২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিদের জন্য সবার সমর্থন চাইলেন শান্ত

নিউ জিল্যান্ডের বিপক্ষে তানজিদ হাসানের কাছ থেকে ভালো কিছুর আশায় নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 09:41 PM

Updated : 12 Oct 2023, 09:41 PM

বিশ্বকাপ শুরুর আগে দুই প্রস্তুতি ম্যাচে স্ট্রোকসমৃদ্ধ ব্যাটিংয়ে প্রত্যাশা জাগান তানজিদ হাসান। কিন্তু মূল আসরে প্রথম দুই ম্যাচে সেই দ্যুতির দেখা মেলেনি তার ব্যাটে। দুবারই তিনি ফেরেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। তরুণ এই বাঁহাতি ওপেনারের এমন শুরু কাটিয়ে উঠতে বিশ্বাসের বার্তা দিলেন নাজমুল হোসেন শান্ত।

ধারামশালায় আফগানিস্তানের বিপক্ষে ছোট লক্ষ্য তাড়ার ম্যাচে লিটন দাসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তানজিদ। এক চারে সেদিন ১৩ বলে করেন ৫ রান। পরের ম্যাচে ইংল্যান্ডের বাঁহাতি পেসার রিস টপলির বলে জায়গায় দাঁড়িয়ে খোঁচা মেরে তিনি আউট হন স্রেফ ১ রানে।

এর আগে এশিয়া কাপ কিংবা ঘরের মাঠে নিউ জিল্যান্ড সিরিজেও বড় কোনো ইনিংস খেলতে পারেননি ২২ বছর বয়সী ওপেনার। এখন পর্যন্ত ৬ ইনিংসে তার সংগ্রহ মোটে ৪০ রান। সর্বোচ্চ স্রেফ ১৬ রান।

অপরীক্ষিত তানজিদকে দলে নিয়ে অবস্থায় বিশ্বকাপের মতো বড় মঞ্চে একরকম বাজি ধরেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু শুরুতে মেলেনি সাফল্য। শুক্রবার নিউ জিল্যান্ডের বিপক্ষে হয়তো আরেকটি সুযোগ পেতে পারেন তানজিদ।

ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সবার কাছে তরুণ বাঁহাতি ওপেনারের জন্য সমর্থন চাইলেন সহ-অধিনায়ক শান্ত।

“এখন পর্যন্ত (তানজিদ) খেলেছেই ৫-৬ ম্যাচ। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কারও একটু সময় লাগে, কারও কম লাগে। তবে সবার ওই বিশ্বাসটা তার উপর রাখা উচিৎ। যেন সবাই আমরা ওকে সমর্থন দেই। এখানে যে কয়টা ক্রিকেটার এসেছে, সবাই সামর্থ্যবান ভালো করার জন্য। আশা করছি, সামনের ম্যাচে ভালো কিছুই করবে।”

চেন্নাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।