২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কম খেলা কোনো অজুহাত নয়

প্রায় ১০ বছর ভারতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। তবে এটাকে কোনো অজুহাত হিসেবে দেখতে রাজি নন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার বিশ্বাস, দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবেন তারা।

ক্রীড়া প্রতিবেদক

ধর্মাশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 06:13 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

সবচেয়ে কাছের প্রতিবেশী ভারতের মাটিতেই সবচেয়ে কম ম্যাচ খেলার সুযোগ মেলে বাংলাদেশের। এখনও ভারতে গিয়ে কোনো টেস্ট বা টি-টোয়েন্টি খেলা হয়নি তাদের। প্রায় ১০ বছর আগে এখানে শেষবার ওয়ানডে খেলার সুযোগ মিলেছিল দলটির। 
 
২০০৬ সালে সর্বশেষ ভারত সফরের দলটির মাত্র দুই জন আছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে। সেই দুই জন- অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া ভারতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই এবারের দলের আর কারোর।
 
২০০৬ সালের অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচের দুটিতে হেরে দলটি সেবার পারেনি বাছাই পর্বের বাধা পার হতে। 
 
১৯৯০-৯১ মৌসুমে এশিয়া কাপে খেলতে প্রথম ভারত সফর করে বাংলাদেশ। এরপর ১৯৯৮ সালে কেনিয়াকে নিয়ে তিন জাতি সিরিজ খেলতে আসে দলটি। ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কোনো দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ মিলেনি নিকটতম প্রতিবেশীর।
 
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের আবরণে হতে যাওয়া বাছাই পর্বের আগে মাশরাফি জানান, ভারতে কম খেলা তার কাছে কোনো অজুহাত নয়। 
 
“এটা ঠিক, আমরা ভারতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি। কিন্তু এটা কোনো অজুহাত হতে পারে না। দুয়েক জনের এখানে খেলার অভিজ্ঞতা আছে। আশা করি, আমরা দ্রুত মানিয়ে নিতে পারব। আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
 
আইপিএলে খেলার কারণে ভারতে নিয়মিতই খেলেন সাকিব। কিছু দিন আগে ভারত সফর করে গেছে বাংলাদেশ ‘এ’ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের কয়েকজন ছিলেন সেই দলে। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগানোর চেষ্টা করবে মাশরাফিবাহিনী।

পুরনো খবর:

একাগ্রতা ধরে রাখায় জোর মাশরাফির
মাঠে নামার আগেই মাশরাফিদের লড়াই
ডাচদের বিপক্ষে বাংলাদেশের প্রতিপক্ষ কন্ডিশনও
মাহমুদউল্লার চোট ও স্বস্তি
সবুজ নেটে অচেনা উইকেটের প্রস্তুতি
যথেষ্ট হোমওয়ার্কও হয়নি বাংলাদেশের
পিতার ছায়ায় মাশরাফিদের আগলে রেখেছেন হাথুরুসিংহে