চমৎকার ইনিংসে ফের ভারতের নায়ক কোহলি
টি-টোয়েন্টিতে ম্যাচ সেরার রেকর্ড আরও সমৃদ্ধ করলেন ভারতীয় এই তারকা।
ব্যাট হাতে সময়টা দুর্দান্ত কাটছে বিরাট কোহলির। টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক দারুণ সব ইনিংস উপহার দিয়ে চলেছেন তিনি। আরেকটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়ের ভিত গড়ে দেন এই তারকা ব্যাটসম্যান।
অ্যাডিলেইডে বুধবার সুপার টুয়েলভের রোমাঞ্চকর ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ রানে জিতেছে ভারত। কোহলি ও লোকেশ রাহুলের ফিফটিতে ১৮৪ রান করে দলটি। পরে বৃষ্টির বাগড়ায় ১৬ ওভারে ১৫১ রানের লক্ষ্যে বাংলাদেশ থামে ১৪৫ রানে।
দলকে বড় পুঁজি এনে দেওয়ার পথে কোহলি করেন অপরাজিত ৬৪ রান। তার ৪৪ বলের ইনিংসটি গড়া ১ ছক্কা ও ৮ চারে। এই পারফরম্যান্সে এবারের আসরে দ্বিতীয়বার জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে ১৫বার এবং এই সংস্করণের বৈশ্বিক আসরে সপ্তমবার এই স্বীকৃতি জিতলেন কোহলি। দুই জায়গায়ই সবচেয়ে বেশিবার ম্যাচ সেরার রেকর্ড আরও সমৃদ্ধ করলেন তিনি।
রোহিত শর্মার বিদায়ে চতুর্থ ওভারে উইকেটে যান কোহলি। মুখোমুখি হওয়া প্রথম বলে সিঙ্গেল নিয়ে খোলেন রানের খাতা। পরের দুই বলে মারেন দুই চার।
৪ ছক্কা ও ৩ চারে ৩২ বলে ৫০ করে ফেরেন রাহুল। কিন্তু এক প্রান্ত আগলে রেখে নিজের মতো খেলে যান কোহলি। মুস্তাফিজুর রহমানকে টানা দুই চার মেরে চল্লিশের ঘরে পা রাখেন তিনি।
এক ওভার পর স্পর্শ করেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৬তম ফিফটি। এবারের বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে এটি তার তৃতীয় পঞ্চাশ। ১৯তম ওভারে হাসান মাহমুদকে চার ও ছক্কায় ওড়ান কোহলি।
রান তাড়ায় লিটন দাসের ৬০ রানে পাল্টা জবাব ভালোই দেয় বাংলাদেশ। কিন্তু বৃষ্টির পর ঘুরে যায় ম্যাচের মোড়। শেষ পর্যন্ত দারুণ লড়াই করে হারের তেতো স্বাদ পায় সাকিব আল হাসানরা।
