২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে গুঁড়িয়ে রেকর্ড গড়া বোলিংয়ে মিকেরেনের ‘প্রথম’

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন পল ফন মিকেরেন।

বাংলাদেশকে গুঁড়িয়ে রেকর্ড গড়া বোলিংয়ে মিকেরেনের ‘প্রথম’

উইকেট পাওয়ার পর উদযাপনের মধ্যমণি পল ফন মিকেরেন।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 10:51 PM

Updated : 28 Oct 2023, 11:58 PM

বল হাতে প্রথম ওভারেই নাজমুল হোসেন শান্তকে ফেরালেন পল ফন মিকেরেন। পরে তার শিকার বাংলাদেশের ব্যাটিংয়ের দুই স্তম্ভ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। শেষে তাসকিন আহমেদকে আউট করে নেদারল্যান্ডসের স্মরণীয় জয়টাও নিশ্চিত করলেন তিনি। একই সঙ্গে পেলেন দারুণ এক স্বীকৃতি। 

কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে ৮৭ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। বল হাতে ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মিকেরেন।

ব্যাট হাতে ৬৮ রানের পর ৪টি ক্যাচ নেওয়া অধিনায়ক স্কট এডওয়ার্ডসও ছিলেন এই পুরস্কারের বড় প্রতিদ্বন্দ্বী। তবে বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেওয়া মিকেরেনকেই বেছে নেয় বিশেষজ্ঞ প্যানেল।

১৯ ম্যাচের ক্যারিয়ারে এটিই মিকেরেনের সেরা বোলিং। বিশ্বকাপে নেদারল্যান্ডসের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড এটি। আগের সেরা টিম ডে লেডের ৩৫ রানে ৪ উইকেট, ভারতের বিপক্ষে ২০০৩ সালে।

দ্বাদশ ওভারে প্রথম মিকেরেনকে বোলিংয়ে আনেন এডওয়ার্ডস। পঞ্চম বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দূর থেকে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন শান্ত।

এক ওভার পর স্টাম্প থেকে বেরিয়ে যাওয়া ব্যাক অব লেংথ ডেলিভারি কাট করার চেষ্টা করেন সাকিব। কিন্তু জায়গা ছিল না তেমন। ব্যাটের বাইরের কানায় লেগে বল জমা পড়ে এডওয়ার্ডসের গ্লাভসে।

নিজের পরের ওভারে ভেতরে ঢোকা দারুণ ডেলিভারিতে মুশফিককে বোল্ড করেন মিকেরেন। পাঁচ ওভারের প্রথম স্পেলে ১৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন ডাচ পেসার। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

পরে শেষ দিকে দারুণ বাউন্সারে তাসকিনকে ক্যাচ আউট করে দলের জয় নিশ্চিত করেন ৩০ বছর বয়সী পেসার।