২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নেপালে উইকেট পেলেন সাকিব ও মেহেদি

নেপালের টি-টোয়েন্টি লিগে মেহেদি একটু খরুচে হলেও, সাকিব ছিলেন আঁটসাঁট।

নেপালে উইকেট পেলেন সাকিব ও মেহেদি

সাকিব আল হাসান। ছবি: পোখারা অ্যাভেঞ্জার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 09:45 PM

Updated : 28 Oct 2026, 09:45 PM

নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) নিজেদের প্রথম ম্যাচে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান ও শেখ মেহেদি হাসান। পোখারা অ্যাভেঞ্জার্সের দুই স্পিনিং অলরাউন্ডারই ধরেছেন একটি করে শিকার।

সুদুর পাশ্চিম রয়্যালসের বিপক্ষে বুধবার ৪ ওভারে ২৪ রান দেন সাকিব। তার সতীর্থ মেহেদি চার ওভার হাত ঘুরিয়ে খরচ করেন ৩১ রান।

নতুন বলেই আক্রমণে আনা হয় মেহেদিকে। দ্বিতীয় ওভার করতে এসে স্রেফ এক রান দেন এই অফ স্পিনার। ওভারের শেষ বলে অবশ্য বাই থেকে আসে একটি বাউন্ডারি।

চতুর্থ ওভারে মেহেদির ওপর চড়াও হন ব্র্যান্ডন ম্যাকমুলেন। দুটি চার হাঁকান স্কটল্যান্ডের এই ক্রিকেটার। ওভারটি থেকে আসে ১২ রান।

পরের ওভার করতে আসা সাকিবকে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে স্বাগত জানান ম্যাকমুলেন। প্রতিশোধ নিতে অবশ্য দেরি করেননি সাকিব। ওভারের চতুর্থ বলে ম্যাকমুলেনকে এলবিডব্লিউ করে দেন বাঁহাতি স্পিনার।

সাকিবের পরের ওভারেও উইকেট নেয় পোখারা। তৃতীয় বলে রান আউটে কাটা পড়েন সাইফ জাইব। প্রথম ওভারে ৮ রান খরচ করা সাকিব এবার দেন ৫ রান।

দ্বাদশ ওভারে ফের বল হাতে পান মেহেদি। একটি চারসহ ওভারে ৯ রান দেন তিনি। নিজের তৃতীয় ওভার করতে এসে সাকিব দেন ৬ রান। তার চতুর্থ ওভার থেকে ৫ রান তুলতে পারে সুদুর পাশ্চিম।

নিজের শেষ ওভারটি করতে এসে ভালো শুরু করেন মেহেদি। তৃতীয় বলে ইশান পান্ডিয়াকে এলবিডব্লিউ করে দেন তিনি। কিন্তু পঞ্চম বলে ছক্কা হজম করে বসেন।

ব্যাট হাতে ৩২ রান করেন মেহেদি। সাকিব করেন ১৪। আগে ব্যাটিং করে পোখারা তোলে ১৪৫ রান। ১৯ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় সুদুর পাশ্চিম।