সবুজ নেটে অচেনা উইকেটের প্রস্তুতি
প্রথম ম্যাচের আগে একমাত্র অনুশীলন সেশনে নেটে ঘাসে ভরা উইকেট পেয়েছিল বাংলাদেশ। আর ম্যাচের উইকেটে চোখ বুলাতে পেরেছে কেবল ক্ষণিকের জন্য। যুদ্ধক্ষেত্র সম্পর্কে সামান্য একটু ধারণা নিয়েই তাই নামতে হবে মূল লড়াইয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচের আগে একদিনই মাত্র অনুশীলনের সুযোগ। মঙ্গলবার সকালে বাংলাদেশ দল মাঠে ঢুকেছে সোয়া ১০টা নাগাদ। সবার আগে ট্রেনার মারিও ভিল্লাভারায়ণ, কাছ ঘেষে সাকিব আল হাসান। পিছুপিছু গোটা দলই। সবাই প্রথমে এগিয়ে গেলেন উইকেটের দিকে।
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের একটি উইকেটই কেবল খোলা ছিল, বাকি সব আবরণে আচ্ছাদিত। বাংলাদেশ দল দাঁড়িয়ে ছিল খোলা উইকেটের পাশেই। কয়েকজন মাঠকর্মী ছুটে এসে ঢেকে দিলেন সেই উইকেটও। ক্রিকেটাররা কিছুটা অবাক।
তবে উইকেট ঢেকে দেওয়ার কারণ বোঝা গেল খানিক পর। মাঠের কিউরেটর এসে সরিয়ে দিলেন আরেকটি উইকেটের কাভার। খেলা হবে আসলে এই উইকেটেই। এবার দল খানিকটা সময় পেল উইকেট দেখার। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে কোচ চন্দিকা হাথুরুসিংহে হাতের ছোঁয়ায় পরখ করলেন উইকেট।
মঙ্গলবার বিকেল পর্যন্ত উইকেটের চেহারাটা ছিল বেশ অদ্ভুত। ২২ গজের মাঝখানে অনেকটা জায়গা জুড়ে ঘাস, তবে দুই প্রান্ত ন্যাড়া। ম্যাচের দিন মাঝখানের ঘাসটুকু থাকবে কিনা বা আদৌ কতটা থাকবে, বলা মুশকিল। তবে মাঝের ঘাস অতটা না রাখারই কথা।
থাকলেও মাঝখানের ওই ঘাস বড় কোনো প্রভাব ফেলার কারণ নেই। দুই প্রান্তে ব্যাটিংয়ের জায়গাটুকু তো ন্যাড়াই। তবে একমাত্র অনুশীলন সেশনে বাংলাদেশ বাংলাদেশের তিনটি নেটেই ছিল সবুজ উইকেট। ঘাসে ভরা নেট উইকেটে তাসকিন-আল আমিন-আবু হায়দারদের লাফানো বলে ভালোই বেগ পেলেন তামিম-সৌম্য-সাব্বিররা।
মাঠের সীমানা বেশ ছোট। আউটফিল্ড দারুণ গতিময়। সব মিলিয়ে রান হওয়ার কথা যথেষ্টই। এই মাঠের আন্তর্জাতিক ম্যাচগুলোও সেটার সাক্ষ্য দিচ্ছে। ২০১৩ ও ২০১৪ সালে দুটি ওয়ানডে হয়েছে। একটিতে ভারতের ২২৬ রান তাড়া করে ৭ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। পরেরটিতে ভারতের ৩৩০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৭১। একটি মাত্র টি-টোয়েন্টি হয়েছে। এই গত অক্টোবরে সেই ম্যাচে ভারতের ১৯৯ রান তাড়া করেও ৭ উইকেটে জিতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
অবশ্য উইকেটের আচরণ বদলে যায় নানা পারিপার্শ্বিকতায়। ম্যাচের আগে বৃষ্টি হলে, আকাশ মেঘলা থাকলে বদলে যেতে পারে প্রেক্ষাপট। রাতের ম্যাচে কৃত্রিম আলোয় একটু সিম মুভমেন্ট পেতে পারেন বোলাররা। দিনের ম্যাচে সেটির সম্ভাবনা সামান্যই।
সব ঠিকঠাক থাকলে তাই রানে ভরা উইকেটই থাকবে। তবে বাংলাদেশের পেস আক্রমণ তো ইদানিং আগুন ঝরায় প্রায় সব উইকেটেই!
