পর্যবেক্ষণে সাকিব, ফিটনেস উন্নতির হবে ‘ডে টু ডে’ মূল্যায়ন
বাংলাদেশ অধিনায়কের ঊরুর পেশির চোটের স্ক্যান রিপোর্টের বিস্তারিত জানায়নি বিসিবি।
ঊরুর পেশির চোটে স্ক্যান করানোর পর আপাতত পর্যবেক্ষণে থাকছেন সাকিব আল হাসান। এমআরআই স্ক্যানের ফল জানায়নি বিসিবি। অধিনায়কের ফিটনেস প্রতি দিন মূল্যায়ন করার কথা বলেছেন ফিজিও বায়েজিদুল ইসলাম।
বিসিবি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের চোটের ব্যাপারে এই তথ্য জানিয়েছে।
চেন্নাইয়ে শুক্রবার নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় পেশিতে টান লাগায় ভুগতে দেখা যায় সাকিবকে। বেশ কিছুক্ষণ শুশ্রূষা নিয়ে পরে আবার ব্যাটিং শুরু করেন তিনি। তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। সব মিলিয়ে ৩ চার ও ২ ছক্কায় ৫১ বলে করেন ৪০ রান।
পরে ফিল্ডিংয়ে শুরু থেকে মাঠে ছিলেন বাংলাদেশ অধিনায়ক। ওপেনার ডেভন কনওয়ের উইকেটেসহ ১০ ওভারে তার খরচ ৫৪ রান। নিজের কোটা শেষ করেই তিনি বেরিয়ে যান। শেষের ওই সময়টুকু মাঠ পরিচালনা করেন নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষ হওয়া মাত্রই সাকিবকে নিয়ে যাওয়া হয় স্ক্যানের জন্য। সেই স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের চোটের ব্যাপারে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত জানান ফিজিও বায়েজিদ।
"ব্যাটিংয়ের সময় বাম ঊরুর পেশিতে অস্বস্তি অনুভব করেন তিনি (সাকিব)। পরে তিনি ফিল্ডিং করেছেন, নিজের কোটার দশ ওভার বোলিং করেছেন। ম্যাচ শেষে তার এমআরআই স্ক্যান করানো হয়েছে। সামনের ম্যাচগুলোর জন্য আমরা তার ফিটনেস পর্যবেক্ষণ করব। আমরা দিন থেকে দিনে তার উন্নতি মূল্যায়ন করে যথাযথ পদক্ষেপ নেব।"
ঊরুর পেশির চোটে সাধারণত সামলানোটাই মূল ব্যাপার। আগামী কয়েক দিন সেটিরই চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট। দলীয় সূত্রে জানা গেছে, ব্যথা অনেকটাই কমেছে বাংলাদেশ অধিনায়কের। টিম হোটেলে স্বাভাবিকভাবেই হাঁটা-চলা করেছেন তিনি।
আপাতত সামনের দিনগুলোতে তাকে পর্যবেক্ষণে রেখে এই চোট সামলানোর চেষ্টা করা হবে।
বাংলাদেশের পরের ম্যাচ বৃহস্পতিবার, পুনেতে স্বাগতিক ভারতের বিপক্ষে। পরপর দুই ম্যাচ হারের ধকল সামলাতে শনি থেকে সোমবার পর্যন্ত তিন দিন ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে ছুটি পেয়েছে পুরো দল।
