২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতা মেনে নিয়ে তাসকিন বললেন, ‘আমরা পারিনি, অজুহাত দিতে চাই না’

বিশ্বকাপের দুই ম্যাচে পেসারদের ব্যর্থতার কারণে গত দুই বছরে তাদের সাফল্য যেন ভুলে যাওয়া না হয়, বললেন এই ফাস্ট বোলার।

ব্যর্থতা মেনে নিয়ে তাসকিন বললেন, ‘আমরা পারিনি, অজুহাত দিতে চাই না’

ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের পর নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে সামনে ভালো করার আশাবাদ শোনালেন তাসকিন আহমেদ।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

ধারামশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 09:31 PM

Updated : 10 Oct 2023, 09:42 PM

একই প্রশ্ন ঘুরিয়ে-ফিরিয়ে ছুটতে থাকল বারবার। এক পর্যায়ে তাসকিন আহমেদ যেন একটু হাঁপিয়েই গেলেন। তার কণ্ঠে ও মুখায়বে ফুটে উঠল সেটির রেশ। বেশ বিরক্তি নিয়েই বললেন, “… ওটাই তো বললাম, অজুহাত দিয়ে লাভ নেই। আমরা ভালো বোলিং করতে পারিনি।”

তাসকিনের বিরক্তিটা অস্বাভাবিক নয়। এই ধরনের প্রশ্ন টানা শোনার অভ্যাস নেই তার অনেক দিন ধরেই! গত দুই-তিন বছর ধরেই দারুণ সময় কাটছে বাংলাদেশের পেস বোলিং আক্রমণের। সেই পেসারদের নেতা তাসকিন। পারফরম্যান্সেও তিনি দারুণভাবে উজ্জ্বল। বিশ্বকাপেও তাদেরকে ঘিরে প্রত্যাশা আকাশচুম্বি। কিন্তু বিশ্বমঞ্চে দুই ম্যাচে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি পেসাররা।

অজুহাত দেওয়ার প্রশ্নটি আসছে মূলত আউটফিল্ডের কারণে। ধারামশালার বাজে আউটফিল্ডে পেসারদের রান আপ নিতে সমস্যা হয়েছে কিছুটা। বিশেষ করে তাসকিনের ভোগান্তি চোখে পড়েছে স্পষ্ট করেই। রান আপে সমস্যা হওয়ার কথা তিনি বললেনও বটে। তবে বোলিং ব্যর্থতার অজুহাত হিসেবে সেটিকে দাঁড় করাতে চান না তিনি।

প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুরুতে দলকে উইকেট এনে দিতে পারেননি তিন পেসার তাসকিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। পাওয়ার প্লের ভেতর সাকিব আল হাসান এসে দলকে এনে দেন ব্রেক থ্রু। বাংলাদেশ অধিনায়ক ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরে দল। পরের স্পেলগুলোয় অবশ্য পেসাররা কিছুটা ঘুরে দাঁড়ান।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও পেস আক্রমণে ছিলেন এই তিন জন। এ দিনও পাওয়ার প্লেতে কোনো উইকেট দলকে এনে দিতে পারেননি তারা। ব্যাটিং সহায়ক উইকেটে বিশ্ব চ্যাম্পিয়নদের শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে পরে সুবিধা করতে পারেননি স্পিনাররাও। ইংলিশ ব্যাটসম্যানরা তাই মেতে ওঠে রান উৎসবে।

Image

তাসকিন আহমেদ।

পেসাররা উইকেট এনে দিতে পারেননি, এর চেয়েও উল্লেখযোগ্য ব্যাপার যে তাদের বোলিং ছিল একদমই ধারহীন ও দিশাহীন। বিশেষ করে, ব্যাটসম্যানরা আগ্রাসী হওয়ার পর বিকল্প কোনো পরিকল্পনা তাদের বোলিংয়ে দেখা যায়নি। আফগানদের বিপক্ষে ম্যাচে পরের দিকে স্টাম্পের বাইরে বল করে সফল হলেও এই ম্যাচে সেই পরিকল্পনা কাজে লাগেনি। অন্য কোনো ছকে তখন বদলাতে দেখা যায়নি পেসারদের।

আউটফিল্ডে যেহেতু তাসকিনের সমস্যাটাই সবচেয়ে বেশি, তার কাছে এই প্রসঙ্গই উঠল সবার আগে। তিনি রান আপের জায়গাটার অবস্থা যেমন জানালেন, তেমনি নিজে থেকেই বললেন যে অজুহাত দিতে চান না।

“আউটফিল্ড একটু সফট ছিল। দৌড়াতে কষ্ট হয়। আসলে এটা অজুহাত দিয়ে লাভ নেই। কন্ডিশন যেমনই হোক, সেটা তো নিয়ন্ত্রণে নেই। ওইগুলোই মানিয়ে নিয়ে আরেকটু ভালো করা উচিত ছিল। কিন্তু আমরা আসলে আমাদের সামর্থ্য অনুযায়ী এই ম্যাচে বোলিংটা খারাপ করে ফেলেছি। বড় টার্গেট হয়ে যাওয়াতে ব্যাটিংটাও আশানুরূপ ভালো হয়নি।”

“রান আপের জায়গায় আমাদের সবারই মনে হচ্ছিল একটু অফ ব্যাল্যান্সড হয়ে যাচ্ছিল, পিছলে যাচ্ছিল। তবু আসলে আরও ভালো করা উচিত ছিল। অজুহাত দিয়ে লাভ নেই।”

এই আউটফিল্ডেই দুর্দান্ত বোলিং করেছেন রিস টপলি ও ইংল্যান্ডের পেসাররা। তারা এখানে খেললেন প্রথম ম্যাচ। বাংলাদেশের জন্য ছিল দ্বিতীয় ম্যাচ। পেসারদের তো তাই মানিয়ে নিতে পারার কথা। এই প্রশ্নটি শেষ হওয়ার আগেই তাসকিনের ঝটপট উত্তর, “…ওটাই তো বললাম, অজুহাত দিয়ে লাভ নেই। আমরা ভালো বোলিং করতে পারিনি।”

রান আপের অজুহাত যেহেতু খুব একটা খাটছে না বা তিনি নিজেও তা দিতে চান না, তাহলে সমস্যাটা হলো কোথায়? তাসকিন এখানে মেনে নিলেন নিজেদের ব্যর্থতা।

“আসলে এক্সিকিউশন করতে পারিনি। পরিকল্পনা অনুযায়ী একটু খারাপ দিন গেছে। সবাই সবার সেরাটা দিতে পারিনি। কোনো কিছুর অজুহাত দিয়ে লাভ নেই। এর চেয়েও বাজে কন্ডিশনে ভালো করেছি আমরা। আমরা পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি।”

গত দুই বছরে পেসারদের পারফরম্যান্সে যে ধারাবাহিকতা, বিশ্বকাপে তা ধরে রাখতে না পারলে প্রশ্ন উঠে যায় স্বাভাবিকভাবেই। তাসকিন অবশ্য এখানে বিরক্তিমাথা কণ্ঠে শোনালেন আশার কথা।

“দুই ম্যাচ দিয়ে দুই বছরের অর্জনকে যদি এলোমেলো করেন তাহলে ব্যর্থতাই… কিছু করার নেই। সামনে ভালো করার চেষ্টা করব।”

পেসারদের ব্যর্থতার কথা তবু আসতে থাকে নানা জনের কাছ থেকে। তাসকিনের কণ্ঠের বিরক্তিও আরেকটু বেশি প্রকাশ্য হয়, “ভালো করতে পারিনি…ভালো করতে পারিনি… সামনে করার চেষ্টা করব।”

এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত যা দেখা গেছে, তাতে এই ধরনের ব্যাটিং সহায়ক উইকেটে হয়তো আরও খেলতে হবে বাংলাদেশকে। প্রাণহীন উইকেটে প্রভাব রাখার চ্যালেঞ্জ তাই নিতে হবে পেস আক্রমণকে। সামনে তাকিয়ে নিজেদের করণীয়টা বুঝতে পারছেন তাসকিনও।

“আমরা আসলে যে কয়েকটা ম্যাচ দেখেছি, ভারতের প্রায় সব উইকেটে তিনশ রান হবে। ব্যাটিং বান্ধব হবে, আমাদের ব্যাটসম্যানদের সেই রান তাড়া করার মানসিকতা থাকতে হবে এবং আমাদের বোলারদের তিনশর নিচে স্কোর রাখতে হবে। রান-টান হবে মাঝেমধ্যে। কিন্তু দুই দিক থেকেই প্রস্তুত থাকতে হবে।”

“আরেকটু বেশি অ্যাকুরেট হতে হবে। একেক ব্যাটসম্যানের দুর্বলতা একেক রকম। সেই অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সেটা যদি করতে পারি, যত কম ডিফেন্ড করতে পারি, তাহলে ব্যাটসম্যানদের ভালো হবে। খারাপ বলের সংখ্যা কমাতে হবে আমাদের।”