বিশ্বকাপে স্ট্রাইক রেট নিয়ে ভাবছে না বাংলাদেশ
আরও একবার দল হিসেবে ভালো খেলার চেষ্টার কথা বললেন সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি ক্রিকেটে বড় সংগ্রহ দাঁড় করানোর অন্যতম প্রভাবক ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট। এই সংস্করণে কম বল খেলে বেশি রান করার তাগিদ সবসময়ই থাকে। তবে বাংলাদেশ দলের ভাবনা ভিন্ন। অধিনায়ক সাকিব আল হাসান বললেন, চলতি বিশ্বকাপে টপ অর্ডারের স্ট্রাইক রেট নিয়ে চিন্তা করছে না দল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা সুবিধার নয়। জিম্বাবুয়ের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর করা ৭১ রান আসরে বাংলাদেশের একমাত্র পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৩০ এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন কেবল আফিফ হোসেন ও সৌম্য সরকার। দুই ওপেনার শান্ত ১২৫ ও সৌম্য খেলেছেন ১৩১.৮১ স্ট্রাইক রেটে। টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান লিটন দাস ৫৭ রান করেছেন ১০৫.৫৫ স্ট্রাইক রেটে। চারে নেমে সাকিব ৩১ রান করেছেন স্রেফ ৯৩.৯৩ স্ট্রাইক রেটে।
ব্যাটসম্যানদের এ নাজুক স্ট্রাইক রেটের প্রভাব পড়ছে দলীয় সংগ্রহে। আগে ব্যাট করে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪৪ ও জিম্বাবুয়ের বিপক্ষে ১৫০ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভরাডুবির ম্যাচে তারা অলআউট হয়েছিল ১০১ রানে।
তবু কোন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট নিয়ে আলাদা করে চিন্তার পক্ষে নন সাকিব। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বললেন, দল হিসেবে ভালো করার দিকেই তাদের মনোযোগ।
“(টপ অর্ডারের স্ট্রাইক রেট) এই বিশ্বকাপে চিন্তার বিষয় না। এই বিশ্বকাপে আমাদের চিন্তা হলো দল হিসেবে কীভাবে ভালো খেলতে পারি। কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে কখনও চিন্তা করিনি, করবও না। দল হিসেবে আমরা কতটা ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে পারি সেটাই আমরা আসলে সবসময় করার চেষ্টা করব।”
বাংলাদেশের ব্যাটিং অর্ডারে প্রথম ছয় জনের মধ্যে চার জনই বাঁহাতি ব্যাটসম্যান। স্বাভাবিকভাবেই এ লাইনআপের বিপক্ষে বাড়তি সুবিধা পেতে পারেন ভারতের ডানহাতি অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এর জন্য কি ব্যাটিং অর্ডারে পরিবর্তন বা ডানহাতি ব্যাটসম্যান বাড়ানোর কথা ভাবছে বাংলাদেশ? সরাসরি কোনো উত্তর দিলেন না সাকিব।
“আমরা এখনও দল ঠিক করিনি। আমাদের আলোচনাও হয়নি। আলোচনার পর বুঝতে পারব। তবে এখানে বলব না (হাসি)। হ্যাঁ, অনেক কিছু চিন্তা করতে হবে। জরুরি নয় সব চিন্তা সঠিক হবে। তবে যুদ্ধে যাওয়ার আগে আমাদের আলোচনা করতে হবে।”
