৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে ব্যর্থতার পরও ব্রুকের নেতৃত্বে ম্যাককালামের আস্থা

ইংলিশদের কোচের মতে, ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতা অধিনায়ক হিসেবে ব্রুককে আরও পরিণত করে তুলবে।

পাকিস্তানে ব্যর্থতার পরও ব্রুকের নেতৃত্বে ম্যাককালামের আস্থা

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 07:51 PM

Updated : 30 Oct 2026, 07:51 PM

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চার ম্যাচ খেলে জয় কেবল একটি। পাকিস্তানের মাটিতে ইংল্যান্ডের এমন পারফরম্যান্সের পর হ্যারি ব্রুকের নেতৃত্বের সামর্থ্য নিয়ে উঠছে প্রশ্ন। কঠিন এই সময়ে অধিনায়কের কাঁধে আস্থার হাত রেখেছেন ব্রেন্ডন ম্যাককালাম। ইংলিশদের কোচের মতে, এমন অভিজ্ঞতা ব্রুককে আরও পরিণত করবে।

পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানের হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে ইংল্যান্ড। পরের ম্যাচে ৪২৯ রান করেও শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি তারা। তৃতীয় ম্যাচে শাদাব খানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে পাকিস্তানের কাছে হেরে যায় ব্রুকের দল।

ফাইনাল থেকে ছিটকে পড়া ইংল্যান্ড প্রাথমিক পর্বের শেষ ম্যাচ ফের খেলে শ্রীলঙ্কার বিপক্ষে। বুধবারের ম্যাচে ৩৮৬ রান করেও একটা সময় হারের শঙ্কায় পড়ে তারা। শেষ পর্যন্ত অবশ্য ৫৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

স্কাই স্পোর্টসে আলাপকালে ম্যাককালাম বলেন, কঠিন পরিস্থিতিগুলো ব্রুকের নেতৃত্বের দক্ষতা আরও বাড়াবে।

“এরকম পরিস্থিতিতে পড়লে, যেখানে খেলাটি অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যায় এবং এমন সব সিদ্ধান্ত নিতে হয় যা ম্যাচের জয়-পরাজয় নির্ধারণ করে দেয়- সেসব পরিস্থিতি থেকে সে (ব্রুক) অনেক কিছু শিখতে পারবে।”

ব্রুকের কৌশলগত দক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করে ৪৫ বছর বয়সি ম্যাককালাম বলেন, অধিনায়কের প্রতি ড্রেসিংরুমের সবার সমর্থন রয়েছে।

“আমার দেখা সেরা কৌশলী অধিনায়কদের একজন সে। তার প্রখর মস্তিষ্ক রয়েছে… সে অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ এবং ক্রিকেটার। ড্রেসিংরুমের সবাই তাকে শ্রদ্ধা করে।

“সে তাদের নেতৃত্ব দেয়। তারা তাকে অনুসরণ করে। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সে অন্যদের সম্পৃক্ত করে। মাঠে একা সবকিছু করে না। অন্যদের কাছ থেকেও পরামর্শ নেয়।”

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নভেম্বরে অস্ট্রেলিয়ায় সাদা বলের ক্রিকেটের সিরিজ খেলবে ইংল্যান্ড।