ভারতের বিপক্ষে সাকিব খেলবেন না কি খেলবেন না
বাংলাদেশ অধিনায়ককে নিয়ে সিদ্ধান্ত ঝুলেই রইল, ম্যাচের আগে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন কোচ চান্দিকা হাথুরুসিংহে।
ম্যাচের আগের দিন বাংলাদেশের অনুশীলনে আসেননি সাকিব আল হাসান। ঐচ্ছিক অনুশীলন, মাত্র ৫ জন আসেন মাঠে। সাকিবের না আসাটা অস্বাভাবিক নয়। তবে ম্যাচে তিনি থাকবেন কি না, এই প্রশ্নের উত্তর মেলেনি। ভারতের বিপক্ষে বাংলাদেশের অধিনায়কের খেলার সিদ্ধান্ত তাই ঝুলেই রইল।
বাংলাদেশ দল যখন পুনের টিম হোটেল থেকে বুধবার বিকেলে মাঠের উদ্দেশে রওনা হয়, সাকিব তখন হাসপাতালের পথে। আরেক দফা স্ক্যান তার হয়ে যাওয়ার কথা এর মধ্যেই। সেই স্ক্যান রিপোর্টের ওপর নির্ভর করছে অনেক কিছু।
তবে সেটিই শেষ কথা নয়। মঙ্গলবার লম্বা সময় ব্যাটিং অনুশীলন ও পরে রানিং করলেও বোলিং করেননি সাকিব। ম্যাচের আগে তিনি বোলিং করবেন। এরপর অবস্থা বুঝে শেষ সময়ে তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানালেন বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহে।
“কালকে তার ভালো একটি ব্যাটিং সেশন হয়েছে এবং কিছুটা রানিং বিটুইন দা উইকেটও অনুশীলন করেছে। আজকে তার স্ক্যান করানো হয়েছে, আমরা ফলাফলের অপেক্ষা করছি। এই মুহূর্তে সে ‘ওকে’ আছে। তবে তাকে বোলিং করানোর চেষ্টা করে এখনও দেখিনি আমরা। কালকে সকালে তাই সে মাঠে আসবে, আমরা তার অবস্থা মূল্যায়ন করব এবং এরপর সিদ্ধান্ত নেব।”
চেন্নাইয়ে গত শুক্রবার নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় পায়ের পেশিতে টান লাগে সাকিবের। সেদিনই তার স্ক্যান করানো হয়। স্ক্যানের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও ‘গ্রেড ওয়ান টিয়ার’ আছে বলে জানা যায় নানা মাধ্যম থেকে। এসব ক্ষেত্রে ক্রিকেটারদের ৭ থেকে ১০ দিন সময় সাধারণত লাগে সেরে উঠতে। ভারত ম্যাচের আগে সাকিবের জন্য ছিল ৫ দিন।
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ দুদিন আগে বলেছিলেন, সাকিব নিজে এই ম্যাচ খেলতে ইচ্ছুক এবং ৯০-৯৫ ভাগ ফিট থাকলেও খেলানো হতে পারে তাকে। তাহলে শতভাগ ফিট না থাকলে কি সাকিবকে শেষ পর্যন্ত খেলানো হবে? কোচের উত্তরটা এখনও হলো কৌশলী।
“সে যদি খেলতে প্রস্তুত না থাকে, তাহলে তাকে নিয়ে আমরা ঝুঁকি নেব না। যদি সে প্রস্তুত থাকে, তাহলে তাকে খেলানোর সম্ভাবনা আছে।”
মঙ্গলবার দলের অনুশীলনে নক করা ও তিনটি নেট মিলিয়ে মোট ৪৫ মিনিট ব্যাটিং অনুশীলন করেন সাকিব। এরপর রানিংও করেন। তাতে মনে হচ্ছিল, তাকে নিয়ে শঙ্কাগুলো কেটে গেছে। কিন্তু কোচ যেটা বললেন, এখনও তিনি বোলিং করেননি এবং এটি একটি ভাবনার জায়গা বটে। বোলিংয়ের সময়ও তো পায়ের ওপর চাপটা যথেষ্টই পড়বে।
তবে বোলিং করতে না পারলে সাকিবকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানো যায় কি না, সেটিও বিবেচনায় থাকবে বলে ইঙ্গিত পাওয়া গেল কোচের কথায়।
“যে কোনো চোটের ক্ষেত্রেই প্রথম ব্যাপারটি মেডিকেল স্টাফদের। তারা তাদের মতামত আমাদেরকে জানায়। সেটা সবুজ সঙ্কেতও হতে পারে বা লাল। তারা আমাদেরকে ধারণা দেয়, ক্রিকেটাররা কোন অবস্থায় আছে। তারা যদি মনে করে যে কোনো ঝুঁকি নেই এবং ওই ক্রিকেটার বেছে নিতে পারে যে সে খেলবে কী খেলবে না, তখন কোচ ও অধিনায়কের সিদ্ধান্তের ব্যাপার আসে যে ঝুঁকির দিক থেকে বা কৌশলের দিক থেকে তাকে খেলানো যায় কিনা, সে শতভাগ আছে কি না বা একটি বিভাগই শুধু করতে পারবে নাকি দুটি বিভাগেই। এভাবেই প্রক্রিয়া কাজ করে।”
সাকিবের ক্ষেত্রে কোন প্রক্রিয়া কাজে দেবে, তা হয়তো জানা যাবে না। তবে ম্যাচের সকালটা শঙ্কা-সম্ভাবনার দোলাচল নিয়েই শুরু করতে হবে বাংলাদেশ দলকে।
