১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

২ বছর পর শ্রীলঙ্কার টেস্ট একাদশে নিসাঙ্কা

আগের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন কুসাল মেন্ডিস ও ভিশ্ব ফার্নান্দো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 09:42 AM

Updated : 26 Aug 2026, 10:21 AM

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের একাদশে দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। দুই বছর পর সাদা পোশাকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন পাথুম নিসাঙ্কা। এক ম্যাচ পর একাদশে ফিরেছেন লাহিরু কুমারা। 

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। আগের দিন ম্যাচের একাদশ ঘোষণা করেছে লঙ্কানরা। বাদ পড়েছেন কুসাল মেন্ডিস ও ভিশ্ব ফার্নান্দো।

৫ উইকেটে হেরে যাওয়া ম্যানচেস্টার টেস্টে ব্যাট হাতে একেবারেই নিষ্প্রভ ছিলেন মেন্ডিস। প্রথম ইনিংসে ২৪ রান করা এই টপ অর্ডার ব্যাটসম্যান দ্বিতীয়ভাগে খুলতে পারেননি রানের খাতা। এই ব্যর্থতায় একাদশে জায়গা হারালেন তিনি।

মেন্ডিসের বদলে সুযোগ পাওয়া নিসাঙ্কা সবশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের জুলাইয়ে, গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখন পর্যন্ত এই সংস্করণে ৯ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ৫ ফিফটিতে তার রান ৫৩৭। ব্যাটিং গড় ৩৮.৩৫।

লর্ডস টেস্টের একাদশে ডাক পাওয়া কুমারা ক্যারিয়ারের ২৮ টেস্টের সবশেষটি খেলেছেন বাংলাদেশ সিরিজে, গত মার্চ-এপ্রিলে। ৮৫ টেস্ট উইকেট নেওয়া এই পেসারকে ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে খেলায়নি লঙ্কানরা।

কুমারা যার জায়গায় এসেছেন সেই ভিশ্ব ফার্নান্দো ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে কোনো শিকার ধরতে পারেননি বাঁহাতি এই পেসার। তার বোলিংয়ে ছিল না তেমন কোনো ধারও। তাই তাকে বসিয়ে দিয়েছে শ্রীলঙ্কা।

লর্ডস টেস্টের ইংল্যান্ড একাদশ: দিমুথ কারুনারাত্নে, নিশান মাদুশাঙ্কা, পাথুম নিসাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধানাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, মিলান রাত্নায়েকে, প্রাবাথ জায়াসুরিয়া, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা।