১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সোবহানা-নিগারের ইতিহাস

বিপর্যয়ের মাঝে সৌধ গড়লেন সোবহানা মোস্তারি, দারুণ সঙ্গ দিয়ে জুটির রেকর্ডে নাম তুললেন নিগার সুলতানা।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সোবহানা-নিগারের ইতিহাস

সেঞ্চুরি উদযাপন করছেন সোবহানা মুস্তারি। ছবি: সোবহানা মুস্তারির ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 02:01 PM

Updated : 11 Oct 2026, 02:01 PM

অষ্টম ওভারে সোবহানা মোস্তারি যখন ক্রিজে গেলেন, মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে তখন ধুঁকছে বাংলাদেশ। চোখরাঙানি দিচ্ছে আরেকটি বিব্রতকর ব‍্যাটিং ব‍্যর্থতা। তবে সেটি হতে দিলেন না সোবহানা। সঙ্গী হিসেবে দাঁড়িয়ে গেলেন নিগার সুলতানা। দুজন মিলে গড়লেন ইতিহাস।

ব্রিজবেনে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চতুর্থ উইকেটে ১৯৫ রানের ম্যারাথন জুটি গড়েছেন সোবহানা ও মোস্তারি। এই সংস্করণে যে কোনো উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড।

শুধু তাই নয়। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো দলের যে কোনো উইকেটের সর্বোচ্চ জুটির রেকর্ডও এটি।

ওয়ানডেতে এত দিন বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল নিগার ও শারমিন আক্তারের। গত বছর থাইল্যান্ডের বিপক্ষে তৃতীয় উইকেটে ১৫২ রান যোগ করেন দুই অভিজ্ঞ ব্যাটার।

আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল নিউ জিল্যান্ডের এমিলি দ্রাম ও রেবেকা রোলসের। ২০০২ সালে দ্বিতীয় উইকেট জুটিতে ১৭০ রান যোগ করেন তারা দুজন।

ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ম্যারাথন ব্যাটিংয়ে ২৪৩ বলের জুটিতে আগের সব রেকর্ড ভাঙেন সোবহানা ও নিগার। যেখানে বড় অবদান সোবহানারই।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১৩৪ বলে ১১৮ রানের ইনিংস খেলেন ২৪ বছর বয়সী ব্যাটার। এই সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এটি। ২০২৩ সালে ভারতের বিপক্ষে ১৬০ বলে ১০৭ রান করেন ফারজানা হক।

৪৮তম ওভারে মেগান শুটের ফুল টসে বোল্ড হন সোবহানা। আর শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১১৪ বলে ৭৪ রানের ইনিংস খেলেন নিগার। বাংলাদেশ অধিনায়কের এটি দশম ফিফটি।

সোবহানা ও নিগারের রেকর্ড জুটির সৌজন্যে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২২০ রান করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই তাদের সর্বোচ্চ স্কোর। গত বছর ওয়ানডে বিশ্বকাপে নিগারের দল করেছিল ১৯৮ রান।