‘শেষ দুই ম্যাচে বোলিং ভালো হয়নি’
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে হারের জন্য বাজে বোলিংকেই দায়ী করেছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়ক একই সঙ্গে মনে করছেন, তাদের ব্যাটিংয়েও ভারসাম্য ছিল না।
তৃতীয় টি-টোয়েন্টিতে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রানে হারে বাংলাদেশ। শুক্রবার ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করে এক ওভার বাকি থাকতে ১৬২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
তৃতীয় ম্যাচে পাঁচটি পরিবর্তন ছিল বাংলাদেশের। তামিম ইকবালের জায়গায় এসেছিল ইমরুল কায়েস। এছাড়া অভিষেক হয়েছিল মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন, আবুল হাসান ও মুক্তার আলীর।
চতুর্থ ম্যাচেও তিনটি পরিবর্তন আনে স্বাগতিকরা। দলে ফিরেন তামিম। সিরিজে প্রথমবারের মতো খেলতে নামেন আরাফাত সানি ও তাসকিন আহমেদ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১৮ রানে হারের পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “শেষ দুটি ম্যাচ আমরা ভালো বোলিং করতে পারিনি। ব্যাটিংয়ে কিছু জায়গায় ভালো করেছি। তবে ভারসামূপূর্ণ ব্যাটিংও আমরা দাঁড় করাতে পারিনি।”
