১৫০ বছরের টেস্ট ইতিহাসে মারুফখিল যেখানে দ্বিতীয়
টেস্ট অভিষেকে ইনিংসে ৭টিসহ ম্যাচে ৯ উইকেট ও ব্যাট হাতে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন আফগানিস্তানের ২০ বছর বয়সি স্পিনার।
নবম ব্যাটসম্যান হিসেবে মোহাম্মাদ সালিমের বিদায়ে হয়তো কিছুটা শঙ্কা জাগল, অন্য প্রান্তে নাসির খান মারুফখিল যে অপরাজিত ৯৯ রানে! তবে ওভারের বাকি পাঁচটি বল পার করে দিলেন এগারো নম্বর ব্যাটসম্যান জিয়াউর রেহমান। পরের ওভারে প্রথম বলে দুই রান নেওয়ার পথে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছালেন মারুফখিল। শূন্যে লাফিয়ে, ব্যাট উঁচিয়ে, হেলমেট খুলে উল্লাসে মাতলেন তিনি। তার নাম লেখা হয়ে গেল রেকর্ড বইয়ের পাতায়।
শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে রান তাড়ায় চাপের মুখে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে অসাধারণ এই সেঞ্চুরি উপহার দেন মারুফখিল।
প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে স্রেফ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকে ইনিংসে পাঁচ উইকেট ও সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। ১৯৬৫ সালে এই স্বাদ পান নিউ জিল্যান্ডের অলরাউন্ডার ব্রুস টেইলর। ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে আটে নেমে ১০৫ রান করেন তিনি। পরে প্রথম ইনিংসেই শিকার করেন ৫ উইকেট।
মারুফখিল এই ম্যাচে প্রথম ইনিংসে ৭টিসহ ম্যাচে শিকার করেন মোট ৯ উইকেট। ২০ বছর বয়সি বাঁহাতি এই স্পিনার ব্যাট হাতে শেষ ইনিংসে অপরাজিত থাকেন ২৪২ বলে ১০১ রানে। তার ব্যাটে ম্যাচ বাঁচানোর সম্ভাবনা জাগিয়েও অল্পের জন্য পারেনি আফগানিস্তান।
(বিস্তারিত আসছে)
