স্যান্টনারের অলরাউন্ড নৈপুণ্যে নিউ জিল্যান্ডের অনায়াস জয়
আরেকটি দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল কিউইরা।
বিশ্বকাপে দারুণ পথচলায় আরেকটি দাপুটে পারফরম্যান্স উপহার দিল নিউ জিল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংয়ে প্রথম পাঁচ জনের সবাই স্পর্শ করলেন অন্তত ত্রিশ। যার মধ্যে তিন জনের ব্যাট থেকে এলো ফিফটি। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠলেন মিচেল স্যান্টনার। কিউইরা পেল টানা দ্বিতীয় জয়।
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে আসর শুরুর পর এবার নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারাল নিউ জিল্যান্ড।
হায়দরাবাদে সোমবার নিউ জিল্যান্ড করে ৩২২ রান। জবাবে নেদারল্যান্ডস গুটিয়ে যায় ২২৩ রানে।
নিউ জিল্যান্ডের সর্বোচ্চ ৭০ রান করেন উইল ইয়াং। তার ৮০ বলের ইনিংস গড়া ৭ চার ও ২ ছক্কায়। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র এবার ৫১ বলে করেন ৫১। ৪৬ বলে ৫৩ রান করেন ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। ড্যারিল মিচেলের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৪৮ রান।
তাদের সবাইকে ছাপিয়ে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা স্যান্টনার। প্রথমে আটে নেমে তিনি খেলেন ১৭ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস। পরে বাঁহাতি স্পিনে ৫৯ রানে নেন ৫ উইকেট।
বিশ্বকাপে এই প্রথম নিউ জিল্যান্ডের কোনো স্পিনার পেলেন এই স্বাদ। ২০১৫ আসরে আফগানিস্তানের বিপক্ষে ড্যানিয়েল ভেটোরির ১৮ রানে ৪ উইকেট ছিল আগের সেরা।
বাঁহাতি স্পিনে স্যান্টনারের আগে বিশ্বকাপে পাঁচ উইকেট নিতে পেরেছেন কেবল ভারতের ইউভরাজ সিং ও বাংলাদেশের সাকিব আল হাসান। ২০১১ আসরে বেঙ্গালুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে ইউভরাজ ৩১ রানে ৫টি ও ২০১৯ আসরে সাউথ্যাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে সাকিব ২৯ রানে নেন ৫টি।
নেদারল্যান্ডসের কলিন আকারম্যানের ৭৩ বলে ৬৯ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু করতে পারেননি আর কেউ। প্রথম দুই ম্যাচেই হারল তারা।
বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় ডাচরা। ষষ্ঠ ওভারে ভিক্রামজিত সিংকে বোল্ড করে নিউ জিল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন পেসার ম্যাট হেনরি।
আরেক ওপেনার মাক্স ও'ডাওডকে এলবিডব্লিউ করে শিকার ধরা শুরু করেন স্যান্টনার। বাউন্ডারিতে ট্রেন্ট বোল্টের দারুণ ক্যাচে ফেরেন বাস ডে লেডে। ৬৭ রানের মধ্যে ৩ উইকেট হারায় নেদারল্যান্ডস।
চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়েন তেজা নিদামানুরু ও আকারম্যান। শেষ পর্যন্ত এটিই হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ।
স্যান্টনার পরে আকারম্যান, স্কট এডওয়ার্ডস, রুলফ ফন ডার মেরওয়া ও রায়ান ক্লেইনকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৩ রান তোলে নিউ জিল্যান্ড। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে এবার থামেন ৩২ রানে, ভাঙে ৬৭ রানের উদ্বোধনী জুটি।
দ্বিতীয় উইকেটে ইনিংসের সেরা ৭৭ রানের জুটিতে দলকে এগিয়ে নেন ইয়াং ও রবীন্দ্র। শতকের সম্ভাবনা জাগিয়ে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ইয়াং। ফিফটির পরপর উইকেট ছুড়ে আসেন রবীন্দ্র।
চতুর্থ উইকেটে নিউ জিল্যান্ড আরেকটি পঞ্চাশোর্ধ জুটি পায় ল্যাথাম ও মিচেলের ব্যাটে। দলের স্কোর তিনশ ছাড়ায় মূলত স্যান্টনারের ঝড়ো ইনিংসে। ৩ চার ও ২ ছক্কায় গড়া তার ৩৬ রানের ইনিংসটি। পরে বল হাতেও আলো ছড়িয়ে নায়ক তিনিই।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ৩২২/৭ (কনওয়ে ৩২, ইয়াং ৭০, রবীন্দ্র ৫১, মিচেল ৪৮, ল্যাথাম ৫৩, ফিলিপস ৪, চ্যাপম্যান ৫, স্যান্টনার ৩৬*, হেনরি ১০*; আরিয়ান ১০-২-৬২-২, ক্লেইন ৭-১-৪১-০, মেকেরেন ৯-০-৫৯-২, মেরওয়া ৯-০-৫৬-২, আকারম্যান ৪-০-২৮-০, ডে লেডে ১০-০-৬৪-১, ভিক্রামজিত ১-০-৯-০)
নেদারল্যান্ডস: ৪৬.৩ ওভারে ২২৩ (ভিক্রামজিত ১২, ও'ডাওড ১৬, আকারম্যান ৬৯, ডে লেডে ১৮, নিদামানুরু ২১, এডওয়ার্ডস ৩০, এঙ্গেলব্রেশট ২৯, মেরওয়া ১, ক্লেইন ৮, আরিয়ান ১১, মেকেরেন ৪*; বোল্ট ৮-০-৩৪-০, হেনরি ৮.৩-০-৪০-৩, স্যান্টনার ১০-০-৫৯-৫, ফার্গুসন ৮-০-৩২-০, রবীন্দ্র ১০-০-৪৬-১, ফিলিপস ২-০-১১-০)
ফল: নিউ জিল্যান্ড ৯৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মিচেল স্যান্টনার
