Published : 26 Oct 2023, 07:00 PM
তিন দিনের জন্য দেশে এলেও এক দিন বাকি আগেই ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান।নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগের দিন দলের সঙ্গেই অনুশীলনের করবেন বাংলাদেশ অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হারের পর বুধবার মুম্বাই থেকে কলকাতা গেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে না গিয়ে সেদিন দেশে আসেন সাকিব। প্রাথমিকভাবে মিরপুরে তিন দিন অনুশীলনের পরিকল্পনা ছিল তার।
সেই পরিকল্পনা থেকে সরে বৃহস্পতিবার সন্ধ্যার ফ্লাইটে কলকাতা যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে বুধ ও বৃহস্পতিবার নিজের শৈশবের কোচ ও বিকেএসপির এখনকার ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীনের সঙ্গে নিবিড়ভাবে অনুশীলন করেন সাকিব।
প্রথম দিনের অনুশীলনের পর নাজমুল আবেদীন জানান, আরও দুই দিন অনুশীলনের ইচ্ছা রয়েছে সাকিবের। নাজমুল আবেদীন আরও জানান, সাকিব যে কয় দিন অনুশীলন করবেন, তিনিও থাকবেন সঙ্গে।
এক দিন আগেই সাকিবের চলে যাওয়ার ব্যাপারে কিছু বলতে চাননি নাজমুল। দুই দিন কী কী কাজ করেছেন সাকিব, স্বাভাবিকভাবে সেটিও বলেননি তিনি। বিডিনিউজের সঙ্গে আলাপে তিনি জানান, প্রথম দিন তিন ঘণ্টার পর বৃহস্পতিবার আড়াই ঘণ্টার নিবিড় অনুশীলন করেছেন সাকিব।
বুধবার দুপুরের পর করলেও বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ মিরপুরের ইনডোরে চলে যান সাকিব। পরে বেলা ১২টার কাছাকাছি সময়ে অনুশীলন শেষ করে ইনডোর থেকে বেরিয়ে যান তিনি।
চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের মতোই নাজুক অবস্থা সাকিবের। ঊরুর পেশির চোটে একটি ম্যাচ খেলতে পারেননি তিনি। বাকি চার ম্যাচে স্রেফ ১৪ গড়ে করেন ৫৬ রান। নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪০ রান তার সর্বোচ্চ।
বল হাতেও ঠিক চেনা ছন্দে দেখা যাচ্ছে না বাংলাদেশ অধিনায়ককে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ উইকেটের পর বাকি তিন ম্যাচের একটিতেও একাধিক উইকেট নিতে পারেননি তিনি। ওভারপ্রতি ৫.৫৪ রান খরচায় তার শিকার ৬ উইকেট।
আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরুর পর টানা চার ম্যাচ হেরেছে বাংলাদেশ। একটি করে জয় পাওয়া চার দলের মধ্যে নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেছে তারা।
জয়ের খোঁজে আগামী শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সাকিবের দল।