২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে আছেন সাকিব, ম্যাচে নেই

ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত খেলছেন না বাংলাদেশ অধিনায়ক, দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

মাঠে আছেন সাকিব, ম্যাচে নেই

একেবারে শেষ মুহূর্তে ভারত ম্যাচ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। ছবি: রয়টার্স

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

পুনে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2023, 03:55 PM

Updated : 19 Oct 2023, 03:55 PM

বাংলাদেশ দল মাঠে আসার পর অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, “কিটব্যাগ সঙ্গে নিয়ে পুরো প্রস্তুত হয়েই এসেছে সাকিব।” একটু পর কোচ চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে উইকেটও দেখলেন অধিনায়ক। খানিক পর ব্যাট হাতে নেমে গেলেন তিনি নক করতে। আশার ছবি তাতে উজ্জ্বল হলো আরও। কিন্তু টসের সময় যেন বজ্রপাত। রোহিত শার্মার সঙ্গে টস করতে দেখা গেল নাজমুল হোসেন শান্তকে।

কয়েকদিন ধরে শঙ্কা-সম্ভাবনার দোলাচল শেষে ভারতের বিপক্ষে ম্যাচে শেষ পর্যন্ত খেলছেন না সাকিব আল হাসান। নিয়মিত অধিনায়ক না থাকায় গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক শান্ত।

টসের সময় শান্ত শুধু জানান, “সাকিব কিছুটা ‘স্ট্রাগল’ করছেন। তার জায়গায় নাসুমকে নিয়েছি আমরা।” সাকিবের সবশেষ অবস্থা কী বা কখন তাকে না খেলানোর সিদ্ধান্ত হলো, অপারেশন্স ম্যানেজারের কাছে তা জানতে চেয়ে অনেকক্ষণ অপেক্ষার পরও জানা যায়নি। বুধবার সাকিবের যে স্ক্যান করানো হয়, সেটি নিয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ হাথুরুসিংহে বলেছিলেন, ম্যাচের আগে সাকিবের বোলিং পরখ করে দেখা হবে। তারপর তাকে নিয়ে সিদ্ধান্ত হবে। তবে এ দিন ব্যাট হাতে সাকিবকে নক করতে দেখা গেলেও বল করতে দেখা যায়নি।

চেন্নাইয়ে গত শুক্রবার নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় পায়ের পেশিতে টান লাগে সাকিবের। সেদিনই তার স্ক্যান করানো হয় এবং জানানো হয় যে, তাকে পর্যবেক্ষণে রাখা হবে ও প্রতিদিন তার অবস্থার মূল্যায়ন করা হবে। মঙ্গলবার অনুশীলনে ৪৫ মিনিটের ব্যাটিং সেশন করেন তিনি। এরপর রানিং অনুশীলনও করেন। তাতে মনে হচ্ছিল, তিনি হয়তো খেলতে প্রস্তুত।

কিন্তু অনুশীলনে বোলিং তিনি করেননি। বোলিং কিংবা রানিং বিটুইন দা উইকেট নিয়ে ঝুঁকি না নিতেই হয়তো শেষ পর্যন্ত ম্যাচে খেলা হচ্ছে না তার। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ আগেই জানিয়েছিলেন, এই ম্যাচ খেলতে গিয়ে যদি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি ঝুঁকিতে পড়ে যাওয়ার শঙ্কা থাকে, তাহলে খেলানো হবে না সাকিবকে।

সাকিব না থাকার সুযোগে দারুণ এক অভিজ্ঞতা হয়ে যাচ্ছে শান্তর। গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি দিয়ে দেশকে প্রথমবার নেতৃত্ব দেওয়ার স্বাদ পান তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকে অনেকটা সময় লেগে গেছে তার পায়ের নিচে জমিন শক্ত করতে। প্রবল সমালোচনার শিকার হতে হয়েছে একটা সময়, ব্যাট হাতে ধুঁকেছেন ম্যাচের পর ম্যাচ। সেই তিনি এখন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের একজন। ক্যারিয়ারের পালাবদলের পথ ধরে এবার তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বমঞ্চে।