২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং পজিশনের ‘সমস্যা’ ভাবনার গহিনে আশ্রয় দেন না মিরাজ

বিভিন্ন ব্যাটিং পজিশনে মানিয়ে নিতে নিজের স্কিল ঝালিয়ে নিচ্ছেন মিরাজ, মানসিকভাবেও তৈরি থাকেন তিনি সবসময়।

ব্যাটিং পজিশনের ‘সমস্যা’ ভাবনার গহিনে আশ্রয় দেন না মিরাজ

প্রথমবারের মতো তিন নম্বরে নেমে আফগানদের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ।

ধারামশালা থেকে আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 10:42 PM

Updated : 07 Oct 2023, 10:42 PM

বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে ক্রিকেট বাজির প্রতিষ্ঠানগুলোর জন্য এখন দারুণ আকর্ষণীয় একটি বিষয় হতে পারে, ‘মিরাজ কয় নম্বরে ব্যাট করবেন?’ টপ অর্ডার হোক বা মিডল অর্ডার, কিংবা লোয়ার মিডল অর্ডার, তাকে দেখা যায় সব পজিশনেই। তাকেও প্রস্তুত থাকতে হয় যে কোনো পজিশনে খেলার জন্য। একেক পজিশনের ভূমিকায় মানিয়ে নেওয়াটাও তো একটা বড় চ্যালেঞ্জ!

বিভিন্ন পজিশনে মানিয়ে নিতে যে সমস্যা হয়, তা অস্বীকার করছেন না মিরাজ নিজেও। তবে পিছপা হতেও তিনি রাজি নন। শানিত করে চলেছেন স্কিল। মানসিকতাও গড়ে নিয়েছেন সেভাবে। সমস্যাগুলো ভাবনার দুয়ারে টোকা মারলেও তিনি সেই দুয়ার বন্ধই রাখেন।

বাংলাদেশের ব্যাটিং অর্ডারে এখন অনেকটা ‘ফ্লোটার’-এর ভূমিকায় দেখা যাচ্ছে মিরাজকে। সবশেষ ৭ ওয়ানডে ইনিংসে ভিন্ন ৫টি পজিশনে ব্যাট করেছেন তিনি। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শনিবার তিনি ব্যাট করেন তিন নম্বরে। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার এই পজিশনে ব্যাট করলেন তিনি। সব মিলিয়ে ৫৬ ইনিংসের ক্যারিয়ারে ৭টি পজিশনে ব্যাট করা হয়ে গেল তার।

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে তিনি সেঞ্চুরি করেন ইনিংস শুরু করতে নেমে। এবার বিশ্বকাপের দুটি গা গরমের ম্যাচে একটিতে ব্যাট করেন তিনে, আরেকটিতে চারে।

এমনিতে শতভাগ ‘টিমম্যান’ হিসেবে মিরাজের পরিচিতি ক্যারিয়ারের শুরু থেকেই। তবে সাম্প্রতিক সময়ে এই ব্যাটং অর্ডারের ব্যাপারটি তার সেই পুরোনো পরিচয়কে উজ্জ্বল করে তুলেছে নতুন করে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং পজিশন নিয়ে তার সেই মানসিকতার প্রমাণ ফুটে উঠল তার কথায়ও।

“আমরা ক্রিকেট খেলোয়াড়, মানিয়ে নেওয়াটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শুধু মানিয়ে নেওয়া নয়, আমার কাছে মনে হয়, আমাদের প্রতিটি ক্রিকেটারই মানিয়ে নিয়ে এই অবস্থানে এসেছে। বড় কিছু অর্জন করতে গেলে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। আমিও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।”

মানিয়ে নেওয়ার কাজটি যে সহজ নয়, সেটিও তিনি অকপটেই বললেন। তবে কঠিনকে ভালোবেসে নিজেকে ঝালিয়ে নেওয়াতেই তার তৃপ্তি।

“অনেক সময় অবশ্যই সমস্যা হয়। তবে সমস্যাগুলো মাথায় নেই না। চিন্তা করি, যেখানেই (সুযোগ) দিক না কেন, আমাকে ভালো খেলতে হবে।”

“বিভিন্ন পজিশনে বিভিন্ন পরিস্থিতি থাকে। বিভিন্নরকম অবস্থা থাকে। আমি বেশি কিছু চিন্তা করার চেষ্টা করি না। আমাকে দল সুযোগ দিয়েছে, চেষ্টা করি কাজে লাগানোর জন্য। আট নম্বরের চেয়ে ওপরে যে কোনো জায়গায় ব্যাটিং করাই তো ভালো। আমি অনুভব করি যে, আমি ব্যাটিং করতে পারি। আমি ভালো খেললে দিনশেষে তো দলেরও সহায়তা হয়।”

দল তাকে নানা পজিশনে ও নানা জায়গায় কাজে লাগানোর মতো ভরসা করতে পারছে তার ব্যাটিংয়ে উন্নতির ছাপ আছে বলেই। টেকনিকের দিক থেকে এমনিতে তিনি বরাবরই বেশ আঁটসাঁট। এখন তা জমাট হয়েছে আরও। বেড়েছে শটের রেঞ্জ। সেই সঙ্গে বেড়েছে তার মনের বল। নিজেকে চেনেন এখন আরও ভালো করে।

মিরাজ জানালেন, ব্যাটিংয়ে সাধনার পথ ধরেই নিজেকে এই অবস্থানে আনতে পেরেছেন তিনি।

“আমি ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছি। চিন্তা করেছি, আমি যদি ব্যাটিংয়ে ভালো করি, দলের অনেক বেনিফিট হবে। আমি ওভাবেই নিজেকে তৈরি করেছি এবং খেলার চেষ্টা করেছি। অবশ্যই দলও আমাকে সাপোর্ট দিয়েছে। তারা আমাকে নানা জায়গায় সুযোগ দিয়েছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সেই অনুযায়ী আমি ভালোও খেলছি। আমার জন্য এটা ভালো।”