বিস্ফোরক শতকে বিশ্বকাপ অভিষেক রাঙিয়ে নায়ক হেড
বিশ্বকাপে ওপেনার হিসেবে দ্রুততম শতকের রেকর্ড গড়ে ম্যাচের সেরা এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
মুখোমুখি তৃতীয় বলে বাউন্ডারিতে শুরু, এরপর নিউ জিল্যান্ডের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালালেন ট্রাভিস হেড। চোট কাটিয়ে ফিরে, বিশ্বকাপ অভিষেকে উপহার দিলেন বিধ্বংসী শতক। রান বন্যার ম্যাচে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়ে ম্যাচের সেরা তিনিই।
ধারামশালায় শনিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে স্রেফ ৬৭ বলে ১০৯ রানের খুনে ইনিংস খেলেন হেড। যেখানে ১০টি চারের পাশে ছক্কা ৭টি।
৩৮৮ রানের পুঁজি গড়ে ৫ রানের রুদ্ধশ্বাস জয় পায় অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সফরে আঙুলে চোট পেয়েছিলেন হেড। ফলে বিশ্বকাপের শুরু থেকে খেলতে পারেননি তিনি।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ফিরে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১৭৫ রানের উদ্বোধনী জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন হেড। ৫৯ বলে শতকের পথে দুবার অবশ্য জীবনও পান তিনি।
তার ৫৯ বলে শতক বিশ্বকাপে কোনো ওপেনারের দ্রুততম। চলতি আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের রোহিত শার্মার ৬৩ বলে শতক ছিল আগের রেকর্ড।
বিশ্বকাপ অভিষেকে হেডের চেয়ে কম বলে শতক করতে পারেননি আর কেউ। তিনি ভেঙে দিয়েছেন ডেভিড মিলারের রেকর্ড। ২০১৫ আসরে জিম্বাবুয়ের বিপক্ষে ৮১ বল তিন অঙ্ক ছুঁয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষেও দ্রুততম শতক এটি। ২০১৯ আসরে ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েটের ৮০ বলে শতক ছিল আগের রেকর্ড।
এই ম্যাচে শতক করেন আরও একজন। ৮৯ বলে ১১৬ রানের দারুণ ইনিংস খেলেন নিউ জিল্যান্ডের রাচিন রবীন্দ্র। তাকে ছাপিয়ে নায়ক হেড।
ওয়ানডেতে হেডের চতুর্থ শতক এটি। এর তিনটিতেই জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
