রিকেট বোর্ডের সঙ্গেও আলোচনা চলছে তার। রোহানের সহায়তায় তারা গড়ে তুলবেন জাদুঘর।

বাংলাদেশের ক্রিকেট অনুসারীদের জন্যও ছোট্ট সুখবর আছে। পূর্বাচলে যে নতুন ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে, সেখানে একটি জাদুঘর গড়ে তোলার জন্য রোহানের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি। একটি জাদুঘরের যে দাবি বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, ভবিষ্যতে হয়তো তা পূরণ হতে পারে।

“আই অ্যাম ম্যারিড টু ক্রিকেট। আমার স্ত্রীও এরকম বলে, ক্রিকেট ছাড়া আমার কিছু নেই। তবে আমি কিন্তু ব্যবসার ফাঁকেই এসব করি। সত্যি বলতে, আমি হয়তো স্রেফ ২ শতাংশ সময় দিচ্ছি ক্রিকেটে। আরেকটু বেশি সময় যদি দেই, আমাকে কেউ ছুঁতে পারবে না। রেকর্ড গড়া হয় ভাঙার জন্য, তবে আমার রেকর্ড কেউ ভাঙতে পারবে না।”

“যেটি বললাম, আগামী ৬-৮ মাসে ১০টি জাদুঘরের প্রক্রিয়া শুরু হবে। তখন আমি ৫০ শতাংশ সময় ক্রিকেটেই দেব। তখন থেকে আমার দুনিয়া আরও বদলে যাবে। আমি চাই টেস্ট খেলুড়ে দেশই শুধু নয়, প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশ, উঠতি দেশগুলোতেও জাদুঘর থাকবে। আমি যতটা পারি, সহায়তা করব। 

উঠতি অনেক ক্রিকেটার এই সংগ্রহশালা দেখতে এসে আরও স্বপ্নাতুর হয়ে ফেরে। রোহানকে কেউ কেউ বলে গেছে, একদিন তাদের জার্সিও শোভা পাবে এখানে।

এভাবেই রোহানের স্বপ্নের কারখানা চলছে। নিজের আক্ষেপের আঁধার পেরিয়ে স্বপ্নের মশাল জ্বালিয়ে দিচ্ছেন অনেকের মনে। ২২ গজের বাইরে থেকেই ক্রিকেটের আনন্দ বিলিয়ে যাচ্ছেন অকাতরে। ক্রিকেটপ্রেমী যে কেউ যখন এই সংগ্রহশালা দেখবেন, পুরোটা সময় ডুবে থাকবেন ক্রিকেটান্দের নহরে। ফেরার সময় ভালোলাগায় বুঁদ হয়ে থাকবে হৃদয়। মনের গহীনে ঝংকার উঠবে-এই স্বর্গোদ্যানে ফিরে আসতে হবে আবার। বারবার।