২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডিলেইডের ঠাণ্ডা আর বৃষ্টির সঙ্গে উইকেট না দেখার অতৃপ্তি

পেশাদার হিসেবে প্রচণ্ড ঠাণ্ডায় মানিয়ে নিতেই হবে, বলছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

অ্যাডিলেইড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2022, 05:28 PM

Updated : 01 Nov 2022, 05:28 PM

ইংল্যান্ডের আবহাওয়ার অনিশ্চয়তা নিয়ে কত গল্প আছে। কিন্তু অ্যাডিলেইডে কয়েক ঘণ্টা কাটিয়েই মনে হচ্ছে, এখানকার আবহাওয়ার চেয়ে অনুনমেয় কিছু আর হতে পারে না। এই প্রচণ্ড রোদ তো পরের মুহূর্তেই ঘনকালো মেঘে চারপাশ অন্ধকার। কোনো আভাস ছাড়াই ঝপ করে হুটহাট বৃষ্টি। টিপ টিপ বৃষ্টি চোখের পলকে রূপ নেয় তীব্র জলধারায়। দৌড়ে ছুটে গিয়ে কোথাও আশ্রয় নিতে নিতেই আবার ঝকঝকে রোদ! 

রোদ-মেঘ-বৃষ্টির এই পালা চলতে থাকে অবিশ্বাস্য দ্রুততায়। এত দ্রুত আবহাওয়ার এতটা নাটকীয় পরিবর্তন অ্যাডিলেইডে খেলা কাভার করতে আসা বাংলাদেশের সংবাদকর্মীদের জন্য এলো মহাবিস্ময় হয়ে। বিড়ম্বনাও কম হলো না। একবার-দুইবার নয়, আবহাওয়ার এমন পরিবর্তন মঙ্গলবার সকাল-দুপুর-বিকেলে চলতে থাকল ক্রমাগত। 

আবহাওয়ার দুটি ক্ষেত্রে অবশ্য পরিবর্তন নেই, প্রচণ্ড বাতাস আর তীব্র শীত। হোবার্টেও এই দুটি প্রতিকূলতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এখানেও তার সঙ্গী। কখনও কখনও বরং হোবার্টের চেয়ে বেশি বলেই মনে হলো। বিশেষ করে, বৃষ্টির সময়টুকুতে প্রচণ্ড ঠাণ্ডা বাতাস সত্যিকার অর্থেই কাঁপন ধরায় যেন শরীরের প্রতিটি হাড়ে।

ব্রিজবেনে আবহাওয়া ও ম্যাচের ফলাফল, দুই দিক থেকেই উষ্ণতার পরশ পেয়েছে বাংলাদেশ দল। বেশ আরামদায়ক ছিল আবহাওয়া। মাঠের ক্রিকেটেও ধরা দিয়েছে প্রত্যাশিত সাফল্য। কিন্তু অ্যাডিলেইডে আবার সেই তীব্র শীতলতায় মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। 

ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন দুপুরে এই অবস্থার মধ্যেই অ্যাডিলেইড ওভালে সংবাদ সম্মেলনে এলেন সাকিব আল হাসান। আগের দিনই দল থেকে জানানো হয়েছিল যে এ দিন অনুশীলন হবে না। তবে মাঠে আসায় উইকেট দেখার সুযোগ ছিল সাকিবের। সেটিও হলো না।

তাই উইকেটের সম্ভাব্য আচরণ কিংবা দ্রুত পরিবর্তনশীল কন্ডিশন, সবকিছু নিয়েই অনিশ্চয়তা বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে। 

“বৃষ্টি হচ্ছে, কেউ পিচ দেখেনি। তাই বলা মুশকিল। আর পিচ দেখলেই যে বলা যাবে কেমন কন্ডিশন, কেমন পিচ, তাও নয়। খুবই কঠিন এখানে। খেলা শুরুর আগে এটা বলা কঠিন।” 

অস্ট্রেলিয়ায় এবার বিশ্বকাপ খেলতে এসে আবহাওয়ার নানা রূপের সঙ্গে পরিচয় হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। একেক শহর নিজেকে উপ্থাপন করছে একেক রূপে। খেলা, ভ্রমণ, আবার খেলা, সবকিছু এত দ্রুত হচ্ছে যে মানিয়ে নেওয়ার কাজটি কঠিন। তবে পেশাদার ক্রীড়াবিদ হিসেবে মানিয়ে নেওয়ার কোনো বিকল্প দেখেন না অধিনায়ক। 

“একটু কঠিন (আবহাওয়া)। হোবার্টে আমরা যখন খেলেছি, খুব ঠাণ্ডা ছিল। বিশেষ করে যারা উপমহাদেশ থেকে এসেছে, তাদের জন্য প্রচণ্ড ঠাণ্ডা ছিল। এরপর সিডনিতে গেলাম, খুব ভালো ছিল। ব্রিজবেনও ভালো ছিল। এখন আবার ঠাণ্ডা আবহাওয়া পেলাম। আমাদের মানিয়ে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই।” 

“অবশ্যই এটি খুব কঠিন। শুধু বোলিং বা ফিল্ডিং নয়, ব্যাটিংয়ের জন্যও মানিয়ে নেওয়া কঠিন। অস্বীকার করার উপায় নেই। তবে বেশিরভাগ আন্তর্জাতিক খেলোয়াড়, তাদের ক্যারিয়ারের কোনো না কোনো অংশে এমন কন্ডিশন অথবা নানারকম কন্ডিশনে খেলেছে। তারা জানে কীভাবে এটি সামলাতে হয়।”

বাংলাদেশের মতো আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ আছে ভারতেরও। তবে ভারতীয় ক্রিকেটারদের জন্য কাজটা তুলনামূলক একটু হলেও সহজ হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। 

“ভারতীয় দল এখানে কত টেস্ট ম্যাচ খেলেছে, কতবার ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। আমাদের প্রায় সবার জন্য নতুন, সম্ভবত আমি ও তাসকিন বাদে। তো স্বাভাবিকভাবেই একইরকম অনুভূতি না অবশ্যই। আমাদের যেটা চেষ্টা থাকবে মাঠে শতভাগ দেওয়া এবং দলের জন্য ভালো ফল নিয়ে আসা।” 

শুধু কন্ডিশনই নয়, সাকিবের মতে, এই ম্যাচে আরও একদিক থেকে পরিষ্কার এগিয়ে থাকবে ভারত। তা হলো গ্যালারির সমর্থন। বিশ্বের বেশির ভাগ নিরপেক্ষ ভেন্যুর মতো অস্ট্রেলিয়ার মাঠ থেকে মাঠেও প্রবাসী ভারতীয়দের জোয়ার থাকে সাধারণত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও তা থাকবে নিশ্চিতভাবেই। তবে সেই আবহে বাংলাদেশও নিজেদের মেলে ধরতে পারবে বলে বিশ্বাস অধিনায়কের। 

“আমার মনে হয় না এটি কোনো সমস্যা হবে। কারণ আমরা মানসিকভাবে তৈরি আছি খেলার জন্য। অবশ্যই আমার ধারণা, গ্যালারি ভরা থাকবে, কারণ আমরা ভারতের বিপক্ষে খেলব। তারা অস্ট্রেলিয়ার যেখানেই খেলে, সবসময় অনেক দর্শক পায়। আশা করি, রোমাঞ্চকর ম্যাচ হবে ও আমাদের দল উপভোগ করবে।”