২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান ম্যাচেও গিলকে পাচ্ছে না ভারত

এখনও পুরোপুরি সুস্থ হননি জ্বরে ভোগা ওপেনার শুবমান গিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 04:39 PM

Updated : 09 Oct 2023, 04:39 PM

মাঠে ফেরার অপেক্ষা বাড়ল শুবমান গিলের। অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও খেলা হবে না ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা তরুণ ওপেনারের।

সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গিলের সবশেষ শারীরিক অবস্থা জানিয়েছে।

“দলের সঙ্গে সোমবার দিল্লিতে যাবেন না শুবমান গিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে না পারা এই ওপেনার এখন আফগানিস্তানের বিপক্ষে ১১ তারিখের ম্যাচেও থাকছেন না। চেন্নাইয়েই চিকিৎসা বিভাগের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি।”

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি গিল। তাই তাকে চেন্নাইয়েই রেখে যাচ্ছে ভারতীয় দল। 

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। পরে আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে তাদের ম্যাচ আগামী শনিবার। ওই ম্যাচ দিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে গিলের। 

চলতি বছর ওয়ানডেতে ৭২.৩৫ গড় ও ১০৫.০৩ স্ট্রাইক রেটে ১ হাজার ২৩০ রান করেছেন গিল। সবশেষ চার ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি এসেছে তার ব্যাট থেকে।


গিলের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে সুযোগ পান ইশান কিষান। তবে প্রথম বলেই আউট হন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান। তবু গিল সুস্থ না হওয়ায় হয়তো আরেকটি সুযোগ পাবেন তিনি।