২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের আরেকটি ‘প্রথম’

বাংলাদেশ ক্রিকেটের অনেকগুলো প্রথমের সঙ্গে জুড়ে আছে সাকিব আল হাসানের নাম। তালিকায় আরও একটি প্রথমের সংযুক্তি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিলেন ৫০ উইকেট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 04:31 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

আরেকটি জায়গাতে তিনি বিশ্ব ক্রিকেটেই প্রথম। টি-টোয়েন্টিতে উইকেটের ‘ফিফটি’ করা প্রথম বাঁহাতি স্পিনার!

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪০০তম উইকেট পেয়েছিলেন সাকিব। ৪০০ উইকেট ও ৮ হাজার রানের ডাবলও পূর্ণ করেছিলেন সেদিন। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে স্পর্শ করলেন নতুন মাইলফলক।

৪৯ উইকেট নিয়ে এই ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব। ৫০তম উইকেটটি অবশ্য সহজে আসেনি। প্রথম ৩ ওভারে পিটুনি হজম করেছেন বেশ, রান গুণেছিলেন ৩১। নিজের শেষ ওভারের দ্বিতীয় বলে অবশেষে সেই কাঙ্ক্ষিত উইকেট। ডাউন দা উইকেট এসেছিলেন সিকান্দার রাজা, খেয়াল করে একটু টেনে বাইরে বল করলেন সাকিব। স্টাম্পিং করতে সময় নেননি নুরুল হাসান। তরুণ উইকেটকিপারের এটি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডিসমিসাল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের ‘ফিফটি’ করা দশম বোলার সাকিব। উইকেট শিকারের শীর্ষে লেগ স্পিনার শহিদ আফ্রিদি। ৯০ ম্যাচে ৯১ উইকেট পাকিস্তানি অধিনায়কের। ৮৫ উইকেট নিয়ে যৌথভাবে দুইয়ে আফ্রিদির দুই স্বদেশি সাঈদ আজমল ও উমর গুল।

বাংলাদেশের হয়ে সাকিবের পরে সর্বোচ্চ উইকেট আব্দুর রাজ্জাকের, ৪৪টি। এই প্রতিবেদন লেখার সময় ৩০ উইকেট নিয়ে তিনে মাশরাফি বিন মুর্তজা।

১৪৭ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেটও সাকিবের। ওয়ানডেতেও সর্বোচ্চ উইকেট শিকারি হতে চাই আর মাত্র একটি উইকেট। সামনের পথচলায় সাকিবের লড়াইটা মূলত তাই নিজেকে ছাড়িয়ে যাওয়ার।

পুরনো খবর:

চ্যালেঞ্জ নিলেন মাশরাফি
পরীক্ষা-নিরীক্ষাকে দায় দিচ্ছেন না মাশরাফি
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সম্পর্কে ধারণা মিলেছে
প্রথম ৩ ওভারেই হার
‘মুস্তাফিজ-আল আমিন থাকলে অন্যরকম হতে পারত’
‘বাংলাদেশের হয়ে খেলতে নেমে হারা হতাশাজনক’
‘ওভার এক্সাইটেড’ ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা
‘শেষ দুই ম্যাচে বোলিং ভালো হয়নি’