২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ব্যর্থ শান্ত, হাথুরুসিংহে বললেন ‘এটিই ক্রিকেটের সৌন্দর্য’

দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তর বিশ্বকাপে মুখ থুবড়ে পড়ার পেছনে টেকনিক্যাল কোনো সমস্যা দেখেন না বাংলাদেশের প্রধান কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 05:17 PM

Updated : 05 Nov 2023, 05:17 PM

চলতি বছর দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপে যেন রান করতেই ভুলে গেছেন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ফিফটির পর ছয় ম্যাচে আর একবারও দুই অঙ্কে যেতে পারেননি বাঁহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান। তার বারবার ব্যর্থ হওয়াকে দূর্ভাগ্যজনক মনে করছেন চান্দিকা হাথুরুসিংহে। 

বিশ্বকাপ শুরুর আগে চলতি বছরে বাংলাদেশ তো বটেই, পরিসংখ্যানের বিচারে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের কাতারে ছিলেন শান্ত। ১৪ ইনিংসে দুই সেঞ্চুরির সঙ্গে পাঁচটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৪৯.৮৫ গড়ে তিনি করেন ৬৯৮ রান। এই ছন্দ তিনি ধরে রাখেন বিশ্বকাপের প্রথম ম্যাচেও। আফগানিস্তানের বিপক্ষে খেলেন ৫৯ রানের অপরাজিত ইনিংস।

এরপর থেকে নিজেকে হারিয়ে খুঁজছেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। ছয় ম্যাচের অন্তত পাঁচটিতে তিনি আলগা শট খেলে আউট হয়েছেন। কখনও অফ স্টাম্পের বাইরের বল দূর থেকে খেলে ক্যাচ দিয়েছেন স্লিপে, কখনও লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে হয়েছেন কট বিহাইন্ড। 

একের পর এক ব্যর্থতার গল্প লিখে প্রায় পাঁচ বছরের ক্যারিয়ারে সবচেয়ে বাজে অবস্থার মধ্যে পড়ে গেছেন শান্ত। ২০১৮ সালে অভিষেকের পর প্রথম ১৫ ইনিংসের একবারের জন্যও ৪০ ছুঁতে পারেননি তিনি। তবে তখনও টানা ছয় ইনিংস দুই অঙ্ক ছোঁয়ার আগে ড্রেসিং রুমে ফেরেননি টপ-অর্ডার এই ব্যাটসম্যান। 

দুর্দান্ত ছন্দে থেকে শান্তর হঠাৎ এমন মুখ থুবড়ে পড়ার পেছনে ক্রিকেটীয় কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের প্রধান কোচ। দিল্লিতে রোববার অনুশীলন শুরুর আগে শান্তর ব্যর্থতার বিষয়ে বরং দার্শনিকতার আশ্রয় নিয়েছেন হাথুরুসিংহে।

“হ্যাঁ। ওর (শান্ত) সঙ্গে সার্বক্ষণিক কথা হচ্ছে। আমরা (সমস্যার) কিছুই পাইনি। টেকনিক্যাল কিছু নেই এখানে। শুধুই দুর্ভাগ্য। যে কোনো ব্যাটসম্যান প্রথম ৫-১০ বলের মধ্যে আউট হতে পারে। বিশেষ করে টপ-অর্ডার ব্যাটসম্যানরা কারণ তখন বলের মুভমেন্ট থাকে এবং আপনি সবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। আমার মনে হয় না, (শান্তর) টেকনিক নিয়ে কিছু করার আছে। দুর্ভাগ্যবশত এটিই ক্রিকেট, এটিই খেলার সৌন্দর্য।” 

বিশ্বকাপে ব্যর্থতার বিষয়ে শুধু শান্তর একার কথা বললে তার প্রতি কিছুটা অবিচারই করা হয়। কেননা মাহমুদউল্লাহ ছাড়া এবারের আসরে বাংলাদেশের ব্যাটসম্যানদের কেউই খুব একটা ধারাবাহিক নন। মাঝে মধ্যে ঝলক দেখাচ্ছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। টানা ব্যর্থতার চক্রে আটকে আছেন অধিনায়ক সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, তানজিদ হাসানরা।

রান না করতে পারা এক বিষয় আর বারবার একইভাবে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরা আরেক বিষয়। প্রায় প্রতি ম্যাচেই শর্ট বলের ফাঁদে পা দিচ্ছেন সাকিব। শান্ত, লিটনদেরও যেন নির্দিষ্ট ছকে ফেলে আউট করছেন প্রতিপক্ষের বোলার-ফিল্ডাররা। এটিকে দুর্ভাগ্যজনক বলছেন বাংলাদেশের প্রধান কোচ।

“তারা (ব্যাটসম্যানরা) একইভাবে আউট হয়েছে। এটিই তাদের ভুল হয়েছে। এমন না যে চেষ্টার কমতি বা অন্য কিছু। আউট হওয়ার ধরনগুলো একই। বিশেষ করে শান্তর ক্ষেত্রে... যদি খেলাটা খেলে থাকেন, আপনি জানেন যে কোনো ভালো ব্যাটসম্যান প্রথম ৫-১০ বলের মধ্যে আউট হয়ে যেতে পারে। শান্ত দুইবার প্রথম বলে আউট হয়েছে। তো এটি খুবই দূর্ভাগ্যজনক। লেগ সাইডের বা হাফ ভলিতে সে আউট হয়েছে, অন্য কোন দিন সে সহজেই বলগুলো বাউন্ডারিতে পাঠাত।”

“জিনিসগুলো নির্দিষ্টভাবে আমাদের পক্ষে আসেনি। আমি আগেও যেমনটা বলেছি, একজন বা দুজনকে উঠে দাঁড়াতে হবে এবং খেলার নিয়ন্ত্রণ নিয়ে পরের দুই ম্যাচে আমাদের ভাগ্য পরিবর্তন করতে হবে।”

চলতি আসর দিয়ে বিশ্বকাপে অভিষেক হয়েছে বাংলাদেশের সাত ক্রিকেটারের। এদের মধ্যে হৃদয়, শরিফুল, তানজিদদের আছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা। কিন্তু বড়দের বিশ্বকাপে এখন পর্যন্ত সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি হৃদয়-তানজিদসহ প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা কেউই।

বড় মঞ্চে ভালো করার প্রত্যাশার চাপ থেকে এমন হয়েছে কি না, তা জানা নেই হাথুরুসিংহের।

“এখানে হ্যাঁ বা না বললে, সেটা শুধুই অনুমান করা হবে। সত্যি বললে, আমি জানি না। এক্ষেত্রে একটা জিনিসই মনে হতে পারে, সবার উচ্চাশা। কারণ ক্রিকেটাররা, আমরা সবাই বড় মঞ্চে পারফর্ম করতে চাই। এটি এক রকমের প্রত্যাশা। এটি চাপ হতে পারে। একটু বেশি চেষ্টার করার বিষয় থাকতে পারে।”

“এসব থেকে আমরা শিক্ষা নেই। এই একটা বিষয়ই আমি বলতে চাই, আমাদের বসে দেখতে হবে কী কী ভুল হয়েছে। এমন নয় যে এক-দুজন ক্রিকেটারের ওপর প্রভাব পড়েছে। আমাদের অনেক ক্রিকেটার প্রভাবিত হয়েছে। তো সত্যি বললে এই মুহূর্তে আমি জানি না (কিসের প্রভাব পড়েছে পারফরম্যান্সে)।”