অ্যাডিলেইডে ফিরে বাংলাদেশ-দুঃস্বপ্ন মনে পড়েছে ইংলিশদের
২০১৫ বিশ্বকাপে এই মাঠে বাংলাদেশের কাছে হারার পর ইংলিশ ক্রিকেটের গতিপথ বদলে যায়, যে পথ ধরে তারা এখন সাফল্যের আরেকটি ঠিকানায় পৌঁছানোর অপেক্ষায়।
‘আমার চোখে এটি বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোর একটি’, সংবাদ সম্মেলনের শুরুতেই একটি প্রশ্নের উত্তরে বললেন জস বাটলার। অ্যাডিলেইড ওভালকে যারা দেখেছেন, খুব বেশি লোকে হয়তো দ্বিমত করবেন না ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে। ইতিহাস, ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে নান্দনিক এক কমপ্লেক্স এটি। কিন্তু এই মাঠই তো স্বাক্ষী ইংলিশ ক্রিকেটের বিভীষিকার। বাটলার মৃদু হেসে বললেন, একটু আগেই ড্রেসিং রুমে তারা এটি নিয়ে আলাপ করেছেন!
সব সংস্করণ মিলিয়ে এই মাঠে সবশেষ ৬ ম্যাচেই হেরেছে ইংল্যান্ড। কিন্তু একটি ইংলিশ ক্রিকেটকে স্তব্ধ করে দিয়েছিল একটি হার। ২০১৫ বিশ্বকাপে যে ম্যাচে বাংলাদেশের কাছে হেরে তারা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। শেষ সময়ের রোমাঞ্চে রুবেল হোসেন যখন জিমি অ্যান্ডারসনকে বোল্ড করে জয়ের উল্লাসে ছুটতে থাকেন দিগ্বিদিক, ইংলিশরা তখন স্তম্ভিত বসে ডাগআউট আর ড্রেসিং রুমে।
ধারাভাষ্যকক্ষে তখন নাসের হুসেইনের স্মরণীয় সেই উচ্চারণ, ‘দা বাংলাদেশ টাইগার্স হ্যাভ নকড দা ইংল্যান্ড লায়ন্স আউট অব দা ওয়ার্ল্ড কাপ। ওয়ান অব দি গ্রেটেস্ট ডেজ ইন বাংলাদেশ ক্রিকেট হিস্টরি, ওয়ান অব দা লোয়েস্ট পয়েন্ট অব ইংলিশ হিস্টরি…।”
জস বাটলার ছিলেন নেই ম্যাচে। ৫২ বলে ৬৫ রানের দারুণ ইনিংস খেললেও সেদিন তিনি আউট হয়ে যান গুরুত্বপূর্ণ সময়ে। সাড়ে ৭ বছর পর সেই দুঃসময় স্মৃতি মনে করে বাটলার এখন হাসতে পারছেন। কারণ, ইংলিশ ক্রিকেট তখন তলানিতে ঠেকলেও সেখান থেকেই শুরু হয়েছিল মাথা উঁচু করে দাঁড়ানোর প্রক্রিয়া।
ওই হার থেকেই শুরু সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের পালাবদলের। সীমিত ওভারের ক্রিকেট নিয়ে নিজেদের ভাবনা, মানসিকতা, ধরন, সব বদলে ফেলে ইংলিশরা। ইতিহাস ও ঐতিহ্যপ্রিয় ক্রিকেট জাতি সময়ের দাবি উপলব্ধি করে দুহাত বাড়িয়ে আলিঙ্গন করে আধুনিকতাকে। সাফল্যের উষ্ণ পরশও মিলতে থাকে সেই বন্ধন থেকেই।
২০১৫ বিশ্বকাপের পর ঘুরে দাঁড়ানোর পথ ধরে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে ইংল্যান্ড। সেখানে হেরে যায় কার্লোস ব্র্যাথওয়েটের শেষ ওভারের বীরত্বে। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সেমি-ফাইনালে খেলে। দেশের ক্রিকেটের ৪৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে ট্রফির দেখা পায় তারা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমি-ফাইনালের আগে তাদের থামানো যায়নি।
সেই ছুটে চলার পালা অব্যাহত অস্ট্রেলিয়ার শহর থেকে শহরেও। বাটলার বুধবার অ্যাডিলেইড ওভালের সংবাদ সম্মেলনে এলেন আরেকটি সেমি-ফাইনাল খেলার আগের দিন। ২০১৫ সালের বিপর্যয়ের পর সীমিত ওভারের ক্রিকেটে আইসিসি টুর্নামেন্টে এটি তাদের টানা পঞ্চম সেমি-ফাইনাল।
এই মাঠে এবারের বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ এটি। অবধারিতভাবেই তাই উঠে এলো ২০১৫ সালে এই আঙিনায় মুখ থুবড়ে পড়ার স্মৃতি। ওই ম্যাচের পর দুই দফার সফরে এখানে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছে ইংলিশরা। কিন্তু এবার ম্যাচ যখন বিশ্বকাপের, বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচই তো ফিরে আসে।
বাটলার ছাড়াও এবারের ইংল্যান্ড দলের মইন আলি, অ্যালেক্স হেলসরা ছিলেন সেই ম্যাচে। ইংলিশ ক্রিকেট যেমন ওই সময়টায় বাংলাদেশের কাছে হারকে এড়িয়ে না গিয়ে এটিকেই করে নিয়েছে নিজেদের নতুন করে গোছানোর প্রেরণা, এত বছর পর বাটলারও তা এড়িয়ে গেলেন না।
“সত্যি বলতে, আমরা ড্রেসিং রুমে এটা নিয়েই কথা বলছিলাম। আমরা কয়েকজন ছিলাম সেই ম্যাচে। কোনো মাঠে গেলে কিছু মুহূর্ত বা স্মৃতি তো মনে পড়েই। সবসময় তা সুখস্মৃতি হয় না দুর্ভাগ্যজনকভাবে।”
ব্যর্থতার সেই আঁধার কাটিয়ে ইংলিশ ক্রিকেটে এখন যে আলো ঝলমলে সময়, বাটলারও তাতে অবগাহন করলেন তৃপ্তি নিয়ে।
“ওই ম্যাচের পর থেকে সাদা বলের খেলায় ইংলিশ ক্রিকেটের মানসিকতার পরিবর্তন তো পরিষ্কার। বিশেষ করে, আমরা এখন যেভাবে খেলি। নতুন ঘরানায় খেলেই আমরা ভালো ফল পেয়েছি। এই প্রক্রিয়ায় তাই আমাদের আস্থা প্রবল।”
“সম্প্রতি পাকিস্তান সফরে তরুণরাও যেমন খেলেছে, তাতে স্পষ্ট যে এই ভয়ডরহীন খেলা এখন ইংলিশ ক্রিকেটে বদ্ধমূল হয়ে গেছে। এই ভ্রমণের অংশ হতে পারা অসাধারণ। ওই সময়টায় ফিরে গেলে… নিশ্চিতভাবেই খাদের কিনারায় চলে গিয়েছিলাম আমরা। সেখান থেকে নিজেদের বদলে ফেলা, একের পর এক সেমি-ফাইনাল খেলা এবং যে প্রত্যাশা নিয়ে আমরা প্রতিটি আসর এখন শুরু করি, এসবের অংশ হতে পারা দুর্দান্ত কিছু।”
ইংলিশ ক্রিকেটে সুসময় হলেও এই অ্যাডিলেইড ওভালের সঙ্গে তো কিছু হিসাব চুকানোর আছে বাটলারদের। সেই সুযোগ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে।
