‘আমরা এখনও টিকে আছি, ইতিহাস গড়তে এসেছি’
আফগানিস্তানের বিপক্ষে নামার আগে পাকিস্তানের বড় স্বপ্ন আরও একবার মনে করিয়ে দিলেন শাহিন শাহ আফ্রিদি।
বিশ্বকাপে দারুণ শুরু করা পাকিস্তান হোঁচট খেয়েছে নিজেদের শেষ দুই ম্যাচে। পরপর দুই জয়ের পর তারা সবশেষ দুই ম্যাচ হেরেছে বড় ব্যবধানে। দুই হারে কিছুটা ধাক্কা লাগলেও তাদের বড় স্বপ্নের পথে এটি তেমন বাধা নয়, মনে করছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রত্যাশিত জয়ে যাত্রা শুরুর পর শ্রীলঙ্কা ম্যাচে ৩৪৪ রান তাড়া করে রেকর্ড গড়ে জেতে পাকিস্তান। তবে পরের দুই ম্যাচে দেখা যায়নি তাদের সেরা ছন্দে। চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই-ই করতে পারেনি তারা। পরে অস্ট্রেলিয়াও রীতিমতো উড়িয়ে দেয় ১৯৯২ সালের চ্যাম্পিয়নদের।
চার ম্যাচে সমান দুটি করে জয়-পরাজয়ে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে পাকিস্তান। জয়ের পথে ফেরার অভিযানে পঞ্চম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। চেন্নাইয়ে সোমবার দুই দলের ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
ওই ম্যাচের আগে পিসিবি ডিজিটালে প্রকাশিত এক ভিডিওবার্তায় দলের লক্ষ্য আরও একবার পরিষ্কার করেন আফ্রিদি।
“দলের ওপর থাকা প্রত্যাশা সম্পর্কে আমরা সচেতন এবং সেটি পূরণে আমরা বদ্ধ পরিকর। পরাজয় মানে পরাজয়। আমাদের সেটি মানতে হবে। তবে সেখান থেকে শিক্ষা নেওয়া দলের জন্য ভালো হবে।”
“ম্যাচ দুটি (ভারত, অস্ট্রেলিয়া) আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে আমরা এখনও বেশ ভালোভাবেই টুর্নামেন্টে টিকে আছি। আমরা এখানে (বিশ্বকাপ জেতার মাধ্যমে) ইতিহাস গড়তে এসেছি।”
