২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থতা জয় করে ছুটছেন জ্যাম্পা

পরপর দুই ম্যাচে ৪ উইকেট পাওয়া অ্যাডাম জ্যাম্পার লড়াই চলছে নিজের অসুস্থতার সঙ্গেও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 01:24 PM

Updated : 22 Oct 2023, 05:57 PM

পাঁচ দিনের ব্যবধানে পয়েন্ট টেবিলের তলানি থেকে চার নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। দুই পরাজয়ে যাত্রা শুরুর পর তারা পরপর হারিয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে। দুই ম্যাচে ৪টি করে উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান অ্যাডাম জ্যাম্পার। মাঠে প্রতিপক্ষকে ভোগানো এই লেগ স্পিনারকে মাঠের বাইরে লড়তে হয়েছে নিজের অসুস্থতার সঙ্গে।

গত সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪৭ রানে ৪ উইকেট নেন জ্যাম্পা। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার ৫ উইকেটের জয়ে জ্যাম্পার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। পরে শুক্রবার চাপের মুখে দারুণ বোলিং করে তার শিকার ৫৩ রানে ৪টি। জয়ে বড় অবদান রাখায় তাকে প্রশংসায় ভাসান অধিনায়ক প্যাট কামিন্স, মার্কাস স্টয়নিসরা। 

বেঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ৩৬৮ রানের বড় লক্ষ্যে লম্বা সময় জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদের সৌজন্যে ক্রমেই তারা এগোতে থাকে গন্তব্যের দিকে। নিজের শেষ স্পেলে দুজনকেই আউট করেন জ্যাম্পা। পরে ফেরান মোহাম্মদ নাওয়াজকেও। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণে জ্যাম্পার কৃতিত্ব মনে করিয়ে দেন কামিন্স।

“লাজারুস (অ্যাডাম জ্যাম্পা) দুর্দান্ত। সে গত সপ্তাহ, দুই সপ্তাহ ধরে বিছানায় বন্দি। সে দারুণ বোলিং করেছে এবং নিজের সামর্থ্য দেখিয়েছে। মাঝের ওভারে সে সত্যিকারের উইকেট শিকারি। বাবর আজম ও শেষ দিকে যখন (ইফতিখার আহমেদ) মারছিল, দুটিই অনেক বড় উইকেট।”

জ্যাম্পার অসুস্থতা সামনে থেকেই দেখছেন কাছের বন্ধু স্টয়নিস। তার মতে, সব সামলে পাকিস্তানের বিপক্ষে চলতি আসরে নিজের সেরা বোলিং করেছেন জ্যাম্পা। 

“লাজারুসের জন্য আমি খুব খুশি। সে ফ্লুতে আক্রান্ত ছিল। তার পিঠে ব্যথা ছিল, ঘাড়ে সমস্যা ছিল এবং গ্লুটেনের অস্বস্তিও ছিল। তবে সে সত্যিই খুব ভালো বোলিং করছে। এই ম্যাচে আমার মতে, সে সেরা বোলিং করেছে। তো আজকে সে বিশ্রাম করবে এবং আগামীকাল আরও ভালোভাবে আসবে।” 

জ্যাম্পার লেগ স্পিনের আগে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ এনে দেওয়ার কারিগর ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ। দুজনের উদ্বোধনী জুটিতেই আসে ৩৬৭ রান। রেকর্ডের মালা গাঁথা ইনিংসে ওয়ার্নার ১২৪ বলে ১৬৩ ও মার্শ করেন ১০৮ বলে ১২১ রান।

চার ম্যাচে দুই জয় নিয়ে এখন পয়েন্ট টেবিলের চারে অস্ট্রেলিয়া। দিল্লিতে আগামী বুধবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।