নন্দনকাননে বিষাদ-কাব্য ও লাল-সবুজের দীর্ঘশ্বাস
ইডেন গার্ডেন্সের গ্যালারিতে ভিড় করেছিলেন বাংলাদেশ থেকে আসা হাজার হাজার সমর্থক, তাদের উৎসবের আবহকে ম্লান করে দিয়েছে বাংলাদেশ দলের পারফরম্যান্স।
প্রেসবক্সের নিচের গ্যালারিতে গালে হাত দিয়ে বসেছিলেন এক ভদ্রলোক। দৃষ্টিতে তার শূন্যতা। যেভাবে নদী-ভাঙা মানুষ সব হারিয়ে নিঃস্ব হয়ে বসে থাকে পাড়ে। বেশ বড়সড় একটি পুতুল বাঘ তার পাশে চেয়ারে রাখা। “বাঘের কি অবস্থা?”, তার কাছে গিয়ে জিজ্ঞেস করতেই একটু চমকে তাকালেন তিনি, পরমুহূর্তেই দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, “বাঘের তেজ নেই… নেতিয়ে গেছে।”
খেলনা পুতুলের তো এমনিতেও তেজ থাকে না! ঢাকা থেকে আসা রাশেদুর রহমান নামের ওই ভদ্রলোক তাকিয়ে ছিলেন মাঠে লাল-সবুজ জার্সি গায়ে খেলতে নামা ‘বাঘদের’ দিকে। স্কোরকার্ড বলছিল, বাংলাদেশের রান তখন ৬ উইকেটে ৭০।
পাশেই ছিলেন নাসিম আহমেদ নামের আরেক ভদ্রলোক। তিনিও ঢাকা থেকেই এসেছেন। প্যাকেট থেকে একটি চিপস মুখে চালান দিয়ে তিনি বললেন, “কী বলব ভাই, কত কষ্ট করে ভিসা করিয়েছি! তার পর টিকিট করা, পরিবার, কত কিছু ম্যানেজ করে কত কষ্ট করে খেলা দেখতে এসেছি। এরপর যদি এরকম খেলা দেখতে হয়...। চারদিকে তাকিয়ে দেখেন, সবার মন কতটা খারাপ।”
সবার মন খারাপ অবশ্য নয়। ভারতীয় দলের জার্সি গায়ে কিছু দর্শক ছিলেন, স্থানীয় কিছু, নিরপেক্ষ দর্শক হিসেবে নিজেদের মতো উপভোগ করছিলেন। তবে মাঠ ভারতের হলেও এ দিন তো গ্যালারিতে রাজত্ব ছিল বাংলাদেশীদের! তারা একেকজন হয়ে উঠেছিলেন মন খারাপের প্রতিবিম্ব।
আনুষ্ঠানিক হিসেবে ১৫ হাজারের কাছাকাছি দর্শক ছিল মাঠে। তাদের অন্তত ৯০ ভাগই সম্ভবত ছিল বাংলাদেশের সমর্থক। লম্বা সময় ধরে পরিকল্পনা করে, ভিসা-টিকিটসহ হাজারও ঝামেলা সামলে বিশ্বকাপের ময়দানে উচ্ছ্বসিত উপস্থিতি তাদের। বিশ্বকাপের অন্যান্য ভেন্যুতও বাংলাদেশের সমর্থক ছিলেন বেশ কিছু। কিন্তু দেশ থকে সবচেয়ে কাছের শহর কলকাতায় অনুমিতভাবেই জনস্রোত দেখা যায় সমর্থকদের। প্রায় সবার গায়েই ছিল বাংলাদেশ দলের জার্সি। উড়ছিল লাল-সবুজের পতাকা। মাঠের বাঘদের উৎসাহ জোগাতে পুতুল বাঘের উপস্থিতিও কম ছিল না।
ম্যাচ শুরুর অনেক আগে থেকেই তারা মাঠের বাইরে জড়ো হতে থাকে। সময়ের সঙ্গে গ্যালারিতে বাড়ে ভিড়। বাংলাদেশের বোলিং ইনিংসে একেকটি উইকেটে তাদের গগণবিদারী চিৎকারে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। বাইরে থেকে কেউ শুনলে মনে হতে পারে যেন ৫০ হাজার দর্শকের আনন্দ চিৎকার তা। গ্যালারির সেই আনন্দস্রোতে ভাটার টান পড়ে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে। কণ্ঠের জোর কমে আসতে থাকে। বাড়তে থাকে চাপা শঙ্কা। হতাশার প্রতিফলন পড়তে থাকে চোখে-মুখে। বিস্ফোরিত দৃষ্টিতে তারা দেখতে থাকেন বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মহত্যার মিছিল।
সাংবাদিক পরিচয় পেয়ে এগিয়ে এলেন একজন, “আচ্ছা ভাই, আমাকে একটু বোঝান তো, লিটন কী শট খেলল ওটা…!” সাদমান নামের সেই দর্শকের প্রশ্নের উত্তর কিছু দেওয়া গেল না। ক্রিকেটীয় ব্যাখ্যায় যে উত্তর পাওয়াই কঠিন!
বড় রান তাড়ার চাপ নেই, প্রতিপক্ষ বোলিং আক্রমণও আহামরি নয়। উইকেট কিছুটা মন্থর বটে, তবে ভয়ঙ্কর কিছু নয়। কিন্তু লিটন চেষ্টা করলেন আরিয়ান দত্তর অফ স্পিনে রিভার্স সুইপ খেলতে! এমন মরিয়া শট, যেন ওই শটের ওপরই নির্ভর করছে ম্যাচের ভাগ্য!
ওই বলের আগেই স্লিপ ফিল্ডারকে সরিয়ে লেগ সাইডে আনেন কিপিং গ্লাভস হাতে থাকা ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। লিটন সেই ফাঁকা জায়গা দিয়ে বল পাঠানোর লোভে পড়েই ফাঁদে পা দেন।
তরুণ তানজিদ হাসান তিনটি বাউন্ডারির ঝলক দেখিয়ে আবারও বিলিয়ে দেন উইকেট। নাজমুল হোসেন শান্ত কিছুক্ষণ লড়াই করে উইকেট ছুড়ে আসেন আলগা শটে।
এই বছর বাংলাদেশের সফলতম ওয়ানডে ব্যাটসম্যান তিনি, বিশ্বকাপ শুরু করেছিলেন বড় ভরসার জায়গা হয়ে। প্রথম ম্যাচের অপরাজিত ফিফটিতে ছাপ ছিল সেই ভরসারই। কিন্তু তার পরে ৫টি ইনিংস- ০, ৭, ৮, ০ ও ৯।
সাকিব আল হাসানকে দেখে মনে হচ্ছিল, যেন রাজ্যের ভার সঙ্গে নিয়ে নেমেছেন। যে মিনিট পনের ক্রিজে ছিলেন, একদম নিজের ছায়া হয়েই ছিলেন। ছায়া থেকে মুক্তি মেলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
বিস্ময়করভাবে, বাংলাদেশের জার্সি পরা কেউ কেউ তালি দিয়ে ওঠেন তখন। বলার অপেক্ষা রাখে না, সেই তালিতে আনন্দ নেই। বরং খুশির যেমন কান্না থাকে, এটিও হয়তো বেদনার উচ্ছ্বাস!
সাকিবের বিদায়ে দুয়ো দেওয়ার মৃদু সুরও ভেসে এলো গ্যালারির নানা প্রান্ত থেকে। এই ম্যাচের আগে ছোট্ট বিতিতে দেশে ফিরে গিয়ে ব্যাটিং নিয়ে কাজ করে মাঠ থেকে বের হওয়ার সময়ও উপস্থিত কিছু দর্শক তাকে দুয়ো দিয়েছিলেন। এবার তার সেই অভিজ্ঞতা হলো ভিনদেশের মাঠেও।
বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারে ও তুমুল জনপ্রিয় চরিত্র এখন টের পাচ্ছেন বিরুদ্ধ সময়ের উত্তাপ!
ক্রমে মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিমদের বিদায়ে ভারী হতে থাকে সমর্থকদের দীর্ঘশ্বাস। মিস ফিল্ডিং থেকে রান চুরি করতে গিয়ে রান আউট শেখ মেহেদী হাসান। রান নওয়ার মরিয়া চেষ্টা দেখে মনে হতেই পারে, দলের জয়ের জন্য বুঝি ১ বলে ১ রানই প্রয়োজন ছিল!
কখনও কখনও হাহাকারের কোনো শব্দ হয় না। স্তব্ধতাই সবচেয়ে জোরাল প্রকাশ। ইডেনের গ্যালারি সেটির স্বাক্ষী হয়ে রইল।
বাংলাদেশের জার্সি গায়ে একজন, পেছনে যার নাম লেখা সাজিদ, ফোনে বেশ জোরেই বললেন, “মাহমুদউল্লাহ আউট হয়েই চলে বেরিয়ে যাব, তুই থাক…।” ফোনের অপরপ্রান্তে যিনি ছিলেন, খুব একটা অপেক্ষা তাকে করতে হলো না। শেষ ভরসা মাহমুদউল্লাহ বিদায় নিলেন ২০ রান করে।
ইডেনে খেলা শুরুর আগে যেমন ঘণ্টা বাজানো হয়, মাহমুদউল্লাহর বিদায়ে যেন খেলা শেষের ঘণ্টা বেজে গেল। বাংলাদেশের সমর্থকদের বড় অংশই আস্তে আস্তে ছেড়ে গেলেন মাঠ।
রাতের ইডেনের গ্যালারিতে নানা রঙের খেলা চলে। কৃত্রিম সেই আলোয় মোহনীয় হয়ে ওঠে শতাব্দিপ্রাচীন আঙিনা। কিন্তু সেই আলোর সৌন্দর্যে স্নাত হওয়ার মানসিকতাই তখন নেই বাংলাদেশের সমর্থকদের। হতাশা, ক্ষোভ, আক্ষেপ, বেদনার কত কত কথা শোনা গেল নানা জনের কাছ থেকে!
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের কণ্ঠে তবু কিছুটা ধরা পড়ল সমর্থকদের অনুভূতিতে সম্মান করার চেষ্টা।
“অবশ্যই হতাশাজনক…আমাদের দেশের মানুষ যেভাবে ক্রিকেটকে পছন্দ করে, যেভাবে ক্রিকেটের প্রতি ফোকাস করে থাকে, অন্তত এজন্যই হলেও আমাদের এর চেয়ে ভালো করা উচিত ছিল।”
সেই ভালোর ন্যূনতম সীমানা এবার ছিল শেষ চারে খেলা। কিন্তু সেমি-ফাইনাল স্বপ্নের আবির মেখে শুরু হয়েছিল যে টুর্নামেন্টে বাংলাদেশ দলের পথচলা, তা মুখ থুবড়ে পড়েছে প্রবলভাবেই। একের পর এক হার, লড়াইবিহীন একেকটি পারফরম্যান্সে চুরমার গেছে উচ্চাশার স্বপ্নদেয়াল।
তবে সবচেয়ে বড় আঘাত নিশ্চিতভাবেই নেদারল্যান্ডসের বিপক্ষে এই হার। নন্দনকাননে ডাচ কাঁটার আঘাতে বেরিয়ে এলো বাংলাদেশের সামর্থ্যের কঙ্কাল।
