৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দিতে চাই: তারেক রহমান
তার নেতৃত্বে ঢাকায় হয়েছে বিএনপির ‘সার্বভৌমত্ব শোভাযাত্রা’।
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, “একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব আমরা দিতে চাই। আজকে ৭ নভেম্বরের বিপ্লব র্যালি হোক আমাদের সেই প্রত্যাশা পূরণের দিন, আজকের এই র্যালি হোক বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার দিন।
“একই সাথে যে গণতন্ত্রকে ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের মানুষ জীবন বিসর্জন দিয়ে প্রতিষ্ঠিত করেছে, সেই গণতন্ত্রকে রক্ষার দিন হোক।”
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির ‘সার্বভৌমত্ব শোভাযাত্রার’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ক্ষমতাসীন দলের এ কর্মসূচি ঘিরে কাকরাইল মোড় থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত হাজারো নেতা-কর্মী-সমর্থকদের ঢল জনসমুদ্রে রূপ নেয়।
নেতাকর্মীদের কাছে সমর্থন চেয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা কি আমাদের সাথে আছেন?”
এ সময়ে নেতা-কর্মী-সমর্থকরা মুহুর্মুহু করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানান।
এসময় তিনি বলেন, ‘‘আসুন বাংলাদেশের সকল গণতন্ত্রকারী মানুষকে নিয়ে আমরা যেকোনো ষড়যন্ত্র দেশের ভিতরেই হোক, দেশের বাইরেই হোক, সকল ষড়যন্ত্রের জবাব আমরা এক করে দিব। কোনো ষড়যন্ত্র করে মানুষকে দাবিয়ে রাখতে পারবে না।”
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “৭ নভেম্বর হচ্ছে জাতীয় ঐক্যের দিন, ৭ নভেম্বর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা দিন, ৭ নভেম্বর হচ্ছে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার দিন।”
চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে সরকারপ্রধান বলেন, “বাংলাদেশের ছাত্রজনতা শুধু স্বাধীনতা-সার্বভৌমত্বকে ফিরিয়ে আনে নাই। দেশের মানুষেরা সেই স্বৈরাচার সেই ষড়যন্ত্রকারীদের দেশ থেকে বিতাড়িত করেছেন
“যেভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেই অপশক্তি পরাজিত হয়েছিল, ২০২৪ সালের ৫ অগাস্ট একইভাবে সেই অপশক্তি পরাজিত হয়েছে দেশের মানুষের অংশগ্রহণে আন্দোলনের মধ্য দিয়ে।”
তারেক রহমান বলেন, “অতীতের মতো এখনও তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আবারও তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে দাবিয়ে রাখতে চায়…। আবার তারা আমি-ডামি নির্বাচনের ব্যবস্থা চালু করতে চায়।
“যে দেশের মানুষ ১৯৭১ ঘটনাতে পারে, যে দেশের মানুষ ১৯৭৫ সিপাহী-জনতার বিপ্লব ঘটাতে পারে, যে দেশের মানুষ ২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থান ঘটাতে পারে, সে দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।”
প্রধানমন্ত্রী এসময় শ্লোগান দেন, “দিল্লী নয়, পিন্ডি নয়, নয় অন্য কেনো দেশ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।”
বেলা সোয়া ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ থেকে শোভাযাত্রার উদ্বোধন করে তিনি তাতে শামিল হন। শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর, ফার্মগেইট মোড় দিয়ে মানিক মিয়া অ্যাভেনিউয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়।
এর আগে বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। এ সময় মঞ্চে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
এ কর্মসূচি ঘিরে বেলা ১২টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে সমবেত হতে শুরু করেন।
নেতাকর্মীদের হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাদের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরে শোভাযাত্রায় অংশ নেন তারা।
