০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলা, বিসিবির সতর্কবার্তা

বিসিবির ইনস্টাগ্রাম প্রোফাইলে দফায় দফায় অননুমোদিত প্রবেশের চেষ্টা করছে হ্যাকাররা।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলা, বিসিবির সতর্কবার্তা

ছবি: স্ক্রিনশট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 05:30 PM

Updated : 02 Nov 2026, 05:30 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে হ্যাকাররা। বিসিবি জানিয়েছে, দফায় দফায় অননুমোদিত প্রবেশের চেষ্টা এখনও চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে সোমবার বিকেলে দেওয়া এক জরুরি সতর্কবার্তায় এই খবর জানিয়েছে বিসিবি।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দফায় দফায় দখলের চেষ্টা করে অ্যাকাউন্টটি থেকে ক্রিকেটার, কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে বার্তা পাঠানো হচ্ছে। এসব বার্তায় অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও বেটিং ওয়েবসাইটের লিংকসহ ফিশিং লিংক জুড়ে দেওয়া হচ্ছে।

সতর্কবার্তায় বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাওয়া যে কোনো লিংক এড়িয়ে যাওয়ার অনুরোধ করেছে বোর্ড।

“পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাওয়া কোনো লিংকে ক্লিক, ওপেন বা যুক্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই বার্তাগুলো উপেক্ষা করুন এবং এই জাতীয় লিংকের মাধ্যমে কোনো ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা লগইন ক্রেডেনশিয়াল শেয়ার করবেন না।

“অ্যাকাউন্ট পুনরুদ্ধার এবং নিরাপত্তা প্রক্রিয়া চলমান রয়েছে। অ্যাকাউন্টটি পুরোপুরি সুরক্ষিত হয়ে গেলে আমরা পরবর্তী তথ্য জানাব।”