‘মুস্তাফিজ-আল আমিন থাকলে অন্যরকম হতে পারত’
মাশরাফি বিন মুর্তজার বিশ্বাস, শেষ দুই ম্যাচের দলে মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন থাকলে ফল অন্যরকম হতে পারত। তবে দুজনকে বিশ্রাম দেওয়াটাও যে যৌক্তিক, সেটাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ ও আল আমিন। তবে শেষ দুই ম্যাচের দলে দুই পেসারকে না রেখে তাদের বিশ্রাম দেওয়া হয়। এই দুই ম্যাচেই ১৮৭ ও ১৮০ রানের বড় স্কোর গড়ে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে।
শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে মাশরাফি স্বীকার করলেন, দলের সেরা দুই পেসার থাকলে সিরিজ ড্র নাও হতে পারত।
“মুস্তাফিজ সব মিলিয়েই বাংলাদেশের সেরা বোলার এখন। শুধু বাংলাদেশ কেন, বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা সে। আল আমিনও দারুণ ফর্মে আছে। ওরা দুজন থাকলে সিরিজের চিত্র হয়ত অন্যরকম হতে পারত।”
“ওদেরকে কেন বিশ্রাম দেওয়া হয়েছে, সেটাও মানে রাখতে হবে। ওদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে এজন্যই যেন ওরা আরও ভালোভাবে ফিট হয়ে আসুক শারীরিক ভাবে। আরও চনমনে হয়ে ফিরুক।”
