বৃষ্টি নিয়ে দুর্ভাবনায় মাশরাফি
সোমবার ধর্মশালায় পৌঁছেই তুমুল বৃষ্টির মধ্যে পড়েছিল বাংলাদেশ দল। পর দিন অবশ্য আলো ঝলমলে পরিষ্কার দিনে অনুশীলন করেন তারা। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চান আরও কয়েকটা দিন দূরেই থাকুক বৃষ্টি।
নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতেই বৃষ্টি এড়াতে চান বাংলাদেশের অধিনায়ক।
“টি-টোয়েন্টি খেলা তো বেশিরভাগই মোমেন্টামের উপর নির্ভর করে। যেমন আমরা যে এশিয়া কাপের ফাইনাল খেললাম, তাতে আমরা এক রকম ফোকাস নিয়ে গেছি, দুই ঘণ্টা বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকাতে আরেক রকম হয়েছে।”
আগামী বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, বৃষ্টির জন্য খেলার দৈর্ঘ্য কমে এলে পুরো পরিকল্পনা নতুন করে সাজাতে হয়।
