খুনে ব্যাটিংয়ে বেয়ারস্টো-রয়কে ছাপিয়ে হেড-ওয়ার্নার
ওয়ানডেতে অন্তত ১০০ বল খেলেছে এমন উদ্বোধনী জুটিগুলোর মধ্যে সেরা রান রেটের কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান।
কোথায় বল ফেলবেন যেন ভেবে পাচ্ছিলেন না নিউ জিল্যান্ডের বোলাররা। ট্র্যাভিস হেড ও ডেভিড ওয়ার্নারের খুনে ব্যাটিংয়ে প্রথম ১২ ওভারের প্রতিটিতেই হজম করতে হয় বাউন্ডারি। অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার পথে দুই ওপেনার গড়েন দারুণ এক কীর্তি। ওয়ানডেতে অন্তত ১০০ বল খেলা উদ্বোধনী জুটিগুলোর মধ্যে সেরা রান রেট তাদেরই।
ধারামশালায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন ওয়ার্নার ও হেড। টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা ওয়ার্নার পঞ্চাশ স্পর্শ করেন ২৮ বলে। চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হেড ফিফটি করেন কেবল ২৫ বলে।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে এর চেয়ে কম বলে পঞ্চাশ আছে কেবল গ্লেন ম্যাক্সওয়েলের (২১)। নিউ জিল্যান্ডের বিপক্ষে বিশ্ব মঞ্চে হেডের চেয়ে কম বলে ফিফটি ছুঁয়েছেন কেবল কানাডার জন ডেভিডসন (২৩)।
২০তম ওভারে ওয়ার্নারের বিদায়ে ভাঙে ১১৫ বল স্থায়ী ১৭৫ রানের শুরুর জুটি। সে সময় রান রেট ছিল ৯.১৩।
ওয়ানডেতে অন্তত ১০০ বল খেলা উদ্বোধনী জুটির মধ্যে এটাই সেরা রান রেট। আগের সেরা ছিল ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও জেসন রয়ের ৯.০৮। ২০১৯ সালে ব্রিস্টলে পাকিস্তানের বিপক্ষে তারা ১০৫ বলে তুলেছিলেন ১৫৯ রান।
গ্লেন ফিলিপসকে ফিরতি ক্যাচ দিয়ে আউট হওয়া ওয়ার্নার ৫ চার ও ৬ ছক্কায় খেলেন ৬৫ বলে ৮১ রানের ইনিংস। চলতি আসরে এটি তার টানা তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস। আগের দুই ম্যাচে তিনি খেলেন ১৬৩ ও ১০৪ রানের ইনিংস।
৫৯ বলে সেঞ্চুরি করা হেডকেও থামান ফিলিপস। ৬৭ বলে ১০ চার ও ৭ ছক্কায় ১০৯ রান করেন বাঁহাতি ওপেনার।
