২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনায়াস জয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের

বাস ডে লেডের অলরাউন্ড পারফরম্যান্স ছাপিয়ে ৮১ রানে জিতেছে পাকিস্তান।

অনায়াস জয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের

সম্মিলিত পারফরম্যান্সে নেদারল্যান্ডসকে হারাল পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 09:58 PM

Updated : 06 Oct 2023, 10:53 PM

বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়েও লড়লেন বাস ডে লেডে। কিন্তু সতীর্থদের থেকে পেলেন না তেমন সহায়তা। সম্মিলিত পারফরম্যান্সে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে পথচলা শুরু করল পাকিস্তান।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার আসরে নিজেদের প্রথম ম্যাচে ৮১ রানে জিতেছে পাকিস্তান। ২৮৭ রানের লক্ষ্যে ৫৪ বল বাকি থাকতে ২০৫ রানে গুটিয়ে গেছে নেদারল্যান্ডস।

পাকিস্তানকে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ এনে দেওয়ার কারিগর মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল। দুজনই করেন ৬৮ রান করে। এছাড়া ত্রিশ পেরোনো ইনিংস খেলেন মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান।

পরে ডাচদের বেঁধে ফেলতে শিকারে নামেন পাকিস্তানের ৬ বোলারের সবাই। সর্বোচ্চ ৩ উইকেট নেন হারিস রউফ। হাসান আলি পান ২টি।

নেদারল্যান্ডসের হয়ে ৬২ রানে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৬৭ রানের ইনিংস খেলেন ডে লেডে। ভিক্রাম সিংয়ের ব্যাট থেকে আসে ৫২ রান। বাকিরা তেমন কিছু করতে না পারায় লক্ষ্যের কাছেও যেতে পারেনি ডাচরা।

রান তাড়ায় শুরুটা মন্দ ছিল না নেদারল্যান্ডসের। প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৭ রান করে তারা। দলীয় পঞ্চাশ রানে পড়ে দ্বিতীয় উইকেট। 

এরপর ৭০ রানের জোট বাধেন ভিক্রাম, ডে লেডে। শাদাব খানকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন ভিক্রাম। সমাপ্তি ঘটে বাঁহাতি ওপেনারের ৪ চার ও ১ ছক্কায় সাজানো ৬৭ বলের ইনিংসের।

সেখান থেকে আর কোনো জুটি গড়তে পারেনি নেদারল্যান্ডস। এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করেন ডে লেডে। বিশ্বকাপে একই ম্যাচে ফিফটি ও ৪ উইকেট নেওয়া নেদারল্যান্ডসের দ্বিতীয় ক্রিকেটার তিনি। 

নাওয়াজের বলে বোল্ড হয়ে ফেরেন ৬৮ বলে ৬ চার ও ২ ছক্কার ইনিংস খেলা ডে লেডে। শেষ দিকে লোগান ফন বিকের অপরাজিত ২৮ রানে দুইশ পেরোয় নেদারল্যান্ডস। 

ম্যাচের প্রথমভাগে টস হেরে ব্যাটিংয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। প্রথম পাওয়ার প্লেতে ড্রেসিং রুমে ফেরেন শুরুর তিন ব্যাটসম্যান ফাখর জামান, ইমাম উল হক, বাবর জামান।

চাপ সামাল দিয়ে চতুর্থ উইকেটে ১২০ রানের জুটি গড়েন শাকিল, রিজওয়ান। দুজনই নিজেদের ইনিংসের শুরুতে সুযোগ দিয়ে বেঁচে যান। জীবন পেয়ে সেটি ভালোভাবেই কাজে লাগান তারা।

অবশ্য দুজনের কেউই সম্ভাবনাময় ইনিংসকে বড় করতে পারেননি। স্রেফ ৩২ বলে ফিফটি ছোঁয়া শাকিলের ইনিংস থামে আরিয়ান দত্তের বলে আলগা শটে। ৫২ বলে ৯ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি।

৭৫ বলে ৮ চারের ইনিংস খেলা রিজওয়ানকে বোল্ড করেন ডে লেডে। ওই ওভারে তিনি ফেরান ইফতিখার আহমেদকেও। পরে একই ওভারের পরপর দুই বলে শাদাব খান, হাসানকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান ডে লেডে।  

সপ্তম উইকেটে শাদাব, নাওয়াজ মিলে গড়েন ৬৪ রানের জুটি। তাদের ব্যাটেই আড়াইশ পেরোয় পাকিস্তান। ৪৩ বলে ৩৯ রান করেন নাওয়াজ। শাদাব খেলেন ৩৪ বলে ৩২ রানের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: 
৪৯ ওভারে ২৮৬ (ফাখর ১২, ইমাম ১৫, বাবর ৫, রিজওয়ান ৬৮, শাকিল ৬৮, ইফতিখার ৯, নাওয়াজ ৩৯, শাদাব ৩২, হাসান ০, আফ্রিদি ১২*, রউফ ১৬; আরিয়ান ১০-০-৪৮-১, ফন বিক ৬-০-৩০-১, আকারম্যান ৮-১-৩৯-২, ফন মেকেরেন ৬-০-৪০-১, ডে লেডে ৯-০-৬২-৪, মেরওয়া ৬-০-৩৬-০, ভিক্রাম ২-০-১৬-০, জুলফিকার ২-০-১৫-০)

নেদারল্যান্ডস:  ৪১ ওভারে ২০৫ (ভিক্রাম ৫২, ও'ডাওড ৫, আকারম্যান ১৭, ডে লেডে ৬৭, নিদামানুরু ৫, এডওয়ার্ডস ০, জুলফিকার ১০, মেরওয়া ৪, ফন বিক ২৮*, আরিয়ান ১, মেকেরেন ৭; আফ্রিদি ৭-০-৩৭-১, হাসান ৭-১-৩৩-২, রউফ ৯-০-৪৩-৩, ইফতিখার ৩-০-১৬-১, নাওয়াজ ৭-০-৩১-১, শাদাব ৮-০-৪৫-১) 

ফল: পাকিস্তান ৮১ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সাউদ শাকিল