২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নার-মার্শের বিস্ফোরক ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার রেকর্ডের মালা

পাকিস্তানের বাজে ফিল্ডিং আর সাদামাটা বোলিং কাজে লাগিয়ে রান-পাহাড় গড়েছে প্যাট কামিন্সের দল।

ওয়ার্নার-মার্শের বিস্ফোরক ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার রেকর্ডের মালা

উদ্বোধনী জুটিতে রেকর্ড ২৫৯ রান করেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 07:03 PM

Updated : 20 Oct 2023, 07:03 PM

ডেভিড ওয়ার্নার ফিরতে পারতেন ১০ রানেই। কিন্তু শাদাব খানের জায়গায় বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া উসামা মির ছেড়ে দিলেন সহজ ক্যাচ! জীবন পেয়ে ঝড় তুললেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার। সেঞ্চুরিতে জন্মদিন রাঙালেন মিচেল মার্শ। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে রান পাহাড় গড়ল অস্ট্রেলিয়া। একই সঙ্গে আঁচড় কাটল রেকর্ডের অনেক পাতাতেই।

ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৬৭ রান করেছে অস্ট্রেলিয়া। এক সময়ে আরও অনেক বড় সংগ্রহের আভাস দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ৫৪ রানে ৫ উইকেট নিয়ে তাদের ততদূর যেতে দেননি শাহিন শাহ আফ্রিদি।

শেষের দিকে নিয়মিত উইকেট হারালেও বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ঠিকই গড়েছে অস্ট্রেলিয়া। চলতি আসরেই হায়দরাবাদে ৯ উইকেটে শ্রীলঙ্কার ৩৪৪ আগের সর্বোচ্চ। ওই ম্যাচেই টুর্নামেন্টে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছিল পাকিস্তান।

সেই রেকর্ড নতুন করে লেখার চ্যালেঞ্জ দিয়েছে অস্ট্রেলিয়া। এতে সবচেয়ে বড় অবদান দুই ওপেনার ওয়ার্নার ও মার্শের। সেঞ্চুরির আগে-পরে দুইবার জীবন পাওয়া ওয়ার্নার ১২৪ বলে ৯ ছক্কা ও ১৪ চারে খেলেন ১৬৩ রানের ঝড়ো ইনিংস।

ওয়ানডেতে এটি তার ২১তম সেঞ্চুরি, বিশ্বকাপে পঞ্চম। তবে সবচেয়ে কৌতুহল জাগানিয়া হলো, পাকিস্তানের বিপক্ষে এটি তার টানা চতুর্থ সেঞ্চুরি!

২০১৭ সালে সিডনিতে করেছিলেন ১৩০। চারদিন পর অ্যাডিলেইডে খেলেন ক্যারিয়ার সেরা ১৭৯ রানের ইনিংস। ২০১৯ বিশ্বকাপে টন্টনে করেন ১০৭, তারপর এলো এই সেঞ্চুরি।

এই ইনিংসের সৌজন্যে ১২ জনকে টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার সাত নম্বরে উঠে এসেছেন ওয়ার্নার।

ওয়ার্নার তিন অঙ্ক ছোঁয়ার পরের বলেই সেঞ্চুরি করা মার্শ ১০৮ বলে ৯ ছক্কা ও ১০ চারে খেলেছেন ১২১ রানের দারুণ ইনিংস। তাকে বিদায় করেই ২০৩ বল স্থায়ী ২৫৯ রানের জুটি ভাঙেন আফ্রিদি।

এতে অক্ষত থাকল বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান ও উপুল থারাঙ্গার সর্বোচ্চ ২৮২ রানের রেকর্ড। পরের স্থানটিতেই আছেন ওয়ার্নার ও মার্শ। তাদের ২৫৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সেরা উদ্বোধনী জুটি, যেকোনো জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ।

বিশ্বকাপের কোনো ম্যাচে এই প্রথম সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। তাদের দৃঢ়তায় বৈশ্বিক এই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে কোনো দলের সেরা জুটির রেকর্ডও হলো। 

অস্ট্রেলিয়ার রেকর্ডের ভীড়ে একটি কীর্তি গড়েছেন আফ্রিদিও। পাকিস্তানের প্রথম পেসার হিসেবে বিশ্বকাপে নিয়েছেন একাধিকবার ৫ উইকেট। তার সমান দুইবার পাঁচ উইকেটের কীর্তি আছে কেবল সাবেক লেগ স্পিনার শাহিদ আফ্রিদির।