ঘুরে দাঁড়ানো বোলিংয়ে নেদারল্যান্ডসকে অল্পেই থামাল বাংলাদেশ
চার ম্যাচ পর জয়ের দেখা পেতে বাংলাদেশের সামনে লক্ষ্য ২৩০ রানের।
আফগানিস্তানকে হারানোর পর সবশেষ চার ম্যাচে চেনা ছন্দে দেখা যায়নি বাংলাদেশের বোলারদের। অবশেষে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘুরে দাঁড়ালেন তারা। উইকেট-কন্ডিশন অনুযায়ী বোলিং করে লক্ষ্যটা রাখলেন নাগালে।
টানা চার হারের পর জয়ের দেখা পেতে তুলনামূলক সহজ লক্ষ্যই পেয়েছে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার ইনিংসের শেষ বলে অল আউট হওয়া নেদারল্যান্ডস করেছে ২২৯ রান।
বাংলাদেশের হেরে যাওয়া চার ম্যাচের দুটিতে সাড়ে তিনশ ছোঁয়া সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অন্য দুই ম্যাচে আগে ব্যাট করে পরে বোলিংয়ে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি সাকিব আল হাসানের দল।
বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচে ছন্নছাড়া বোলিংয়ে শেষ ১০ ওভারেই গুনতে হয় ১৪৪ রান। ৩৮২ রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা। সেখান থেকে এক রকম ঘুরে দাঁড়ানোর গল্পই লিখল সাকিব-তাসকিনরা।
তুলনামূলক মন্থর উইকেটে বোলিং বৈচিত্রের দারুণ ব্যবহার করেছেন সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিনরা। ফিল্ডিংয়ে কয়েকটি ক্যাচ না ছুটলে আরও আগেই হয়তো গুটিয়ে যেত নেদারল্যান্ডস।
আঁটসাঁট বোলিংয়ে ২টি করে উইকেট নেন তাসকিন, মুস্তাফিজ, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম। ১০ ওভারে এক মেডেনসহ স্রেফ ৩৭ রানে ১টি শিকার ধরেন অধিনায়ক সাকিব।
টস হেরে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম আঘাত হানেন তাসকিন। পরের ওভারে আরেক ওপেনারকে ফেরান শরিফুল ইসলাম।
শুরুর এই ধাক্কা অবশ্য কাটিয়ে ওঠে নেদারল্যান্ডস। তৃতীয় উইকেটে ৫৯ রান যোগ করেন ওয়েসলি বারেসি ও কলিন আকারম্যান। চতুর্দশ ওভারে মুস্তাফিজের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৪১ রান করা বারেসি। পরের ওভারে সাকিবের বলে আকারম্যানের ক্যাচ নেন মুস্তাফিজ।
বিশ্বকাপে সাকিবের মোট উইকেট হলো ৪১টি। বৈশ্বিক এই টুর্নামেন্টে স্পিনারদের মধ্যে তিনি ছাড়িয়ে গেলেন ইমরান তাহিরকে (৪০)। এই তালিকায় সাকিবের সামনে এখন কেবল মুত্তিয়া মুরালিধারান; ৩৯ ইনিংসে লঙ্কান কিংবদন্তির উইকেট ৬৮টি।
নিজের পরের ওভারে ডাচদের আরও চেপে ধরার সুযোগ তৈরি করেন মুস্তাফিজ। কিন্তু তার করা ষোড়শ ওভারে তিন বলের মধ্যে দুইবার স্কট এডওয়ার্ডসকে জীবন দেন স্লিপে দাঁড়ানো লিটন কুমার দাস ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম।
রানের খাতা খোলার আগেই দুবার বেঁচে যাওয়া এডওয়ার্ডস পরে চলতি আসরে নিজের দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৮৯ বলে করেন ৬৮ রান। ষষ্ঠ উইকেটে তিনি ৭৮ রানের জুটি গড়েন সাইব্রান্ড এঙ্গেলব্রেশট সঙ্গে।
মুস্তাফিজের বলে জীবন পান এঙ্গেলব্রেশটও। তবে ২৯ রানে বেঁচে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। শেখ মেহেদির বলে রিভার্স সুইপ খেলার চেষ্টায় ৩৫ রানে এলবডিব্লিউ হন এঙ্গেলব্রেশট।
শেষ ওভারে শেখ মেহেদিকে ২ চার ও ১ ছক্কায় ওড়ান লোগান ফন বিক। যার সৌজন্যে কিছুটা বাড়ে নেদারল্যান্ডসের সংগ্রহ।
