দলকে ফাইনালে নিয়ে আফ্রিদি-হাফিজের পাশে রিজওয়ান
পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার ম্যাচ সেরার স্বীকৃতি জিতেছেন এই তিনজন।
রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই ট্রেন্ট বোল্টকে চার মেরে শুরু। এরপর কেবল ছুটলেন মোহাম্মদ রিজওয়ান। ১৩ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালে তোলার পথে খেললেন ঝকঝকে এক ইনিংস। তাতে দেশের হয়ে রেকর্ডের একটি পাতায়ও নাম লেখালেন এই কিপার-ব্যাটসম্যান।
সিডনিতে বুধবার প্রথম সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ৫ বল বাকি থাকতে প্রতিপক্ষের ১৫২ রান পেরিয়ে যেতে ৫৭ রানের ইনিংস খেলেন রিজওয়ান।
৫ চারে সাজানো ৪৩ বলের ইনিংসটির সৌজন্যে ম্যাচ সেরার পুরস্কারও জিতলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বার হলেন ‘ম্যান অব দা ম্যাচ।’ গত বছর সংযুক্ত আরব আমিরাত আসরে নামিবিয়ার বিপক্ষে অপরাজিত ৭৯ রান করে হয়েছিলেন ম্যাচ সেরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাদশবার এই স্বীকৃতি জিতলেন রিজওয়ান। পাকিস্তানের হয়ে যৌথভাবে যা সর্বোচ্চ। তার সমান ১১বার ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাবেক দুই অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও শাহিদ আফ্রিদি। তাদেরকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নেওয়ার দারুণ সুযোগ রয়েছে ৩০ বছর বয়সী রিজওয়ানের সামনে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে এদিন রান তাড়ায় শুরু থেকেই আক্রমণ চালান রিজওয়ান। বোল্টের দ্বিতীয় ওভারে আরও দুটি চার মারেন তিনি। পরে টিম সাউদিকে মারেন টানা দুটি।
রিজওয়ানের সবগুলো বাউন্ডারি আসে পাওয়ার প্লেতে। এরপর তিনি এগোতে থাকেন প্রান্ত বদল করে, দেখেশুনে খেলে। ৩৬ বলে স্পর্শ করেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৩তম।
শেষ ১৯ বলে যখন ২১ রান চাই পাকিস্তানের, তখন বিদায় নেন রিজওয়ান। বোল্টের ফুলটস বল উড়িয়ে মেরে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েন তিনি।
রিজওয়ানের সঙ্গে উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে ১০৫ রান এনে দেন বাবর আজম। পাকিস্তান অধিনায়ক খেলেন ৭ চারে ৪২ বলে ৫৩ রানের ইনিংস।
এর আগে নিউ জিল্যান্ডে লড়ার মতো পুঁজি এনে দেন ড্যারিল মিচেল ও কেন উইলিয়ামসন। একটি করে ছক্কা-চারে ৪২ বলে ৪৬ রান করেন উইলিয়ামসন। মিচেল অপরাজিত থাকেন এক ছক্কা ও ৩ চারে ৩৫ বলে ৫৩ রান করে।
রিজওয়ান ও বাবরের ব্যাটিংয়ের সামনে এই সংগ্রহ নিয়ে লড়াই করতে পারেনি কিউইরা।
