ডাচদের বিপক্ষে বাংলাদেশের প্রতিপক্ষ কন্ডিশনও
শিরোপা লড়াইয়ে হারলেও এশিয়া কাপের পারফরম্যান্সে বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সেই আত্মবিশ্বাসের ওপর ভর দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের বাধা পার হতে চায় বাংলাদেশ। তবে প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে হারাতে ক্রিকেটীয় দক্ষতার সঙ্গে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সামর্থ্যও দেখাতে হবে মাশরাফি বিন মুর্তজার দলকে।
আগামী বুধবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা।
প্রথম রাউন্ডে বাংলাদেশকে পরিষ্কার ফেভারিট মেনে নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন। ক্রিকেটীয় দক্ষতায় বাংলাদেশ ঢের এগিয়ে গ্রুপের আইসিসির তিন সহযোগী দেশের চেয়ে। তবে কাউকে খাটো করে দেখতে রাজি নন অধিনায়ক মাশরাফি। নেদারল্যান্ডসের মতো পরের দুই ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও ওমানকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
এশিয়া কাপের ফাইনালে খেলায় দেরিতে ধর্মশালায় এসেছে বাংলাদেশ। হিমালয়ের কোল ঘেঁষা ধর্মশালার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই চন্দিকা হাথুরুসিংহের শিষ্যদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।
ধর্মশালায় এসেই বৃষ্টি আর ঠাণ্ডার কবলে পড়েছিল বাংলাদেশ। তবে মঙ্গলবার উজ্জ্বল রোদেই একমাত্র অনুশীলন সেশনটি হয় তাদের।
স্টেডিয়ামের অসাধারণ প্রতিবেশ আর দূরে বরফে ঢাকা পর্বত শৃঙ্গের নান্দনিক সৌন্দর্য্য, মুগ্ধ করার মতো। কিন্তু তা উপভোগের কোনো সুযোগ ছিল না ক্রিকেটারদের। দেরিতে আসায় যতটা সম্ভব পুষিয়ে নেওয়ার চেষ্টা ছিল তাদের।
নেটে আল আমিন-তাসকিন আহমেদরা যখন শেষ সময়ের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তখন সময়ের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত তরুণ বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান।
ছোটখাটো চোট রয়েছে আরও অনেকের। কিন্তু এই সময়ে এসে এ সব দেখার সময় নেই। মাশরাফি জানান, চোট-খাটো চোট নিয়েই তাদের খেলে যেতে হয়।
সোমবার বিকালে ধর্মশালায় পৌঁছানো বাংলাদেশ দল নেদারল্যান্ডস ম্যাচের আগে মোটে একটি অনুশীলন সেশন পেয়েছে। সেটাতেও মনের মতো উইকেটে ব্যাটিং করা হয়নি তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের।
ব্যাটিং সহায়ক-বাউন্স আছে এমন ন্যাড়া উইকেটে খেলা হওয়ার কথা। অথচ সৌম্য সরকার-সাব্বির রহমানদের ব্যাটিং করতে হয়েছে ঘাসের উইকেটে। সেখানে ব্যাটিংয়ে বেশ ভুগতে হয়েছে ব্যাটসম্যানদের। অনেকবার বলে ব্যাটই ছোঁয়াতে পারলেন না তারা। তবে উইকেটের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টার কমতি ছিল না তাদের।
বৃষ্টি হলে পাল্টে যেতে উইকেটের চরিত্র। ম্যাচের দৈর্ঘ্য কমলে পাল্টে যাবে হিসাব-নিকাশ। নতুন করে সাজাতে হবে পরিকল্পনা। তাই আবহাওয়ার পুর্বাভাসে বৃষ্টির আভাস থাকলেও ম্যাচে কোনোভাবেই প্রকৃতির বাধা চায় না বাংলাদেশ।
আউটফিল্ড খুব দ্রুতগতির, মাঠও খুব ছোট, বল বের হলেই পৌঁছে যাবে সীমানায়। তাই আগে ব্যাট করলে বড় সংগ্রহই গড়তে হবে মাহমুদউল্লাহদের। ব্যাটিংয়ে তিনিই সবচেয়ে নির্ভরতা যোগাচ্ছেন। দারুণ ছন্দে থাকা এই অলরাউন্ডারকে অবশ্য ব্যাটিং অর্ডারে ওপরে আনার কোনো পরিকল্পনা নেই মাশরাফিদের।
শেষের ঝড় তোলার জন্য মাহমুদউল্লাহর সঙ্গে থাকবেন নাসির হোসেন। তবে বড় রানের ম্যাচে ভালো শুরু এনে দিতে হবে তিন টপ অর্ডার ব্যাটসম্যান তামিম-সৌম্য-সাব্বিরের। এশিয়া কাপে খুব একটা ভালো করেনি বাংলাদেশের উদ্বোধনী জুটি। শুরুতে জ্বলে উঠতে হবে তামিম-সৌম্যকে।
গত কযেক ম্যাচে ব্যাটিংয়ে অনুজ্জ্বল সাকিব-মুশফিককে বড় মঞ্চে স্বরূপে চাইবে বাংলাদেশ। এই দুই তারকার সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই মাশরাফি। অধিনায়কের বিশ্বাস, দলের প্রয়োজনের সময় ঠিকই সেরা ছন্দে দেখা যাবে সাকিব-মুশফিককে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের সম্ভাব্য ভেন্যুগুলো আগেই সরেজমিনে দেখে গেছেন হাথুরুসিংহে। নিখুঁত হোমওয়ার্কের জন্য তার খ্যাতিও কম নয়। এশিয়া কাপের ব্যস্ততার জন্য সেই তিনি প্রতিপক্ষ নিয়ে খুব একটা কাজ করার সুযোগ পাননি।
নেদারল্যান্ডসের ক্রিকেটাররা বাংলাদেশের খুব একটা পরিচিত নন। ২০১২ সালে তাদের বিপক্ষে সর্বশেষ খেলেছিলে মাশরাফি-সাকিবরা। সেই টি-টোয়েন্টি ম্যাচে ১ উইকেটে হেরেছিল বাংলাদেশ। নেদারল্যান্ডস অধিনায়ক সেই কথা মনে রেখে আরেকটি অঘটনের অপেক্ষায় আছেন।
অঘটন ঘটানোর সামর্থ্য পুরো মাত্রায় আছে ডাচ দলটির। স্টেফান মাইবার্গ, বেন ও টম কুপারে গড়া ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। অধিনায়ক বোরেনের নেতৃত্বাধীন বোলিং লাইনআপও পরীক্ষায় ফেলতে পারে মাশরাফির দলকে।
২০১২ সালে বাংলাদেশে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় অসম্ভব এক কাজ করে চূড়ান্ত পর্বে পৌঁছেছিল নেদারল্যান্ডস। আয়াল্যান্ডের বিপক্ষে ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে হত ১৪.২ ওভারে, সেই কাজ তারা করেছিল ১৩.৫ ওভারে!
চূড়ান্ত পর্বে ইংল্যান্ডকে হারিয়ে আবার ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলা বাংলাদেশ মরিয়া এই ধরনের অঘটন এড়াতে।
খেলার মাঠে নিরাপত্তা নিয়ে যেকোনো ধরনের অঘটন এড়াতে একই রকম মরিয়া হিমাচল পুলিশ। স্টেডিয়ামে এলাকা এখন পুলিশের হেড কোয়ার্টার বলে মনে হতে পারে। মাঠের মধ্যে অস্ত্র হাতে পাহারা দিচ্ছে পুলিশ, প্রেস বক্সেও আছে তাদের উপস্থিতি। এমন পুলিশ বেষ্টিত হয়ে অনুশীলন মাশরাফির জন্য নতুন।
ধর্মশালার কন্ডিশনও মাশরাফিদের জন্যও নতুন। তবে এই কন্ডিশনের মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা দিতে কোনো চেষ্টার কমতি নেই ক্রিকেটারদের। সাকিব-তামিম-আল আমিন-তাসকিনদের সেই প্রচেষ্টা সফল হলে প্রত্যাশিত শুরুই হবে বাংলাদেশের।
