সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলায় ইরানকে দায়ী করছে ফ্রান্স
হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে ইউরোপীয় নিষেধাজ্ঞা চাইবে ফ্রান্স।
সুপারমার্কেটের রেফ্রিজারেশন ইউনিটে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে ফ্রান্স।
আল জাজিরা জানিয়েছে, ওই সাইবার হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে ফ্রান্স সরকার। এ নিয়ে ইরানি রাষ্ট্রদূতকে তলবও করা হয়েছে। হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে ইউরোপীয় নিষেধাজ্ঞা চাইবে ফ্রান্স।
প্যারিসের কৌঁসুলিরা সোমবার এক বিবৃতিতে দাবি করেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত একটি সাইবার ইউনিট এ হামলা চালিয়েছে।
গত ১২ নভেম্বর ওই সাইবার হামলায় ফ্রান্সজুড়ে এক হাজারের বেশি সুপারমার্কেটের খাদ্যপণ্য সংরক্ষণের হিমাগার ও রেফ্রিজারেশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। তাপমাত্রা বেড়ে গিয়ে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটে।
তাতে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়, যার দাম কয়েক মিলিয়ন ডলার।
আল জাজিরা লিখেছে, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ভাষায় এ হামলার নিন্দা জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো প্যারিসে জি-৭ বৈঠকের ফাঁকে বলেন, ‘ভয়ানক এই কর্মকাণ্ডের’ জোরালো প্রতিবাদ জানাতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
“এ ধরনের হামলা অপ্রত্যাশিত এবং ঔদ্ধত্যপূর্ণ। ফ্রান্সের মাটিতে নাশকতা ঘটাতে এই প্রথমবারের মত ভয়াবহ মাত্রার সাইবার হামলা ঘটল। এটি আমাদের জাতীয় স্বার্থ এবং ফ্রান্সের জনগণের নিরাপত্তার জন্য বড় আঘাত। এর জবাব না দিয়ে বসে থাকা যায় না।”
বারো বলেন, “এই হামলার জবাব দেওয়া হবে এবং ভবিষ্যতে কেউ যাতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটাতে সাহস না পায়, তা নিশ্চিতে আমরা সব ধরনের ব্যবস্থা নেব। সেগুলো প্রকাশ্য কিংবা গোপন–যে কোনোভাবেই হতে পারে।”
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি নিশ্চিত করতে পারি, এই হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে আমরা ইউরোপীয় নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেব।”
এদিকে প্যারিসের কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, হামলায় দায়ী আইআরজিসির সাইবার ইউনিট ‘শহিদ কাভেহ’-এর প্রধান এবং দুই উপপ্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
দেশটির তদন্তকারীদের দাবি, হামলাকারীরা ইরানে থাকা ডিভাইসের সঙ্গে সংশ্লিষ্ট আইপি ঠিকানা থেকে হামলা চালিয়েছে। তারা ইন্টারনেটের মাধ্যমে সুপারমার্কেটগুলোর রেফ্রিজারেশন ব্যবস্থায় ঢুকে পড়ে। এরপর দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে রাতের বেলা ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে যায়।
তাতে কোথাও কোথাও যন্ত্রপাতির বিভিন্ন অংশ গলে যায়। তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফ্রান্সের বড় সুপারমার্কেট চেইন ই-লেক্লের, ইন্টারমার্শে, ক্যারেফোর, মনোপ্রি এবং কোঅপারেটিভ ইউসহ অন্তত এক হাজার সুপারমার্কেট এ হামলার শিকার হয়।
আল জাজিরা লিখেছে, ফ্রান্সের দাবির ব্যাপারে ইরানের কোনো বক্তব্য না মিললেও গ্লোবাল সাইবার রিস্ক এলএলসির প্রধান নির্বাহী জোডি ওয়েস্টবি বলেছেন, এ হামলার জন্য দায়ী গোষ্ঠীকে সরাসরি শনাক্ত করা খুবই কঠিন।
“তার কারণ হল, আন্তর্জাতিক সাইবার অপরাধের তদন্তে বিভিন্ন দেশের মধ্যে পর্যাপ্ত সহযোগিতার অভাব।”
ওয়েস্টবি বলেন, “রাশিয়া, ইরান, চীন ও উত্তর কোরিয়াকে এ ধরনের সাইবার হামলার প্রধান অপরাধী হিসেবে বিবেচনা করা হয়।”
