‘৩২০-৩৩০ রান হলে তাড়া করার সুযোগ থাকত’
শেষ দিকে ভালো বোলিং করলেও ইংল্যান্ডের পুঁজি যে নাগালের বাইরে ছিল, তা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
জিততে হলে তাড়া করতে হবে বিশাল লক্ষ্য, গড়তে হবে নতুন ইতিহাস। কিন্তু ৬ ওভারে ড্রেসিং রুমে ফিরলেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আউট আরও একজন। শেষ পর্যন্ত মিলল বড় পরাজয়। তবে সাকিব আল হাসানের মতে, লক্ষ্যটা ৩০-৪০ রান কম হলে জয়ের সুযোগ থাকত তার দলের।
ধারামশালায় দিন তিনেক আগে আফগানিস্তানকে উড়িয়ে উড়ন্ত সূচনা করা দল, মঙ্গলবার ঠিক পাত্তাই পায়নি ইংল্যান্ডের কাছে। বল হাতে ৩৬৪ রান দেওয়ার পর ব্যাটিংয়ে স্রেফ ২২৭ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। বড় পরাজয়ের ম্যাচে তিন বিভাগেই ফুটে উঠেছে দলের ঘাটতির জায়গা।
ম্যাচের শুরু থেকেই একটু একটু করে পেছাতে থাকে বাংলাদেশ। দাভিদ মালানের সেঞ্চুরি, জনি বেয়ারস্টো ও জো রুটের ফিফটিতে ৪০ ওভারেই ইংল্যান্ড করে ফেলে ২৯৮ রান। ৭ উইকেট হাতে রেখে তাদের সামনে তখন চারশ রানের হাতছানি।
শেষ দিকে ভালো বোলিং করে বাংলাদেশ। দশ ওভারে স্রেফ ৬৬ রান করতে পারে ইংল্যান্ড। বাংলাদেশের সামনে লক্ষ্যটা থাকে সাড়ে তিনশর আশপাশে। তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণে সাকিব জানালেন, এটিও তার দলের জন্য ছিল ঢের বেশি।
“আমরা শেষ দশ ওভারে ভালো করেছি। তবে ৩৫০ রান তাড়া করা সবসময়ই কঠিন। আমরা ভালো পরিকল্পনা করেছি কিন্তু সেটির বাস্তবায়ন করতে পারিনি। বল সুন্দরভাবে সুইং করছিল। সঠিক জায়গায় রেখে মোমেন্টাম তৈরি করা দরকার ছিল। তারা একবার মোমেন্টাম পেয়ে যাওয়ার পর তাদের আটকে রাখা কঠিন ছিল।”
“আমার মতে, তারা ৩৮০-৩৯০ রান করার মতো অবস্থায় ছিল। তবে আমরা তাদের ভালোভাবে আটকে রাখি। আমার মনে হয়, এখানে ৩২০-৩৩০ রানের মধ্যে রাখলে তাড়া করার সুযোগ থাকে। যেটা আমরা করতে পারিনি (আটকাতে পারিনি)।”
ম্যাচে টস জিতে আগে বোলিং নিয়েছিল বাংলাদেশ। টসের সময় সাকিব জানান, শুরুর দিকের পেসাররা সুবিধা পেতে পারেন ভেবে তার দলের এমন সিদ্ধান্ত। ম্যাচ শেষেও এর ব্যাখ্যা দিলেন তিনি।
“টস জয়টা আমাদের জন্য ভালো ছিল। আবহাওয়া তুলনামূলক ঠাণ্ডা ছিল তখন। রাতে বৃষ্টিও হয়েছে। ফাস্ট বোলারদের জন্য কিছু সাহায্য ছিল। কিন্তু আমরা শুরুটা ভালো করিনি, বিশেষ করে প্রথম দশ ওভার। তাদেরকে সামান্য সুযোগ দিলেও তারা আপনার দিকে ধেয়ে আসবে।”
আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু এই ম্যাচে লাগল বড় ধাক্কা। তবে এখানেই থেমে না থেকে বরং ইতিবাচক মনোভাবে সামনে এগোনোর তাগিদ বাংলাদেশ অধিনায়কের।
“এটি লম্বা টুর্নামেন্ট। আমাদের সামনে এগোতে হবে। সামনে আমাদের কিছু কঠিন ম্যাচ রয়েছে। আমরা এক জায়গায় থমকে যেতে পারি না। আমাদের সামনে এগোতে হবে এবং যা কিছু ইতিবাচক করছি সেগুলো নিয়ে ভাবতে হবে।”
