২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘নো বল’ নাটকের আগে ও পরে

আম্পায়ারের ‘নো বল’ সঙ্কেত দেখার পর শুরুতে হতচকিত হয়ে যায় বাংলাদেশ দল, এরপর নিজেদের সামলে নেয় দ্রুতই।

‘নো বল’ নাটকের আগে ও পরে

এভাবেই সোহান স্টাম্পের সামনে থেকে বল ধরায় ‘নো বল’ ডাকা হয়। ছবি: ভিডিও থেকে

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

ব্রিজবেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 07:19 PM

Updated : 14 Dec 2022, 07:56 PM

টানা দুই স্টাম্পিংয়ে ম্যাচ শেষ হতেই শুরু হলো বাংলাদেশের উদযাপন। বোলার মোসাদ্দেক হোসেনকে ঘিরে দলের অন্যরা। দুর্দান্ত বোলিং করা তাসকিন আহমেদ ছুটে এলেন নাচতে নাচতে। কিছুক্ষণ পর মাঠ ছেড়ে বের হলেন সবাই, জিম্বাবুয়ের ক্রিকেটারদের সঙ্গে করমর্দনের আনুষ্ঠানিকতাও শেষ হলো। ডাগ আউটের আশেপাশে গ্যালারির দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তাসকিন, মোসাদ্দেকরা। পুরস্কার বিতরণীর মঞ্চ মাঠে নেওয়ার তোড়জোর চলছে। হঠাৎ অ্যালান ডোনাল্ড বললেন, “ইটস নট ওভার ইয়েট…।” 

রোমাঞ্চ-উত্তেজনার ঢেউয়ে ভেসে, স্নায়ুর চাপকে হারিয়ে মাত্রই জয় ধরা দিয়েছে। স্বস্তির ছায়া তখন বাংলাদেশ দলের সবার শরীরী ভাষায়। হাই-ফাইভ, পরস্পরকে আলিঙ্গনে জড়ানোর পালা চলছে। কিন্তু ম্যাচ আসলে তখনও শেষই হয়নি! 

ঠিক ওই সময়ে দলের অবস্থার চিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তুলে ধরলেন বাংলাদেশের টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম। 

“ডোনাল্ডের কথা শুনে সবাই অবাক হয়ে তাকাতে থাকে চারপাশে। মাঠের বড় পর্দায় দেখলাম, ‘নট আউট’ লেখা। পেছনে তাকিয়ে দেখি, আম্পায়ার হাত ইশারায় ডাকছেন। সবাই তখন আসলে হতচকিত হয়ে গেছে। কয়েকজন বলছিল, আগে আমরা রিপ্লে দেখে নেই। তবে সবাই আসলে বুঝে ফেলে, সোহানের আগে বল ধরার ব্যাপারই হয়েছে, আর কিছু তো সম্ভব নয়।” 

“আসলে এমন একটি অবস্থা, কিছু করার ছিল না। এখানে তো অভিযোগ করারও কিছু নেই। ওই মুহূর্তে আসলে কিছুটা ভয়ঙ্কর অবস্থা ছিল। তবে একটা ব্যাপার ছিল যে, রিঅ্যাকশন টাইম খুব বেশি ছিল না। খুব বেশি ভাবার সুযোগ তাই ছিল না।” 

আম্পায়ার তাড়া দেওয়ায় হতচকিত ভাবটা কাটিয়ে দ্রুতই গুছিয়ে নেয় দল। ভাবনার গভীরে ডুব দেওয়ার সময় না থাকায় নেতিবাচক ভাবনাও খুব বেশি আসেনি। আর একটি বল কাজটা ঠিকঠাক করতে হবে, স্রেফ এই ভাবনা নিয়ে মাঠে নেমে সেটা পূরণ করেও আসেন তারা।

Image

শেষ বলটি ফ্রি হিট পেয়েও ব্যাটে-বলে করতে পারলেন না মুজারাবানি। এবার ঠিকঠাক ধরলেন সোহান। ছবি: ভিডিও থেকে

ম্যাচের পর অফিসিয়াল ব্রডকাস্টার জিটিভির সঙ্গে আলোচনায় বোলিং কোচ ডোনাল্ড বললেন, ওই মুহূর্তটিতে শঙ্কার জায়গা কিছুটা হলেও ছিল তাদের মনে। 

“আমরা প্রায় গোসল করতে চলে গিয়েছিলাম। এরপর দেখলাম, আম্পায়াররা বললেন মাঠে ফিরতে। এর চেয়ে টেনশনের সমাপ্তি আর হতে পারত না! শেষ বলটি আরেকবার করা… এখানে একটু ভাগ্যকেও পাশে পেতে হয়, ব্যাটিংয়ে টেইল-এন্ডার থাকলেও। এভাবে অনেক সময়ই ম্যাচ হারতে হয়।” 

“ব্যাপারটি খুব ছোট ব্যবধানের। আজকে ছেলেরা যেভাবে লড়েছে, এটা অসাধারণ।” 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল আথারটন বললেন, এই ধরনের কিছু তিনি কখনও দেখেননি। তাসকিন আহমেদের কাছে তিনি জানতে চাইলেন। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে বাংলাদেশের ফাস্ট বোলারও বললেন, তার জীবনেও এটি প্রথম অভিজ্ঞতা। 

এই অভিজ্ঞতা প্রথম আসলে বাংলাদেশ দলের সবার জন্যই, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন ৫৫ বলে ৭১ রানের ইনিংস খেলা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

“আমি কখনও এমন দেখিনি। আমার জন্য একদম নতুন। আমার মনে হয়, আমাদের সবার জন্যই একদম নতুন একটা অভিজ্ঞতা। চাপের মধ্যেও মোসাদ্দেক দারুণ বোলিং করেছে। দিনশেষে ফলটা আমাদের পক্ষে এসেছে।”  

Image

অবশেষে জয় ধরা দিল, দ্বিতীয় দফায় জয়ের উদযাপন সাকিবের। ছবি: ভিডিও থেকে

বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটি হেরে গেলে নিশ্চিতভাবেই ‘খলনায়ক’ হতেন কিপার সোহান। আগের ম্যাচেও তার কারণে ৫ রান পেনাল্টি হজম করতে হয় দলকে। এবার তো ম্যাচই ফসকে যেতে পারত তার ভুলে। শেষ পর্যন্ত জিততে পারায় দলের অন্য সবার চেয়ে বড় স্বস্তি হয়তো তিনিই পেয়েছেন। 

ম্যাচের পর ড্রেসিং রুমে সোহানকে কাঠগড়ায় দাঁড় করানো হয়নি বলেই জানালেন টিম অপারেশন্স ম্যানেজার। টুকটাক মজা ও খুনসুটির শিকার অবশ্য হতে হয়েছে তাকে। 

এমনিতে প্রত্যাশিত জয় হলেও শেষের রোমাঞ্চ আর অনিশ্চয়তা জয়টিকে করে তুলেছে স্মরণীয়। তবে উদযাপনে বিশেষ কিছু করেনি দল। ড্রেসিং রুমে বিজয় সঙ্গীত গাওয়া আর হোটেলে ফিরে মিটিং রুমে আড্ডা দেওয়া, মজা করা পর্যন্তই। এরপর সবাই যে যার কক্ষে। অপেক্ষা পরদিনের ফ্লাইটের জন্য। 

সোমবার বিকেলের ফ্লাইটে ব্রিজবেন থেকে অ্যাডিলেইডে যাবে দল। সেখানে দুটি ম্যাচের প্রতিপক্ষ উপমহাদেশের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান।