২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সম্পর্কে ধারণা মিলেছে

জিম্বাবুয়ে সিরিজ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সম্পর্কে ধারণা পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 09:46 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

টি-টোয়েন্টির বড় দুই টুর্নামেন্ট এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হাতছাড়া করেনি বাংলাদেশ।
 
চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাশরাফিরা খেলান ১৮ জন খেলোয়াড়কে। অভিষেক হয় ৬ ক্রিকেটারের। 
 
শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, কার সামর্থ্য কেমন এই সিরিজে তার একটা ধারণা পেয়েছেন তারা। 
 
“আপনি যদি বলেন, ১৫ জনের স্কোয়াড দিতে হবে, সেখানে ৮-৯ জন তো আগে থেকেই নিশ্চিত ছিল। কিছু জায়গা দেখার দরকার ছিল। সেখানে কিছুটা তো আমরা পেয়েছিই।”
 
আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশেই শুরু হবে এশিয়া কাপ। ৮ মার্চ ভারতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে দুই টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বিসিবি।  
 
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপের দল নিয়ে ভাবতে চান মাশরাফি, “এশিয়া কাপের আগে যে চ্যালেঞ্জ থাকবে, সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কারণ টি-টোয়েন্টিতে ১-২ ওভারেই খেলা বদলে যেতে পারে। ওই মানসিকতা আমাদের রাখতে হবে।”