প্রথম ৩ ওভারেই হার
জিম্বাবুয়ের বিপক্ষে ১৮১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দিক হারায় বাংলাদেশ। প্রথম তিন ওভারেই বিদায় নেন স্বাগতিকদের চার ব্যাটসম্যান। চতুর্থ টি-টোয়েন্টিতে হারের জন্য এটাকেই বড় কারণ মনে করছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মাত্র ৯ বলের মধ্যে সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান ও সাকিব আল হাসানকে হারায় বাংলাদেশ। ১৭ রানে চার ব্যাটসম্যানের বিদায়ের ধাক্কা আর পুষিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ১৮ রানের হারের জন্য তাই বাজে শুরুকেই দায়ী করলেন মাশরাফি।
“১৮১ রান তাড়া করতে গেলে প্রথম তিন ওভারে চার উইকেট পড়ে গেলে সম্ভাবনা কমে যায়। তারপরও ইমরুল-রিয়াদ খুব ভালো খেলেছিল।”
ইমরুল কায়েসের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের ৩৬ রানের জুটি আশা বাঁচিয়ে রাখে বাংলাদেশের। ছক্কা হাঁকাতে গিয়ে ইমরুল ফিরে গেলে আবার চাপে পড়ে স্বাগতিকরা। অধিনায়ক মনে করেন, ইমরুল আর কিছুক্ষণ থাকলে চিত্রটা ভিন্নও হতে পারত।
“ইমরুল আউট হওয়ায় আবার পেছনে পড়ে যাই। তারপরও জুটি হয়েছে। তবে প্রথমেই চার উইকেট পড়ে যাওয়ায় ব্যাকফুটে চলে গেছি আমরা।”
ইমরুল ফেরার পর ম্যাচে নিজেদের সেরা জুটি পায় বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ-নুরুল হাসানের ৫৭ রানের সেই জুটিও জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না।
