২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজকে ছাড়াই হয়তো শুরু বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানের না খেলা এক রকম নিশ্চিত। শঙ্কা আছে তার প্রথম রাউন্ডে খেলা নিয়েই।

ক্রীড়া প্রতিবেদক

ধর্মশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 04:45 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

পুরনো খবর:

বৃষ্টি নিয়ে দুর্ভাবনায় মাশরাফি
ভারতে কম খেলা কোনো অজুহাত নয়
একাগ্রতা ধরে রাখায় জোর মাশরাফির
মাঠে নামার আগেই মাশরাফিদের লড়াই
ডাচদের বিপক্ষে বাংলাদেশের প্রতিপক্ষ কন্ডিশনও
মাহমুদউল্লার চোট ও স্বস্তি
সবুজ নেটে অচেনা উইকেটের প্রস্তুতি
যথেষ্ট হোমওয়ার্কও হয়নি বাংলাদেশের
পিতার ছায়ায় মাশরাফিদের আগলে রেখেছেন হাথুরুসিংহে

মঙ্গলবার ধর্মশালায় বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশনে দলের সঙ্গেই রানিং-স্ট্রেচিং করেছেন মুস্তাফিজ। কিন্তু নেট সেশন শুরু হতেই খানিকটা দলছুট এই বাঁহাতি পেসার। ঘণ্টা দুয়েকের নেট সেশনে দলের অন্যরা যখন ঘাম ঝরালেন ব্যাট-বলে, মুস্তাফিজ তখন এক পাশে ছিলেন ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে। পুরো সময়টাই নানা ফিটনেস ড্রিল করে গেলেন ফিজিওর হাতে নির্দেশনা মত।

গত কয়েক দিন ধরে পুনর্বাসন প্রক্রিয়া চলছে মুস্তাফিজের। চলবে খুব সম্ভবত আরও কিছু দিন। যে ‘সাইড স্ট্রেইন’ নিয়ে এশিয়া কাপের মাঝপথে ছিটকে গিয়েছিলেন তরুণ পেসার, সেটি তাকে বাইরে রাখছে বিশ্বকাপের শুরুতেও। অবস্থার অতি নাটকীয় উন্নতি না হলে নেদারল্যান্ডসের বিপক্ষে মুস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ।

আনুষ্ঠানিকভাবে অবশ্য এই ঘোষণা দেওয়া হয়নি। তবে দলের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সেরে উঠতে আরও ৭ থেকে ১০ দিনও লেগে যেতে পারে মুস্তাফিজের। ভাগ্য খারাপ হলে, আরও দিন দুয়েক বেশি। প্রথম রাউন্ডের সব ম্যাচেই হয়ত সেরা বোলারকে ছাড়া মাঠে নামতে হবে দলকে।

কৌশলগত কারণেই হয়ত সংবাদ সম্মেলনে মুস্তাফিজের অবস্থা নিয়ে রাখঢাক রেখে উত্তর দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ধমর্শালায় ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে কৌতুহলটা রেখে দিলেন অধিনায়ক।

“মুস্তাফিজের চোট আছে, এটা তো পরিষ্কারই। ফিজিওর সঙ্গে বসতে হবে আমাদের। ফিজিও তাকে দেখছে। এই মুহূর্তে বলতে পারছি না।”

অধিনায়ক যেটা বলতে পারছে না, সেটা বলে দিয়েছে দলের অনুশীলনের নানা চিত্রই। ফিটনেস ড্রিলেই সময় কাটিয়েছেন মুস্তাফিজ, বল করেননি নেটে। তবে বল হাতে বোলিং রান আপে দৌড়েছেন কিছুক্ষণ।

অনুশীলন শেষে, সবাই যখন কিটব্যাগ গুছিয়ে ফিরছেন ড্রেসিং রুমে, মুস্তাফিজ এগিয়ে গিয়ে কুড়িয়ে নিলেন একটি বল। ভঙ্গি করলেন বোলিং করার। দীর্ঘায়িত হচ্ছে তার অপেক্ষা, অপেক্ষায় বাংলাদেশও। আপাতত দলের মূল অস্ত্রকে ছাড়াই চলছে রণপরিকল্পনা।