২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বংসী ইনিংসে ম্যাক্সওয়েলের ‘প্রথম’

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন অস্ট্রেলিয়ার এই বিস্ফোরক ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 06:37 PM

Updated : 04 Nov 2022, 06:37 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশটির বেশি ম্যাচ খেলে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু জেতা হচ্ছিল না ম্যাচ সেরার পুরস্কার। এবার সেই অপ্রাপ্তি ঘুচল তার। আফগানিস্তানের বিপক্ষে বিস্ফোরক ইনিংসে অস্ট্রেলিয়ার জয়ে অবদান রেখে প্রথমবার হলেন তিনি ম্যাচ অব দা ম্যাচ।

অ্যাডিলেইডে শুক্রবার বাঁচা-মরার ম্যাচে ৪ রানে জিতেছে স্বাগতিকরা। ম্যাক্সওয়েলের ফিফটিতে ১৬৮ রান তুলে আফগানদের থামিয়ে দিয়েছে তারা ১৬৪ রানে।

ছয় নম্বরে নেমে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ৩২ বলের ইনিংস সাজান তিনি ২ ছক্কা ও ৬ চারে। পরে দুর্দান্ত এক সরাসরি থ্রোয়ে গুলবাদিন নাইবকে রান আউট করে ভাঙেন মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটি। ম্যাক্সওয়েল ধরেন একটি ক্যাচও।

এমন পারফরম্যান্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪তম ম্যাচে এসে সেরার পুরস্কার জিতলেন ম্যাক্সওয়েল। এই সংস্করণের বৈশ্বিক আসরে প্রথম খেলেন তিনি ২০১২ সালে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৮ ম্যাচের ক্যারিয়ারে এটি ম্যাক্সওয়েলের সপ্তম ম্যাচ সেরার স্বীকৃতি।

আফগানদের বিপক্ষে এদিন একাদশ ওভারে উইকেটে যান ম্যাক্সওয়েল। মুখোমুখি দ্বিতীয় বলে ডাবল নিয়ে রানের খাতা খোলেন তিনি। পরের ওভারে মোহাম্মদ নবিকে চার মেরে পান প্রথম বাউন্ডারির দেখা।

নাইবকে ওভারে একটি করে ছক্কা ও চার হাঁকান ম্যাক্সওয়েল। ফজল হক ফারুকির বলে ডিপ মিডউইকেটে দারুণ চেষ্টা করেও তার ছক্কা আটকাতে পারেননি রশিদ খান।

ইনিংসের শেষ ওভারে ফারুকিকে চার মেরে ২৯ বলে দশম টি-টোয়েন্টি ফিফটিতে পা রাখেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা তার দ্বিতীয়। ইনিংসের শেষ বলেও এই পেসারকে চার মারেন ডানহাতি এই ব্যাটসম্যান। 

রান তাড়ায় শেষ দিকে অস্ট্রেলিয়ার বুকে কাঁপুনি ধরিয়ে দেন রশিদ। ৪ ছক্কা ও ৩ চারে তার ২৩ বলে ৪৮ রানে ইনিংসে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি আফগানিস্তান।