২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে গুরবাজের খুনে ব্যাটিং

বিশ্বকাপে প্রথম ফিফটির স্বাদ পেলেন আফগানিস্তানের এই ব্যাটসম্যান।

ইংল্যান্ডের বিপক্ষে গুরবাজের খুনে ব্যাটিং

৫৭ বলে ৮০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন রহমানউল্লাহ গুরবাজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 06:34 PM

Updated : 15 Oct 2023, 06:41 PM

কখনও পুল শটে ছক্কা, কখনও আপার কাটে বল গ্যালারিতে, আবার কখনও দৃষ্টিনন্দন কাভার ড্রাইভে চার। ইংল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে দারুণ সব শটের পসরা মেলে ধরলেন রহমানউল্লাহ গুরবাজ। খেললেন বিস্ফোরক এক ইনিংস।

দিল্লিতে রোববারের ম্যাচে শতকের সম্ভাবনা জাগিয়ে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হতে হয় গুরবাজকে। ৫৭ বলে ৮ চার ও ৪ ছক্কায় করেন ৮০ রান। বিশ্বকাপে আফগানিস্তানের এই ব্যাটসম্যানের তিন ম্যাচে প্রথম ফিফটি এটি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে গুরবাজের ব্যাটে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। তৃতীয় ওভারে পেসার ক্রিস ওকসকে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মেরে ডানা মেলে দেন গুরবাজ। নবম ওভারে আরেক পেসার স্যাম কারানের টানা তিন বলে মারেন দুটি চার ও একটি ছক্কা।

পাওয়ার প্লেতে আফগানিস্তান তোলে বিনা উইকেটে ৭৯ রান, বিশ্বকাপে প্রথম ১০ ওভারে যা তাদের সর্বোচ্চ।

লেগ স্পিনার আদিল রশিদকে বাউন্ডারি মেরে গুরবাজ ফিফটি পূর্ণ করেন স্রেফ ৩৩ বলে। পঞ্চাশ ছোঁয়ার পর গতিময় পেসার মার্ক উডকে ছক্কায় ওড়ান আপার কাটে।

১১৪ রানের উদ্বোধনী জুটি ভাঙে ইব্রাহিম জাদরানের বিদায়ে। যেখানে ইব্রাহিমের অবদান কেবল ২৮।

এরপর দ্রুত রেহমাত শাহ ও গুরবাজকে হারায় আফগানরা। রশিদের বল শর্ট মিড উইকেটে খেলে সিঙ্গেলের জন্য ছোটেন হাশমাতউল্লাহ শাহিদি। বদলি ফিল্ডার ডেভিড উইলির থ্রো ধরে স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেন কিপার জস বাটলার। ডাইভ দিয়েও ঠিক সময়ে ক্রিজে পৌঁছাতে পারেননি গুরবাজ।

পরে ইকরাম আলিখিলের ৬৬ বলে ৫৮ ও মুজিব উর রহমানের ১৬ বলে ২৮ রানের ক্যামিওতে ২৮৪ রান করে আফগানিস্তান।

বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর এটি। ২০১৯ আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিল সর্বোচ্চ ২৮৮ রান।