স্কোয়াডে বাড়তি ব্যাটসম্যানের প্রয়োজন দেখেন না কোচ
বিশ্বকাপ স্কোয়াডে বিকল্প ব্যাটসম্যান না থাকা নিয়ে অনেক সমালোচনা হলেও হাথুরুসিংহের মতে, বাড়তি ব্যাটসম্যান থাকলে পরিস্থিতি আরও জটিল হতো।
ম্যাচের পর ম্যাচ পারফর্ম করতে পারছেন না দলের বেশিরভাগ ব্যাটসম্যান। কিন্তু তাদেরকে বাদ দেওয়ার কিংবা বিরতি দেওয়ার উপায় নেই। স্কোয়াডে বিশেষজ্ঞ ব্যাটসম্যান যে নেই একজনও! বিশ্বকাপ দল ঘোষণার পর যা ছিল আলোচনায়, সেটি আরও প্রকট হয়েছে বিশ্বকাপ চলার সময়ে। চান্দিকা হাথুরুসিংহে অবশ্য এই ঘাটতি অনুভব করেননি বলেই দাবি করলেন। বাংলাদেশ কোচের মতে, বাড়তি ব্যাটসম্যান থাকলে পরিস্থিতি আরও জটিল হতো।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে পেসার রাখা হয়েছে ৫ জন। তাদের একজন, তানজিম হাসানকে এখনও পর্যন্ত মাঠে নামানোর প্রয়োজন পড়েনি। এমনকি তাসকিন আহমেদ চোটের কারণে বাইরে থাকার সময়টাতেও তাকে কাজে লাগেনি দলের। কিন্তু ব্যাটসম্যানদের অনেকের টানা ব্যর্থতার পরও বদলির উপায় ছিল না।
টপ অর্ডারে তানজিদ হাসান একটি ফিফটি ছাড়া ভালো কিছু করতে পারেননি। ৭ ইনিংস মিলিয়ে তার রান ১০০। নাজমুল হোসেন শান্ত প্রথম ম্যাচে ফিফটির পর টানা ৬ ইনিংসে ছুঁতে পারেননি দুই অঙ্ক। তাওহিদ হৃদয় ৪ ইনিংস খেলে করেছেন ৭৫ রান, স্ট্রাইক রেট মাত্র ৬০.৪৮।
৬ ইনিংস খেলে ফিফটি করতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের পারফরম্যান্স অনেকটা একইরকম। দুজনই দুটি করে ফিফটি করলেও ধারাবাহিকভাবে কার্যকর হতে পারেননি। একমাত্র মাহমুদউল্লাহ ছাড়া প্রত্যাশা পূরণ করতে পারেননি ব্যাটসম্যানদের কেউই।
বাংলাদেশ দলের বাস্তবতায় সাকিব-মুশফিক-লিটনদের একাদশের বাইরে রাখার সুযোগ নেই কোনোভাবেই। তবে বিকল্প ব্যাটসম্যান থাকলে শান্ত বা তানজিদকে বিরতি নিশ্চয়ই দিতে পারত দল। অনেক সময় একটু বিরতি পেলেও অনেকের বোঝা নেমে যায়, চিন্তাভাবনা পরিষ্কার হয় এবং তরতাজা হয়ে ফেরার সুযোগ থাকে। কিন্তু বিকল্প ব্যাটসম্যানহীন বাংলাদেশ দলের সেটি ভাবার সুযোগই ছিল না।
হাথুরুসিংহের অবশ্য দাবি, সেরকম কিছু ভাবতে গেলেই পরিস্থিতি জটিল হতো। এমনিতে সব কোচ ও টিম ম্যানেজমেন্টের চাওয়া থাকে, যথেষ্ট বিকল্প যেন মজুদ থাকে। কিন্তু দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ কোচ শোনালেন, তার বা তাদের ভাবনা ব্যতিক্রম।
“আমার মনে হয় না (বিকল্প ব্যাটসম্যান দরকার ছিল)… আরেকজন বাড়তি ব্যাটার থাকলে পরিস্থিতি বরং আরও জটিল হতো, তাই না? বিশ্বকাপের আগে আমরা যখন দল নির্বাচন করেছি, তারা সবাই পারফর্ম করছিল। তাদের স্কিল তো কোথাও চলে যায়নি। আমাদের ভাবনায় যা চলছে, সেটিই কেবল আমাদের বাধাগ্রস্থ করছে।”
“নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি আমরা। আমরা যা করতে পারি, তা করে দেখাতে পারিনি। কোনো কারণে আমরা খোলসে ঢুকে গেছি, বিশেষ করে ব্যাটিংয়ে। এটিই আমাদের ঠিক করতে হবে এবং ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।”
ব্যাটসম্যানদের হঠাৎ ফর্ম হারানো বা টানা ব্যর্থতার পেছনে ব্যাটিং অর্ডারে ওলট-পালটকে বড় কারণ মনে করছেন অনেকেই। বিশ্বকাপ শুরুর কিছুদিন পর থেকেই এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ স্বীকারও করেছেন যে মেহেদী হাসান মিরাজকে ওপরে খেলাতে গিয়েই ব্যাটিং অর্ডারে বারবার রদবদল করা হয়েছে। এটির প্রভাব যে থাকতে পারে তা অস্বীকার করেননি অধিনায়ক সাকিব আল হাসানও।‘
তবে কোচ বরাবরই এটা উড়িয়ে দিয়েছেন। এবারও তিনি নিজের ভাবনায়ই অটল।
“ব্যাটিং অর্ডারের ব্যাপার এটি নয়। আপনি কখন ব্যাটিংয়ে নামছেন, ইনিংসের তখন কত ওভার, এটিই বেশি গুরুত্বপূর্ণ। কোন পজিশনে ব্যাট করছেন, তা নয়। আমরা তো ভালো শুরুই পাইনি (টপ অর্ডারে)। একটি ম্যাচ ছাড়া আমাদের শীর্ষ তিন-চার ব্যাটসম্যান দলকে ভালো সূচনা এনে দিতে পারেনি। আমার মনে হয় না, চূড়ান্ত ফলের পেছনে ব্যাটিং অর্ডারের দায় আছে।”
