পরীক্ষা-নিরীক্ষাকে দায় দিচ্ছেন না মাশরাফি
জিম্বাবুয়ের কাছে টানা দুই ম্যাচ হারের জন্য পরীক্ষা-নিরীক্ষাকে দায় দিচ্ছেন না মাশরাফি বিন মুর্তজা।
জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য ছিল পরীক্ষা-নিরীক্ষার। এই সিরিজে ১৮ জন খেলিয়ে কোনো টুর্নামেন্ট বা সিরিজে সর্বোচ্চ ক্রিকেটার খেলানোর নিজেদেরই রেকর্ড ভাঙে তারা।
প্রথম ম্যাচ থেকেই শুরু হয় মাশরাফিদের পরীক্ষা-নিরীক্ষা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞদের ব্যাটিংয়ে অর্ডারে নিচে নামিয়ে আনা হয়। তিন নম্বরে উঠিয়ে পুরো সিরিজে খেলানো হয় সাব্বির রহমানকে।
শেষ ম্যাচ বাদ দিলে সিরিজে বাংলাদেশের ব্যাটিংকে নেতৃত্ব দিয়েছেন সাব্বির। বড় মঞ্চে এই সাব্বিরকে দেখতে চেয়েছেন অধিনায়ক মাশরাফি।
সিরিজে অভিষেক হয় ছয় ক্রিকেটার শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান, মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী ও আবু হায়দারের। মুস্তাফিজুর রহমান-আল আমিন হোসেনদের বিশ্রাম দিয়ে পরীক্ষা করে দেখা হয় নতুন চেহারার বোলিং লাইন আপকে।
বিপিএল মুগ্ধতা ছড়ানো হায়দার খেলেন শেষ দুই ম্যাচ। নিজের সামর্থ্য অনুযায়ী বল করতে পারেননি এই তরুণ। তবে প্রথম সিরিজ বলে এই বাঁহাতি পেসারের পারফরম্যান্সকে খারাপ বলছেন না মাশরাফি।
এক ম্যাচ খেলেই বসিয়ে দেওয়া হয় শহীদ, মুক্তারকে, মোসাদ্দেককে।
চার ম্যাচেই উইকেটরক্ষক হিসেবে খেলেছেন নুরুল। ব্যাটিংয়ে খুব ভালো না করলেও কিপিংয়ে নিজের সামর্থ্যের প্রমাণ রাখেন তিনি।
প্রথম দুই ম্যাচে খেলে দল থেকে বাদ পড়েন অফ স্পিন অলরাউন্ডার শুভাগত।
দলে খেলোয়াড়ের আশা-যাওয়া বা ব্যাটিং অর্ডারের পরিবর্তনের পরীক্ষা-নিরীক্ষাকে হারের জন্য দায় দিচ্ছেন না মাশরাফি, “পরীক্ষা-নিরীক্ষা যাই থাকুক, দিন শেষে আজ ম্যাচ জেতাই ছিল উদ্দেশ্য। শেষ দুটি ম্যাচ আমরা ভালো বোলিং করতে পারিনি। ব্যাটিংয়ে কিছু জায়গায় ভালো করেছি। তবে ভারসামূপূর্ণ ব্যাটিংও আমরা দাঁড় করাতে পারিনি।”
