মিতব্যয়ী বোলিংয়ে সাকিবের ৩ উইকেট
নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) জানাকপুর বোল্টসের বিপক্ষে একটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
নিজের প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দিলেন সাকিব আল হাসান। মিতব্যয়ী বোলিংয়ে পরে নিলেন আরও দুই উইকেট। বল হাতে তার চমৎকার দিনে একটি করে শিকার ধরলেন শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) রোববার জানাকপুর বোল্টসের বিপক্ষে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে চার ওভারে স্রেফ ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। নিজের প্রথম তিন ওভারে কেবল ৪ রান দিয়ে উইকেট তিনটি নেন তিনি।
চার ওভারে এক মেডেনসহ ২৪ রান খরচ করেন মেহেদি। আর সাইফউদ্দিন এক ওভার করে দেন ১৭ রান।
সাকিব-মেহেদিদের বিপক্ষে খেলতে নেমে ব্যাট হাতে একদমই ভালো করতে পারেননি সাইফ হাসান। ৯ বল খেলে এক রান করেন তিনি।
আগের ম্যাচে এক উইকেট নেওয়া মেহেদি বল হাতে পান পাওয়ার প্লের শেষ ওভারে। অসাধারণ বোলিংয়ে ওভারটিতে একটি রানও দেননি এই অফ স্পিনিং অলরাউন্ডার।
পরের ওভারে আক্রমণে আনা হয় সাকিবকে। তৃতীয় বলে মইন আলিকে বোল্ড করে দলকে উল্লাসে মাতান তিনি। ওভারে দেন কেবল দুই রান।
নবম ওভারে ফের বোলিংয়ে এসে এবার দ্বিতীয় বলে সাইফ হাসানের স্টাম্প ভেঙে দেন সাকিব। ওভারটি থেকে আসে এক রান।
পরের ওভারে একটি চার হজম করেন মেহেদি। নিজের তৃতীয় ওভারে এক রান দিয়ে হারমিত সিংকে ফেরান সাকিব।
পঞ্চদশ ওভার করতে এসে প্রথম চার বলে দুটি ছক্কা হজম করেন সাইফউদ্দিন। পঞ্চম ডেলিভারিতে আনিল সাহকে বোল্ড করে দেন এই পেস বোলিং অলরাউন্ডার।
প্রথম দুই ওভারে ৪ রান দেওয়া মেহেদি নিজের শেষ দুই ওভারে দেন ২০ রান। তৃতীয় ওভারের শুরুটাও অবশ্য ভালো করেন তিনি। কিন্তু শেষ বলে হজম করে বসেন ছক্কা।
১৮তম ওভারের প্রথম বলে ফিফটি করা ত্রিত রাজ দাসকে ফেরান মেহেদি। দুটি ছক্কা ও সাতটি চারে ৬১ রান করেন রাজ দাস। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে মেহেদিকে ছক্কা ও চার মারেন আভিশেক তিওয়ারি। ওভারটিতে ১২ রান দেন মেহেদি।
নিজের শেষ ওভারে ১১ রান দেন সাকিব। প্রথম পাঁচ বলে ৫ রান দেওয়ার পর শেষ বলে ছক্কা হজম করেন তিনি।
সাকিব-মেহেদির দারুণ বোলিংয়ে জানাকপুরকে ১৪৭ রানে আটকে রাখতে পারে পোখারা।
